বেলা শেষে চারু চত্বরে
সন্ধ্যার পর নিয়ন আলোয় পরিচিত ক্যাম্পাসটিকে যেন নতুন করে চেনা, তখনো শিক্ষার্থীদের পদচারণে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। কলাভবনের খাবারের দোকানগুলোতেও ভিড় লেগে আছে। সন্ধ্যার পর অফিস শেষে আড্ডা দেওয়ার জন্য পুরোনো আস্তানায় চলে এসেছেন প্রাক্তন শিক্ষার্থীরাও।পুরো বিশ্ববিদ্যালয়ের চত্বরে যখন গল্প-গুজব, আড্ডা-আলাপচারিতা, তখনো এ বিশ্ববিদ্যালয়েরই একদল ছাত্রছাত্রী নিভৃতে নিজ মনে রং-তুলি হাতে চর্চা চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, ঢাবির চারুকলা অনুষদের কাজপাগল শিক্ষার্থীদের কথাই বলছি।চারুকলা অনুষদের প্রধান ফটক পেরোতেই চোখে পড়ে চারপাশের চিরপরিচিত সবুজ ঘাসে ঘেরা মুক্ত এলাকা। মাঝখানে জয়নুল গ্যালারি। পেছনে খালি বারান্দা। এই খোলা বারান্দাটির এক কোণে বসে আছেন একদল ছেলেমেয়ে। সবার হাতেই ছবি আঁকার বড়সড় এক খাতা এবং সেই সঙ্গে রং-তুলি, নয়তো চারকোল বা পেনসিল। আর দেয়ালে হেলান দিয়ে বসে আছেন সাদা প্যান্ট, সাদা ফতুয়া পরনে, গলায় রংচঙে গামছা ঝোলানো মাঝবয়সী একজন মানুষ। আর তাঁর মাথায় কাঁচা-পাকা চুল। হঠাৎ দেখাতেই লোকটির চেহারা বেশ পরিচিত মনে হলো। কারণ চারুকলার সামনের ফুটপাতে তাঁর হরেক জিনিসের ব্যবসা। বেশ পরিচিত মানুষ তিনি। এখানে সবার কাছে তিনি শাহাদাৎ মামা নামেই পরিচিত। মনোযোগী শিক্ষার্থীরা সবাই তাঁর ছবি আঁকছেন। অবিকল অনুকরণের প্রতিভা দেখে চমকে উঠতে হয়। এখানেই দেখা মেলে চারুকলার শিক্ষার্থী টিটু, চঞ্চল, আবীর, অন্তু, রাজীব, সুরভী, ইজুদের। তাঁরা সবাই এ অনুষদের বিভিন্ন বিভাগে বিভিন্ন বর্ষে পড়ছেন। কাজের ফাঁকে ফাঁকেই আড্ডা জমে ওঠে। ‘সারা দিন একাধারে ছবি এঁকে ক্লান্ত হও না?’ প্রশ্নের উত্তরে বেশ গর্বের সঙ্গে সুরভী বলতে থাকেন, ‘আমাদের পড়ালেখা পদ্ধতিতে নেই গৎবাঁধা নিয়মের বেড়াজাল। তাই কখনো ক্লান্তি আসে না। বরং কাজের মাঝেই আনন্দ খুঁজে পাই সবাই।’ কাজের মধ্যেই সুর ফোটে আবীরের গলায়। সুর-ছন্দে জেগে ওঠে চারপাশ। অন্যরাও ডানে-বাঁয়ে মাথা দুলিয়ে তাল দেন তাঁর গানের সঙ্গে।হঠাৎ বিরতি। এ বিরতির নাম বিশ্রাম বিরতি; মডেলকে আধাঘণ্টা পর ১০ মিনিটের জন্য বিশ্রামের সুযোগ দেওয়া হয়। বিশ্রামের বিরতিতে তিনি যেন সমালোচকের ভূমিকা নিয়ে সবার কাজগুলো ঘুরে দেখছেন। রাজীবের দাবি, সবচেয়ে সুন্দর ছবিটি এঁকেছেন তিনি। অন্তু উঁচুস্বরে রাজীবের দাবির প্রতিবাদ করলেন। ছবিটিতে তিনি নাকি শাহাদাৎ মামাকে বেশ মোটা বানিয়ে দিয়েছেন। শাহাদাৎ মামাও নিজেকে এতটা মোটা মেনে নিতে রাজি নন। অন্তুর দাবি, মামার সবচেয়ে সুন্দর পোর্ট্রেট করেছেন তিনি। কারণ তাঁর আঁকা ছবিটি শাহাদাৎ মামার চেহারাটা নাকি চে গুয়েভারার মতো দেখাচ্ছে। শাহাদাৎ মামাও এ দাবিকে সমর্থন জানালেন। চে গুয়েভারার সঙ্গে তাঁর চেহারার মিল খুঁজে পাওয়ায় বেশ খুশি তিনি!গল্পের ফাঁকেই একসময় সরোয়ার উঠে টাকা তুলতে শুরু করলেন। দুই ঘণ্টায় মডেলকে ১০০ টাকা দিতে হয়। জনপ্রতি চাঁদা তুলে এ অর্থের জোগান দেওয়া হয়। বিরতির মধ্যে সবাই ঘুরে ঘুরে একে অন্যের কাজ দেখছেন। আবার একে অন্যের কাজের সমালোচনাও করেন তাঁরা। কারও কাজে ভুল হলে ভুল শোধরানোর পরামর্শও দেন। সিনিয়র-জুনিয়র একসঙ্গে কাজ করার ফলে নতুন অনেক কিছু শেখা যায়। তবে আগে এমন সুযোগটি ছিল না। ছড়িয়ে-ছিটিয়ে যে যাঁর মতো ছবি এঁকে যেতেন।২০০৮ সাল থেকে নিয়মিতভাবে সবাই একসঙ্গে ছবি আঁকার সুযোগ পেয়েছেন। আর এই সুযোগটি করে দেওয়ার নেপথ্যে থাকা মানুষগুলোর মধ্যে মাসুম ভাইয়ের নামটি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সবাই। এ মানুষটির ভালোবাসার চেষ্টা ও উৎসাহে ছবি আঁকতে উৎসাহী ছাত্রছাত্রীরা এখন একটি দলে পরিণত হয়ে কাজ করতে পারছেন। চারুকলা অনুষদের নবীন শিক্ষক সাব্বির আলরাজি মিতুল ও শিক্ষার্থীদের এ উদ্যোগটির প্রশংসা করেন। তিনি বেশ আফসোস করে বলেন, ‘আমাদের সময় এমন সুযোগ ছিল না। ক্লাস শেষে কাজ করার সুযোগ তৈরি করতে বেশ কষ্ট করতে হতো তখন। হলে কখনো হয়তো তিন-চারজন বন্ধু একসঙ্গে বসে চর্চা করতাম? একে অন্যের ছবি আঁকতাম, কিন্তু বর্তমান শিক্ষার্থীরা পাচ্ছেন মডেলকে দেখে ছবি আঁকার অভিজ্ঞতা। তবে এ অভিজ্ঞতায় শতভাগই যে মধুর তা নয়, কিছুটা অম্ল মিশে আছে। চঞ্চল করুণ স্বরে বলে ওঠেন, ‘আলোর সুব্যবস্থা নেই এখানে। দুই দিন পরপরই লাইট কেটে যায়। আবার টাকা তুলে নতুন লাইট কেনা হয়, যে জায়গাটায় বসে সবাই কাজ করি, তা কাজ করার জন্য খুব একটা উপযুক্ত জায়গা নয়। ক্লাসের পর কাজ করার জন্য একটা স্টুডিও থাকা বেশ জরুরি।’শুধু চঞ্চলই নন, কর্তৃপক্ষের কাছে এমন চাওয়া চারুকলার প্রতিটি নিয়মিত আঁকিয়ের। ক্লাসের সময় শেষ হওয়ার পরও শ্রেণীকক্ষের বাইরে কাজ করার সুযোগ পাওয়া যায় এমন একটি স্টুডিও প্রয়োজন এ অনুষদের মধ্যেই, যেখানে ছবি আঁকার অনুকূল পরিবেশ থাকবে। আলাপচারিতায় কেটে গেল অনেক সময়। কোথায় পেলেন তাঁরা এত কর্মোদ্যম আর কাজের প্রতি এত ভালোবাসা, ভাবতে ভাবতে নেমে এলাম রাজপথে। আর তাঁরা নিজ ভুবনে আবার মেতে ওঠেন কাজের নেশায়।