বেলাভূমিতে সাগরের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটনরূপসী কক্সবাজারের রূপের বর্ণনা করে শেষ করা যাবে না। এখানে আছে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত। পাহাড়, ঝরনা, নদী আর সাগরদ্বীপ মন ভোলাতে আপনার। বাইপাস সড়ক ধরে কক্সবাজার শহরে ঢোকার আগেই শোনা যাবে সাগরের গর্জন। সাগরের উত্তাল ঢেউয়ে নেচে উঠবে মন। বেলাভূমিতে বসে শোনা যাবে সাগরের গান। সৈকতের কাছে কলাতলী চত্বরে পর্যটকদের স্বাগত জানাবে হাঙর, তিমি ও ডলফিন। সাগরের প্রাণীকে ডাঙ্গায় ভাসতে দেখে অবাক হওয়ার জো নেই। এটা হলো ‘জীববৈচিত্র্য’ অথবা ‘জ’ ভাস্কর্য। তারপর পাহাড় কোলে সৈকতের চিকচিক বালুতে খালি পায়ে হাঁটা, তাড়া করে রাজকাঁকড়া ধরার চেষ্টা, গভীর সাগর থেকে জেলেদের ফিরে আসার দৃশ্য, সাগরে নেমে শীতল জলে শরীর ভেজানো আপনার ভ্রমণকে সার্থক করে তুলবে। জ ভাস্কর্য পেছনে ফেলে সোজা সামনে গেলে সৈকতের সার্ফিং পয়েন্ট। এখানে ছেলেমেয়েরা বোর্ড নিয়ে জলক্রীড়ায় (সার্ফিং) মেতে ওঠেন। সৈকতলাগোয়া কয়েকটি কাঠের রেস্তোরাঁয় বসে সাগরের বিচিত্র রূপ দেখা যায়। জোয়ারের সময় রেস্তোরাঁয় বসে আড্ডা দিলে মনে হবে-আপনি সাগরের ওপর বসে আছেন। সময় থাকলে ঝাউবাগানে মনের মানুষকে নিয়ে একটি ছবি তুলে রাখতে পারেন। রাখাইনদের মন্দির, ক্যাং, জাদি, রাখাইন ও ঝিনুক মার্কেট ঘুরে আসা যায়। স্পিডবোট ও রেসকিউ বোট নিয়ে মুহূর্তে ঘুরে আসা যায় গভীর সমুদ্র থেকে। এ ক্ষেত্রে লাইফ জ্যাকেট পরে নেওয়া ভালো। তবে ভ্রমণের সময় ছিনতাইকারী ও রিকশাচালক থেকে সাবধান থাকতে হবে। দরদাম করে না উঠলে বেশি টাকা হাতিয়ে নিতে পারে রিকশাচালক। রিকশাচালকের কথায় হোটেলে সিট বুকিং করতে যাবেন না। এতে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে। পাহাড় ঝরনার হিমছড়ি কক্সবাজার সমুদ্রসৈকত থেকে দক্ষিণে মেরিন ড্রাইভ সড়ক ধরে ১০ কিলোমিটার গেলে পাহাড়ঘেরা অপরূপ হিমছড়ি। বনভোজন ও নাটক-চলচ্চিত্রের চিত্রধারণের জন্য চমত্কার জায়গা। হিমছড়ির পাহাড়চূড়ায় বসে নিচের গ্রাম ও সমুদ্র দেখা যাবে। পাহাড়চূড়া ও ঝরনা দেখতে হলে ২০ টাকার টিকিট কাটতে হয়। রাতও কাটানো যায় এখানে। রয়েছে জেলা পরিষদ ও বন বিভাগের দুটি বাংলো। ভাড়া ৫০০ থেকে এক হাজার ৫০০ টাকা। হিমছড়ির এ পাহাড় নিয়ে রয়েছে কিংবদন্তি। পাহাড়টির আদিনাম ‘পরিমুরা’। কথিত আছে, বানাছা পরির কন্যা ‘হিমপরি’ তাঁর সখিদের নিয়ে সমুদ্রস্নান সেরে এ পাহাড়চূড়ায় আড্ডা দিতেন। হিমপরির নামানুসারে জায়গাটির নাম হয় ‘হিমছড়ি’। হিমছড়ির একটু আগে আছে ‘দরিয়ানগর’। পাহাড়চূড়ায় রয়েছে একটি বাংলো। পুরো দরিয়ানগর ঘুরেফিরে দেখতে সময় লাগে প্রায় দেড় ঘণ্টা।পাথুরে সৈকত ইনানী হিমছড়ি থেকে ২০ কিলোমিটার দক্ষিণে পাথুরে সৈকত ইনানী। পাথরের স্তূপের কারণে সৈকতের নামকরণ হয় পাথুরে সৈকত। উঁচুনিচু পাহাড় পেরিয়ে ইনানী সৈকতে যেতে পর্যটকেরা আনন্দ পান। কানারাজার গুহা ইনানী সৈকতের পাশে পাটুয়ারটেক পাহাড়ের নিচে রয়েছে ৩০০ বছরের পুরোনো একটি গুহা। এ গুহার নাম ‘কানা রাজার গুহা’। রাজার এক চোখ কানা ছিল বলে কানারাজা। ইনানী সৈকতে আসা পর্যটকেরা ঢু মারেন এ গুহায়। পাঁচ বছর আগে আগ্রহী কয়েকজন যুবক এ গুহার ভেতর একটি কুকুর ঢুকিয়ে দিয়েছিলেন। পালাক্রমে সাত দিন পাহারা বসিয়েও কুকুরটির সন্ধান পাওয়া যায়নি। রহস্যঘেরা এ গুহার ভেতর কোনো মানুষ ঢুকেছেন—এমন নজির নেই। নাফ নদী, মাথিন কূপটেকনাফ থানায় আছে মগ জমিদার কন্যার স্মৃতিবিজড়িত ‘মাথিন কূপ’। মাথিনের সঙ্গে পুলিশ কর্মকর্তা ও সাহিত্যিক ধীরাজ ভট্টাচার্যের বেদনাময় প্রেমকাহিনির স্মারক এ কূপ। কক্সবাজারের সাবেক পুলিশ সুপার বনজ কুমার মজুমদার একটি বিশেষ প্রকল্পের মাধ্যমে কূপটির উন্নয়ন করেন। দেড় কিলোমিটার দূরে টেকনাফ সমুদ্রসৈকত ঘুরে আসা যায়। নাফ নদীর পাড়ে নেটং (দেবতার পাহাড়) পাহাড়ে রয়েছে ঐতিহাসিক ব্রিটিশ বাংকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশ সেনারা এ বাংকারে বসে মিয়ানমারে থাকা জাপান সেনাদের নজরদারি করতেন এবং কামানের গোলা ছুড়ে মারতেন। আরও দেখা যাবে নাফ নদীর জালিয়ার দ্বীপ, অ্যালিফ্যান্ট পয়েন্ট, মিয়ানমার সীমান্ত, বৌদ্ধমন্দির, নেচারপার্ক, হাতি খেদা ও কুতুম গুহা। সেন্ট মার্টিন প্রবালদ্বীপ সেন্ট মার্টিন টেকনাফ থেকে ৩৪ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের মাঝখানে দাঁড়িয়ে আছে। সেন্ট মার্টিনে ৩০টির বেশি হোটেল মোটেল রয়েছে। জাহাজ চলাচল এখনো চালু না হওয়ায় যেতে হবে দেশে তৈরি ট্রলারে করে। সকালে গিয়ে বিকেলে টেকনাফে ফিরে আসা যায়। বৌদ্ধমন্দিরের সমাহার চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাওয়ার পথে পড়ে রামু। সড়কের দুপাশে সুদৃশ্য সারি সারি রাবারবাগান। এখানে আছে বৌদ্ধদের ক্যাং, রাখাইনদের মন্দির, রামকোট বনাশ্রম, জগেজ্যাতি শিশুসদন, আইসোলেটেড নারকেলবাগান, আধারমানিক ও সম্রাট শাজ সুজা সড়ক। আদিনাথ মন্দির, রাখাইন পল্লি কক্সবাজার থেকে সাগরদ্বীপ মহেশখালীর দূরত্ব ১৫ কিলোমিটার। যেতে হয় সমুদ্র পাড়ি দিয়ে স্পিডবোট ও ট্রলারে। সদরের উপকণ্ঠে মৈনাক পাহাড়ের চূড়ায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় প্রতিষ্ঠান আদিনাথ মন্দির। এখান থেকে পুরো মহেশখালী দেখা যায়। পাহাড়ের নিচে রাখাইন পল্লি। বিচিত্র তাঁদের জীবন। দেখার লোভ সামলানো কঠিন হবে। রাজকাঁকড়ার দেশ সোনাদিয়া মহেশখালীর বিচ্ছিন্ন দ্বীপ সোনাদিয়া। সমুদ্রপথে স্পিডবোটে যেতে হয়। সময় লাগে ১০ মিনিট। থাকা ও খাওয়ার ব্যবস্থা নেই। সোনাদিয়া সৈকতে রাজকাঁকড়ার স্বর্গরাজ্য। প্যাকেজ ট্যুর পর্যটকদের জন্য কক্সবাজার শহরে ৪০টির বেশি প্রতিষ্ঠান নানা গুচ্ছ (প্যাকেজ) ঘোষণা করেছে। বে অব বেঙ্গল গ্রুপ টুরিজমের পরিচালক তোফায়েল আহমদ জানান, ঈদের ছুটিতে কক্সবাজারে অন্তত এক লাখ পর্যটকের সমাগম ঘটবে। এ পর্যন্ত কয়েক হাজার পর্যটক অগ্রিম বুকিং দিয়েছেন। কক্সবাজার থেকে মাইক্রোবাসে করে হিমছড়ি-ইনানী ভ্রমণ জনপ্রতি ৬০০ টাকা, স্পিডবোটে সমুদ্রপথে মহেশখালী, আদিনাথ মন্দির ৪৫০ টাকা, স্পিডবোটে সোনাদিয়া ৫৫০ টাকা, মাইক্রোবাসে ডুলাহাজারা সাফারি পার্ক ৩৫০ টাকা, কক্সবাজার থেকে টেকনাফ ৪৫০ টাকা, রামু এবং কক্সবাজার থেকে নাজিরারটেক শুঁটকিপল্লি ৪০০ টাকা। ভ্রমণের সময় দুপুরের খাবার ও বিকেলে নাশতা দেওয়া হবে। তোফায়েল আহমদ জানান, বৈরী পরিবেশে সাগর উত্তাল থাকায় টেকনাফ থেকে সেন্ট মার্টিন পথে এখনো জাহাজ চলাচল শুরু হয়নি। তাই আমরা ঝুঁকি নিয়ে পর্যটকদের সেন্ট মার্টিন ঠেলে দিচ্ছি না। সেন্ট মার্টিনের কোনো গুচ্ছও রাখা হয়নি। অন্যান্য বছরের ন্যায় এবারও আগামী ১ নভেম্বর থেকে এ পথে জাহাজ চলাচল শুরু হওয়ার কথা।