বেল্টে বাঁধা ফ্যাশন
এই সময়ে টিনএজারদের ফ্যাশনে বেল্ট মানে হলো পোশাকে নতুন করে কোনো একটি রং যোগ করা। তাই ফ্যাশনের এই অনুষঙ্গকে আমরা বলতে পারি পোশাকের সর্বশেষ যোগ। কিন্তু এখনকার ফ্যাশনে চলছে বলেই যে পরতে হবে, তা কিন্তু নয়। বরং জানতে হবে কোন পোশাকের সঙ্গে কোন সময়ে কোন বেল্টটি পরতে হবে। আর এই সঠিক বাছাই পোশাকে আনতে পারে বাড়তি যোগ। আগেকার দিনে মেয়েদের বেল্ট পরার অন্যতম কারণ ছিল, তাদের কোমর আকর্ষণীয় দেখানো। কিন্তু বর্তমানে বেল্ট শুধুই একটি অনুষঙ্গ মাত্র, যা কোমর বরাবরও পরা যায়, আবার একটু নিচেও পরা যায়। নেই নির্দিষ্ট কোনো ব্যাকরণ। একসময় যেমন বেল্ট, ব্যাগ, জুতো একই রঙের হতেই হবে—এই ধারণা প্রচলিত ছিল। এখন ঠিক তার উল্টো। এখন বাজারভর্তি নানা রঙের ও উপাদানের বেল্ট রয়েছে। চাই শুধু নিজের পছন্দমতো পরে ফেলা। তার পরও নকশার পক্ষ থেকে রইল খানিকটা সহযোগিতা। এখন বাংলাদেশে বিভিন্ন ধরনের টপস বেশ জনপ্রিয়তা পেয়েছে। এগুলো পরা হচ্ছে জিনস, লেগিংস, জেগিংস, স্ল্যাক্সের সঙ্গে। আর কখনো ফরমাল শার্ট-প্যান্টের সঙ্গেও। করপোরেট বা বহুজাতিক সংস্থাগুলোতে মেয়েদের ফরমাল পশ্চিমা পোশাক পরতেও দেখা যাচ্ছে। তাই ফ্যাশন ও প্রয়োজন দুই কারণেই বেল্ট এখন বেশ জনপ্রিয়। বাংলাদেশে পশ্চিমা পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান এক্সট্যাসির ডিজাইনার ও পরিচালক তানজীম হক জানালেন, বাংলাদেশের ফ্যাশনে এখন অনেক ধরনের বেল্টের উপস্থিতি লক্ষ করা গেলেও সবার কাছে চামড়ার বেল্টের চাহিদাই সবচেয়ে বেশি। টিনএজাররা আবার চামড়ার বেল্টের চেয়ে পাটের দড়ি দিয়ে তৈরি, পুঁতি, কাপড়ের বেল্টই বেশি পছন্দ করছে। তানজীম হকের পরামর্শ হলো, অল্পবয়সীদের একটু ফ্যাশনেবল বেল্টে কন্ট্রাস্ট রং মানালেও যাঁরা ফরমাল পোশাকের সঙ্গে বেল্ট ব্যবহার করবেন, তাঁদের জন্য চিকন চামড়ার বেল্টই মানানসই। বেল্টের ফ্যাশনে এখন চলছে চিকন ও খুব ভালো মানের বেল্ট। তবে মেয়েদের জন্য চিকন বা স্কিনি ও মোটা এই দুই ধরনের বেল্ট রয়েছে। কিন্তু এর মধ্যে থেকে একটা বেছে নিলেই তো হবে না, তার আগে জানতে হবে আপনার জন্য কোনটি উপযুক্ত। যাঁদের শারীরিক গঠন হালকা-পাতলা, তাঁদেরা চিকন মাপের বেল্ট পরাই ভালো। আর যদি কোমর থেকে স্থূল গঠন হয়, সে ক্ষেত্রে ব্যবহার করতে হবে মোটা বেল্ট। অনেক ধরনের বেল্ট পাওয়া গেলেও কেউ যদি মাত্র একটি বেল্টই কিনবেন বলে সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে কালো রঙের চামড়ার বেল্ট কিনে ফেলাই বুদ্ধিমানের কাজ হবে। বাকলসটি যেন রুপালি হালকা নকশার হয়, এদিকেও খেয়াল রাখতে হবে। এখনকার ফ্যাশনে টিনএজাররা লম্বা টপসের সঙ্গে এর ওপরে পরে নিচ্ছেন একটু নকশা করা বা বাড়তি দেশীয় বেল্ট। এ ধরনের বেল্ট তৈরি হচ্ছে চট বা কাপড় দিয়ে। আবার এগুলোর বাকলসে থাকছে কড়ি, পুঁতি, কাঠের বোতাম ইত্যাদি উপাদানের ব্যবহার। এসব বেল্ট কখনো আবার খাটো টপসের সঙ্গে প্যান্টের লুপে আটকেও পরা হচ্ছে। কখনো একটু লম্বা হলে সেগুলো আবার একপাশে ঝুলেও থাকছে। আবার চেইনের বেল্টের জনপ্রিয়তাও দেখা যায়। চামড়ার বেল্টের ক্ষেত্রে সাধারণ মসৃণ বেল্টের পাশাপাশি বেণি নকশার বেল্টও লক্ষণীয়। পুরো পোশাক যদি একরঙা হয়ে থাকে, সে ক্ষেত্রে বাকলসটি একটু জাঁকজমকপূর্ণ হতে পারে। বেল্ট ব্যবহারের কিছু পরামর্শবেল্টের সঙ্গে জুতো পরতে চেষ্টা করুন। সেই বেল্টটিই পরুন, যেটি আপনার কোমরের সঠিক মাপে তৈরি। আনুষ্ঠানিক উৎসবে খুব একটা নকশা করা বেল্ট ব্যবহার করবেন না। গয়নার রঙের সঙ্গে মিলিয়ে বেল্ট পছন্দ করুন। অর্থাৎ যদি সোনালি গয়না পরে থাকেন, তাহলে সোনালি বাকলসের বেল্ট পরবেন, রুপালি গয়না হলে রুপালি বাকলস। বাংলাদেশে এখন বেল্ট মোটামুটি সর্বত্রই পাওয়া যাচ্ছে। ভালো চামড়ার বেল্ট পাওয়া যাবে এক্সট্যাসি, ওয়েস্টটেকস, আর্টিজানের মতো পশ্চিমা ফ্যাশনের দোকানগুলোতে। আড়ং, যাত্রা, দেশাল, কুমুদিনীতে পাওয়া যাবে ডিজাইনার বেল্ট, যেগুলো একেবারেই দেশি উপাদানে এবং দেশি নকশায় তৈরি। এ ধরনের বেল্টগুলো পোশাকে আনে ভিন্নতা। এ ছাড়া ঢাকার হকার্স মার্কেট, বঙ্গবাজার, নিউমার্কেটে পাবেন বিভিন্ন ধরনের ফ্যাশনেবল বেল্ট। আর এসব বেল্টের দাম পড়বে ২৫০-১৫০০ টাকা পর্যন্ত।পোশাকের কাটে ভিন্নতা আনতেও বেল্ট ব্যবহার করা যায়। মডেল: হূদি পোশাক: একস্ট্যাসি