বেশি বিদ্যুৎ পায় সদরের বাসিন্দারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া উপজেলা সদরের বাসিন্দারা অন্য এলাকার চেয়ে বেশি বিদ্যুৎ পায়। আর বিদ্যুতের অভাবে সদরের বাইরে ব্যবসা প্রতিষ্ঠান ও কল-করাখানাগুলো দিনের বেশির ভাগ সময় বন্ধ থাকে। গ্রাহকদের অভিযোগ, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর রাঙ্গুনিয়া উপজেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বসবাস করেন উপজেলা সদরে। ফলে বেশির ভাগ সময় বিদ্যুৎ রাখা হয় সেখানে। আর অন্ধকারে থাকে উপজেলার প্রত্যন্ত এলাকার লোকজন। জানা যায়, উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভায় ৩৭টি হাটবাজার রয়েছে। এ ছাড়া ৫৫টি করাতকল, ৩২টি চালকল, নয়টি ময়দার মিল, ২৩টি বেকারি পণ্য ও শতাধিক আসবাবপত্র তৈরির কারখানা রয়েছে। যেগুলো লোডশেডিংয়ে অচল থাকে দিনের বেশির ভাগ সময়। ফলে লোকসানে পড়ছেন কারখানার মালিক ও ব্যবসায়ীরা। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর রাঙ্গুনিয়া কার্যালয় সূত্র জানায়, সমিতির আওতায় প্রায় ৪২ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছে। যাদের জন্য ১৩ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। কিন্তু পিক আওয়ারে ১০ থেকে ১১ এবং অফপিক আওয়ারে সাত থকে আট মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায় জাতীয় গ্রিড থেকে। যা সাতটি ফিডারে ভাগ করে রেশনিং পদ্ধতিতে সরবরাহ করা হয়। আর সম্পূর্ণ আলাদা ফিডার থেকে বিদ্যুৎ সরবরাহ হয় উপজেলা সদরে। পৌর এলাকার সৈয়দবাড়ি ওয়ার্ডের কাউন্সিলর কফিল উদ্দিন বলেন, ২০০৮ সালে উপজেলা সদরের জন্য আলাদা ফিডার করা হয়। তখন দিনের বেলায় সরকারি কার্যালয়ে বিদ্যুৎ সরবরাহ করা হতো। রাতে বিদ্যুৎ সরবরাহ হতো উপজেলার সবকটি বাণিজ্য কেন্দ্রে। এ সময় কলকারখানার মালিকেরা ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পেতেন। কিন্তু এখন প্রত্যন্ত এলাকা অন্ধকারে রেখে শুধু উপজেলা সদরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এ ব্যাপারে যোগাযোগ করা হলে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ রাঙ্গুনিয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক হুমায়ুন কবির বলেন, বিদ্যুতের লোডশেডিংয়ের বৈষম্য সবখানে আছে। সারা দেশে বিদ্যুৎ-সংকট থাকলেও তো মন্ত্রণালয় ও সচিবালয়ে লোডশেডিং করা হয় না। সেই হিসেবে উপজেলা সদরে বিদ্যুৎ সরবরাহ বেশি হবে এটাই স্বাভাবিক।