বেশি ঘাম যখন বিব্রতকর
কম-বেশি সবাই ঘামেন। এ জন্য অনেক সময় কিছুটা বিব্রতও হতে হয়। যাঁরা খুব ঘামেন, তাঁদের জন্য কিছু পরামর্শ কার্যকর হতে পারে। জেনে নিন তেমন কিছু।
—চা-কফি, গরম স্যুপ, মসলাদার খাবার ঘামের পরিমাণ বাড়িয়ে দেয়। বাইরে গেলে এগুলো এড়িয়ে চলতে পারেন।
—অতিরিক্ত ঘামের কারণে অনেক সময় ত্বক, বিশেষ করে বগলের ত্বক জ্বালা করে, লাল হয়ে যায়। সাবান বা স্প্রে লাগালেই জ্বালা করে। এঁরা গোসলের সময় তরল মৃদু ক্ষারযুক্ত সাবান ব্যবহার করবেন।
—ঘামে যে দুর্গন্ধ হয় তা সরাসরি ঘাম থেকে নয়, বরং এতে উৎপন্ন ব্যাকটেরিয়া থেকে হয়ে থাকে। বারবার এই ব্যাকটেরিয়াগুলো পরিষ্কার করে ফেলতে হবে। তাই গরমের দিনে দুবার গোসল করুন। ঘাম বেশি হয় এমন জায়গা যেমন বগল বা গলা ঘষে ঘষে পরিষ্কার করুন। জীবাণুনাশক সাবানও ব্যবহার করা যায়।
—আঁটসাঁট পোশাকে বাতাস চলাচল কম, তাই ঘাম হবে বেশি। পাতলা সুতির ও ঢিলেঢালা পোশাকে কম ঘাম হবে। কৃত্রিম তন্তুর তৈরি কাপড়েও বাতাস চলাচল করে না।
—যাঁদের পা বেশি ঘামে, তাঁরা দিনে দুবার মোজা বদল করুন। এক জোড়া জুতা এক দিন পরপর পরুন। ঘামে ভেজা একই জুত আবার পরলে দুর্গন্ধ বেশি হবে। সম্ভব হলে খোলা জুতা বা চপ্পল পরুন।
—যে ধরনের পোশাকে সহজে ঘামের দাগ পড়ে, সেগুলো এ সময় এড়িয়ে চলুন। যেমন রঙিন, প্রিন্টের বা সাদা কাপড়। কালো বা গাঢ় রঙের পোশাকে সহজে দাগ বোঝা যাবে না। গরমকালে প্রতিদিনের পোশাক ধুয়ে দিন, একবার পরা কাপড় আবার পরবেন না।
— ডিওডোরেন্ট ঘাম দূর করে না, কেবল ঘামের দুর্গন্ধকে আড়াল করে। তবে অ্যান্টিপারসপিরেন্ট ঘাম গ্রন্থির নালি বন্ধ করে দিয়ে ঘাম নিঃসরণ কমায়। অ্যালুমিনিয়াম ক্লোরাইড বেশ ভালো অ্যান্টিপারসপিরেন্ট কেনার সময় এগুলো দেখে কিনুন।
—মাত্রাতিরিক্ত ঘাম কোনো শারীরিক সমস্যার কারণে হতে পারে, প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হোন। সুত্র: ওয়েবমেড।