বেলীর কণ্ঠে সুরের সুবাস
>জাতীয় অঙ্গনে নানা ক্ষেত্রে দাপিয়ে বেড়াচ্ছেন চট্টগ্রামের তরুণ–তরুণীরা। এই তরুণ তুর্কিদের পাঠকের সামনে আবারও নিয়ে আসছে আমার চট্টগ্রাম। পড়ুন সংগীতশিল্পী আফরোজা বেলীর গল্প

সময়টা সেপ্টেম্বরের মাঝামাঝি। অস্ট্রেলিয়ার সিডনির মেরিনা মিলনায়তনে বাংলা ভাষাভাষীদের মিলনমেলা। তাঁরা এসেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে। শুনবেন বাংলা গান। আয়োজনের সবকিছুতেও ছিল বাঙালিয়ানা। তবে সব ছাপিয়ে মুগ্ধতার ষোলোকলা পূর্ণ করে ‘কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে’। গানের সঙ্গে গলা মেলান দর্শকেরা। সেকি উচ্ছ্বাস তাঁদের। ভিনদেশের মাটিতে চট্টগ্রামের আঞ্চলিক গানে মঞ্চ জয়। আবার একই মঞ্চে ‘আমার ভাবের ঘরে আগুন দিল কে রে’ কিংবা ‘বাইন দুয়ারদি ন আইস্য তুঁই’। ভিনদেশের মাটিতে মন ভেজানো কণ্ঠটি যেন উসকে দিল পুরোনো আবেগ। মঞ্চের সেই শিল্পী আফরোজা বেলী। যখন যেখানেই অনুষ্ঠান অন্য গানের সঙ্গে চট্টগ্রামের আঞ্চলিক গান করবেনই। শেকড়ের কথা ভোলেন না।
২০১২ সালে চ্যানেল নাইনের সংগীত রিয়েলিটি শো পাওয়ার ভয়েজের মাধ্যমে পরিচিত পাওয়া চট্টগ্রামের মেয়েটি পুরোদমে ব্যস্ত এখন গান নিয়ে। সিনেমার গানে প্লেব্যাক করছেন, এর মধ্যে সেই সংখ্যা ছাড়িয়েছে পঞ্চাশের বেশি। কাজ চলছে নিজের দ্বিতীয় অ্যালবামের। নিয়মিত গান করছেন টেলিভিশন চ্যানেলে। সমানে মাতিয়ে চলেছেন মঞ্চ। আজ ঢাকায় তো কাল অন্য প্রান্তে। বায়না আসছে দেশের বাইরে থেকেও।
সম্প্রতি মুঠোফোনে কথা হয় বেলীর সঙ্গে। ব্যস্ততার কথা তুলতেই বেলীর কণ্ঠে উচ্ছ্বাস। বললেন, ‘এই ব্যস্ততা উপভোগ করছি। কাজের সময় তো এখনই। মৌলিক কিছু কাজ করারও চেষ্টা করছি। বড় ব্যাপার শ্রোতাদের সাড়া পাওয়া যাচ্ছে ভালো, যা আমাকে এগিয়ে দিচ্ছে।’
অবশ্য বেলীর গানে যে শ্রোতাদের মন বসছে তার প্রমাণ পাওয়া যায় সাম্প্রতিক সময়ের একটি গানেও। মাস তিনেক আগে ইউটিউবে প্রকাশিত (আপলোড) বেলী ও আসিফ আকবরের গাওয়া গান ‘মেঘলা মনে হলে খুঁজেছি তোকে রোদের আঁচলে’ এর মধ্যে সাত লাখ বারের বেশি দেখা হয়েছে। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত বেলী। বললেন, ‘কাজের স্পৃহা বাড়ানোর এটাই তো রসদ।’
এবার ফ্ল্যাশব্যাক। উঠে আসার গল্প। বেলী খোলেন স্মৃতির ঝাঁপি—গানের শুরু তৃতীয় শ্রেণিতে পড়ার সময়। টুকটাক গান করতে করতে কণ্ঠে শাণ দেওয়া চলছিল। বিদ্যালয়ের গণ্ডি পেরোনোর আগেই ভাইয়া (আলী আকবর সুমন) হাতে ধরিয়ে দেন ড্রামের কাঠি। ভাইয়ার সঙ্গে বাজাতে বাজাতে একসময় পোক্ত হয়ে যান ড্রামেও। এরপর গঠন করলেন ব্যান্ড দল ব্লু বার্ডস। এবার ঘরের চার দেয়াল ছেড়ে সোজা মঞ্চে। এরপরের গল্প শুধুই জয়ের।
বেলীর কাছে পাওয়ার ভয়েজ সংগীতজীবনের ‘টার্নিং পয়েন্ট’। বললেন, ‘নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল আগে থেকেই, পাওয়ার ভয়েজ সেই ভিত আরও শক্ত করে দিয়েছে। কারণ, সব ধরনের গান গাইতে হয়েছে প্রতিযোগিতায়।’
পোক্ত হয়েছে প্রেরণার জায়গাটিও। পাওয়ার ভয়েজের মহাগুরু প্রখ্যাত শিল্পী রুনা লায়লার একটি কথা বারবার বেলীর কানে বাজে—‘তুমি ভাইরসেটাইল শিল্পী।’ সেই কথা উঠতেই একটু যেন আবেগতাড়িত হলেন। বললেন, ‘তাঁর ভালোবাসা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে।’ বেলী জানান, ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীনের মতো হাজারো শ্রোতার মন কাড়বেন। সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।
কথায় কথায় সময় গড়ায়। বেলীর তাড়া আছে। একটি বেসরকারি টেলিভিশনে সরাসরি গানের অনুষ্ঠানে অংশ নিতে হবে। শেষ প্রশ্ন, বর্তমান আর ভবিষ্যতের পরখ কীভাবে করবেন বেলী? উত্তর আসে এভাবে—‘আমি গানপাগল মানুষ। সুরের মাঝে বেঁচে থাকতে চাই।’