বেলা শেষের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর থেকে পড়ার পাশাপাশি খুব মজা করেছি আমরা। আজ কলেজ-জীবনের শেষ দিনেও বেশ আনন্দেই কাটছে। সবাই মিলে হইহুল্লোড়-আড্ডায় সময় যে কোনদিকে যাচ্ছে টের পাচ্ছি না।’ উচ্ছ্বসিত কণ্ঠে নিজের অনুভূতি জানালেন এমবিবিএস ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মফিজুর রহমান। চট্টগ্রাম মেডিকেল কলেজের ৪৯তম এমবিবিএস ও ১৮তম বিডিএস ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী উপলক্ষে ক্যাম্পাসে বসে প্রাণের মেলা। ১৭ ও ১৮ মে দুদিনের অনুষ্ঠানে মেতে ছিল সদ্য চিকিৎসক খেতাব পাওয়া এই শিক্ষার্থীরা। বর্ণিল এই অনুষ্ঠান আয়োজন করে ‘রেড কার্পেট ইভেন্টস’আয়োজন শুরু হয় বর্ণিল শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রা উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সেলিম মো. জাহাঙ্গীর। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি মুজিবুল হক খান। ঢাকঢোল নিয়ে নেচে গেয়ে শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেন। এরপর ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। এর মাধ্যমে শেষ হয় প্রথম দিনের আয়োজন। অনুষ্ঠানের দ্বিতীয় দিন রাত আটটায় শুরু হয় আয়োজনের মূল আকর্ষণ সাংস্কৃতিক পর্ব। মেডিকেলের ঐতিহ্য অনুযায়ী রাতভর চলে এই অনুষ্ঠান। প্রথমেই ছিল বিদায়ী শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতেই ‘একতারা তুই দেশের কথা’ গানটির সঙ্গে নাচ পরিবেশন করেন সুপর্ণা দাশ। এরপর শুভ্রজিৎ ভট্টাচার্য গেয়ে শোনান ‘বেঁচে বেঁচে থাকার গান’। বুলবুল আহমেদ ও সোহেল সুমন ‘চল সবাই’ গানের সঙ্গে নেচে মঞ্চ মাতান। এরপর একে একে চলে গান, নৃত্য ও ফ্যাশন শো। এদিকে পেরিয়ে যায় মধ্যরাত।অবশেষে রাত একটায় মঞ্চ মাতাতে আসে ব্যান্ড দল এলআরবি। মাইক্রোফোন হাতে নিয়েই এলআরবির দলনেতা আইয়ুব বাচ্চুর কণ্ঠে কথার খই। জানালেন জীবনের প্রথম অর্থের বিনিময়ে গান গেয়েছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের আয়োজনে। আর তাই দাওয়াত পেয়ে ছুটে এসেছেন আনন্দ আয়োজনে। ‘ক্ষণিকের জন্য’ গানটি বাচ্চু শুরু করেন পরিবেশনা। এরপর একে একে গেয়ে শোনান ‘সেই তুমি’, ‘উড়াল দেব আকাশে’, ‘মন চাইলে মন পাবে’, ‘হাসতে দেখো’, ‘গতকাল রাতে’ প্রভৃতি গান। এভাবেই গানে গানে হয় ভোর। অবশেষে সকালের সোনালি রোদের আলোয় ভাঙে মিলনমেলা।