বেলীর কণ্ঠে হারানো দিনের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোট্রেটের অনুষ্ঠানে গান করেন শিল্পী বেলী আফরোজ
পোট্রেটের অনুষ্ঠানে গান করেন শিল্পী বেলী আফরোজ

বাইরে শীতের দাপট। কনকনে ঠান্ডা হাওয়া। আর চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে তখন সুরের উষ্ণতা। পাওয়ার ভয়েজের শিল্পী বেলী আফরোজের কণ্ঠে হারানো দিনের গান। সুরের খেয়ায় বেলী শ্রোতাদের নিয়ে যান সংগীতের স্বর্ণযুগে। গত বৃহস্পতিবার রাতে সাংস্কৃতিক সংগঠন পোট্রেট আয়োজন করে হারানো দিনের গানের অনুষ্ঠান ‘বৈঠকী’।
পঞ্চাশ থেকে সত্তর দশক ছিল সংগীতের স্বর্ণযুগ । সে সময় রচিত হয় কালজয়ী অনেক গান। যা এখনো শ্রোতাদের মাঝে জেগে আছে সেই আবেদন নিয়ে। শুনলেই নস্টালজিক হয়ে পড়েন শ্রোতারা। তার রেশ দেখা গেল অনুষ্ঠানেও। কথামালা আর গানে প্রায় দুই ঘণ্টা মেতে ছিলেন দর্শকেরা।
মঞ্চে উঠেই সুর তোলেন বেলী—‘মনেরও রঙে রাঙিয়ে’। শুরুতেই জমে যায় অনুষ্ঠান। একে একে গেয়ে শোনান ‘কথা বলো না বলো,’ ‘নিঝুমও সন্ধ্যা,’ ‘এ শুধু গানের দিন,’ ‘আমি অবুঝের মতো,’ ‘যে ছিল দৃষ্টির সীমানায়,’ ও ‘আজ আবার সে পথে দেখা হয়ে গেল,’। এ ছাড়া কয়েকটি হিন্দি গানসহ মোট ২০টি গান করেন তিনি।
গানের ফাঁকে চলে কথামালা। উপস্থাপিকা আঁখি আর শিল্পী বেলীর কথায় উঠে আসে গানের তখনকার প্রেক্ষাপট, যা ছিল উপভোগ্য। এ ছাড়া মোমের আলোয় পুরো মিলনায়তনেও ছিল অন্য রকম আবহ। তার সঙ্গে আয়োজনের ষোলোকলা পূর্ণ করে শীত পিঠার স্বাদ। আরও ছিল র্যাফেল ড্র।
অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এজাজ ইউসুফী, লায়ন সুব্রত দেব ও পোট্রেট পরিচালক রূপম চক্রবর্তী।