বেশি ভালো বেশি খারাপ কোনোটাই ভালো নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে ভয়াবহ দরপতন ও মূল্যসূচক উত্থানের চমক দেখা গেলেও স্বস্তিতে নেই বিনিয়োগকারীরা। সূচক হঠাৎ বেড়ে যাওয়া কিংবা হঠাৎ পড়ে যাওয়াকে ভালো চোখে দেখছেন না বাজার বিশ্লেষকেরাও। তাঁদের মতে, পুঁজিবাজারে প্রয়োজন স্থিতিশীল পরিবেশ। এ লক্ষ্যে কয়েকটি পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন তাঁরা। এগুলো হচ্ছে—সোমবার শেয়ারবাজারে বিপর্যয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ, কাগুজের শেয়ার থেকে ডিজিটাল শেয়ারে রূপান্তর (ডিম্যাট) না করার অভিযোগে যেসব শেয়ারের লেনদেন স্থগিত রয়েছে সেগুলো চালুর উদ্যোগ নেওয়া, নানাভাবে আইন লঙ্ঘনের অভিযোগে তালিকা থেকে বাদ দেওয়া প্রতিষ্ঠানগুলোকে (ডিলিস্ট) আবার তালিকাভুক্ত করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে বাজারে ফিরিয়ে আনা, অন্যথায় বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া ইত্যাদি।অপরদিকে, বিনিয়োগকারীদের পক্ষ থেকে দাবি উঠেছে সূচকের ওঠানামায় সীমা আরোপের কঠোর প্রয়োগ এবং দুর্বল মৌলভিত্তির শেয়ার লেনদেনের ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের (সিইসি) নিয়মিত সতর্কতা জারির। সিইসি ও বিনিয়োগকারীরা সতর্ক হলে পুঁজিবাজারে স্থিতিশীল পরিবেশ ফিরে আসবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক জহিরউদ্দিন আহমদ ১৯৯৫ সাল থেকে শেয়ার ব্যবসা করে আসছেন। পুঁজিবাজারের এই উত্থান-পতনে তিনি বিস্মিত হননি। তাঁর মতে, দুর্বল মৌলভিত্তির শেয়ারগুলোর দাম যেভাবে বেড়েছে তা অপ্রত্যাশিত ছিল। এতে মূল্য সংশোধনও অপরিহার্য হয়ে পড়ে। জহির উদ্দিন আহমদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘যেকোনো কোম্পানির মৌলভিত্তি অর্থাৎ ওই কোম্পানি নিয়মিত লভ্যাংশ দিচ্ছে কি না, কোম্পানির বাজার সম্প্রসারিত হচ্ছে কি না, ইপিএস কেমন এবং আয়ের ধারাবাহিকতা আছে কি না ইত্যাদি দেখে বিনিয়োগ করা উচিত।’ তিনি জানান, পুঁজিবাজারে এমন কোম্পানির শেয়ার আছে যাঁদের চট্টগ্রামে কার্যালয় চালানোর মতো ক্ষমতাও নেই। তাঁর প্রশ্ন ‘এ রকম কোম্পানির শেয়ারের দাম কেন ২০ গুণ বাড়বে?’ জহিরউদ্দিন সিইসির সমালোচনা করে বলেন, ‘তাঁদের নানা পদক্ষেপের কারণে শেয়ারবাজারে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। দুর্বল মৌলভিত্তির শেয়ারগুলোর দাম বৃদ্ধির যে প্রবণতা ছিল তা অনেক আগেই থামিয়ে দিতে পারতেন তাঁরা।’ চট্টগ্রামের আরেক বিনিয়োগকারী আবুল হোসেন বলেন, ‘আমি তো মৌলভিত্তি দেখে বিনিয়োগ করি। আমার পরিচিত অনেকেই চট্টগ্রামের একটি কোম্পানির শেয়ারে বিনিয়োগের পরামর্শ দেন। আমি ওই কোম্পানির মৌলভিত্তি দেখে পিছু হটি। অথচ ১০ মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ২৫ গুণ বেড়ে যায়। এতে আমি অবাক হয়েছি।’ আরেক বিনিয়োগকারী মনজুর আহমেদ বলেন, ‘মৌলভিত্তি দেখে বিনিয়োগ করলে দুশ্চিন্তার কারণ নেই। জানুয়ারির প্রথম সপ্তাহের টানা কয়েক দিন আমার কেনা শেয়ারেরও দরপতন ঘটেছে। এতে আমি কিছু পুঁজি হারালেও এই ক্ষতি পুষিয়ে নিতে আমার বেশি সময় লাগবে না বলে আত্মবিশ্বাস আছে। কোম্পানিটি লভ্যাংশ দিলে আমার ক্ষতি আর থাকবে না।’ এদিকে, মঙ্গলবার বেশির ভাগ বিনিয়োগকারী ও বাজার বিশ্লেষক শেয়ারবাজারের মূল্যসূচক বৃদ্ধির ঘটনাকে অস্বাভাবিক বলে মন্তব্য করেন। তাঁদের মতে, সরকার ও বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ত্বরিত পদক্ষেপে এ অবস্থার সৃষ্টি হলেও এটা সমাধান নয়। এভাবে সূচকের মূল্যবৃদ্ধি ভালো লক্ষণ নয়। এদিকে, মঙ্গলবার চমক দেওয়ার মতো সূচক বাড়লেও বুধবার আবার নিম্নমুখী প্রবণতা দেখা যায়। এটাকে ভারসাম্যপূর্ণ বলে মন্তব্য করেন বাজার বিশ্লেষকেরা।