ঈদের কেনাকাটা বলতে হাবিবের তেমন কিছু নেই। সাদামাটা পোশাকেই স্বচ্ছন্দ বোধ করেন তিনি।‘মা গিয়ে পাঞ্জাবি কিনে এনেছেন। সেটাই হবে ঈদের সকালবেলার পোশাক।’ বলছিলেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। অবশ্য দেশের বাইরে গেলে কেনাকাটা করেন তিনি। কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্র থেকে ফিরে এলেন। ঘুরতে ঘুরতে যে শার্ট, প্যান্ট বা টি-শার্টগুলো পছন্দ হয়েছে, সেগুলো কিনেছেন তিনি। সেখান থেকেই ঈদের অন্যান্য পোশাক পরে নেবেন।সকালবেলা পাঞ্জাবি-পাজামা পরে নামাজ শেষ করে বাসায় চলে আসবেন। বন্ধুবান্ধব আর আত্মীয়রা বাসায় এলে আপ্যায়ন করবেন। এই বেলায় সাধারণত হাবিব বাসা থেকে বের হন না।বন্ধুবান্ধবদের বিদায় করে দুপুরের দিকে হাবিব পোশাক পরিবর্তন করবেন। এ ক্ষেত্রে তাঁর পছন্দ স্কিন টাইট খয়েরি রঙের জিনস ও টি-শার্ট। ‘এ ধরনের পোশাক পরতে খুবই ভালো লাগে। বসে বসে একটু টিভি দেখব। তারপর খাওয়াদাওয়া শেষ করে ঘুম দেব।’ বললেন তিনি।বিকেলের দিকে হাবিব ঘুম থেকে উঠে প্রিয় ল্যাপটপটা নিয়ে বসবেন। আবার পোশাক পরিবর্তন। গাঢ় রঙের জিনসের সঙ্গে এবারে ক্যাজুয়াল টি-শার্ট। তারপর ভক্তদের সঙ্গে অনলাইনে চ্যাট এবং ফেসবুকে সবার সঙ্গে যোগাযোগ শুরু হবে। ঈদের শুভেচ্ছা বিনিময় করতে করতেই বিকেলটা কাটিয়ে দিতে চান। রাতে বাসায় অতিথি আসতে পারেন অথবা দাওয়াত থাকতে পারে। এবারে কিন্তু হাবিব ফরমাল পোশাক পরবেন। এ ক্ষেত্রে তিনি ফুলহাতা শার্ট, কালো প্যান্ট ও কালো রঙের জুতাকেই প্রাধান্য দেবেন। আর এই লুকের সঙ্গে মানানসই ঘড়ি ও বেল্ট পরবেন।‘সাধারণত আমি এ ধরনের পোশাক পরি না। তবে ঈদের দিনে যদি কোনো দাওয়াতে যাই, তখন এ ধরনের ফ্যাশনই আমার পছন্দ।’