বেশি লাভে খুশি চাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকারে বড় ও পুষ্ট হওয়ায় টেকনাফের করলার চাহিদা আছে ক্রেতাদের কাছে। ছবিটি হ্নীলার পানখালীর একটি খে​ত থেকে তোলা l প্রথম আলো
আকারে বড় ও পুষ্ট হওয়ায় টেকনাফের করলার চাহিদা আছে ক্রেতাদের কাছে। ছবিটি হ্নীলার পানখালীর একটি খে​ত থেকে তোলা l প্রথম আলো

কক্সবাজারের টেকনাফে চলতি মৌসুমে গতবারের তুলনায় করলার ফলন হয়েছে দ্বিগুণের কাছাকাছি। পাশাপাশি এবার কৃষকেরা ভালো দামও পেয়েছেন। অল্প সময়ে কম পুঁজিতে বেশি লাভ হয় বলে চাষিরা করলা চাষে ঝুঁকছেন।
টেকনাফ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা শফিউল আলম জানান, চলতি শীত মৌসুমে টেকনাফ উপজেলায় ২৬০ হেক্টর জমিতে করলা চাষ হয়েছে। প্রতি হেক্টরে ফলন হয়েছে ৫০০ কেজি। পুরো উপজেলায় ফলন হয়েছে ১৩০ মেট্রিক টন। অথচ গত বছর ফলন হয়েছিল ৭০ দশমিক ৩১ মেট্রিক টন। চাষিরা এবার প্রতি মণ করলা বিক্রি করছেন ১ হাজার ৮০০ টাকায়। তবে গতবার প্রতি মণ করলা বিক্রি হয়েছিল ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকায়।
চাষিদের কাছ থেকে করলা কিনে টেকনাফ, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকার বাজারে সরবরাহ করছেন স্থানীয় পাইকারি ব্যবসায়ীরা। টেকনাফের পাইকারি সবজি ব্যবসায়ী আবদুল মালেক জানান, পাইকারি বাজারে প্রতি মণ করলা বিক্রি হচ্ছে দুই হাজার টাকায়।
টেকনাফের বাসস্টেশন বাজারসহ বিভিন্ন বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার হ্নীলার রঙ্গিখালী, আলীখালী, লেদা, উলুচামরী, পানখালী, মরিচ্চাঘোনা, বাহারছড়ার মারিষবনিয়া, হলবনিয়া, শীলখালী, বাইন্যাপাড়া, চাকমাপাড়া, আচার-বনিয়া, শামলাপুর, হোয়াইক্যংয়ের কম্বনিয়াপাড়া, কানজরপাড়া, দৈঘ্যা-কাটা, হরিখোলা, লাতুরীখোলা, পশ্চিম মহেশখালীয়াপাড়া, সাতগড়িয়াপাড়া ও রোজারঘোনায় এলাকার প্রায় ৪০০ চাষি করলা চাষ করেছেন। সাধারণত বছরে দুবার খেতে করলা চাষ করা যায় বলে চাষিরা জানান। ফলন ভালো হওয়ায় এই সবজি ক্রেতাদের হাতের নাগালে আছে এবার।
টেকনাফের পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, উপজেলার বাসিন্দাদের চাহিদা মেটাতে কয়েক বছর আগেও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে করলা আনতে হতো। কয়েক বছর ধরে উপজেলায় উৎপাদিত করলা বিক্রি হচ্ছে বাজারে। আগে প্রতি কেজি করলা ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, আগস্ট থেকে অক্টোবর ও অক্টোবর থেকে ডিসেম্বর মাসে খেতে দুবার করলা চাষ করা যায়। সাধারণত রোপণের ৪০ থেকে ৫০ দিনের মধ্যে ফলন পাওয়া যায়। মাত্র দেড় মাসে ফলন পাওয়া যায় বলে এই ফসলের জনপ্রিয়তা বাড়ছে চাষিদের মধ্যে।
উপজেলায় করলা চাষ দিন দিনই জনপ্রিয় হচ্ছে। ১০ জানুয়ারি হ্নীলার পানখালী এলাকার চাষি আবদুল হামিদ বলেন, ‘দুই তিন বছর ধরে করলা চাষ করে লাভবান হচ্ছি। আমার দেখাদেখি গ্রামের অনেক চাষি করলা চাষে ঝুঁকছেন।’ একই এলাকার চাষি কালা মিয়া বলেন, ‘চলতি মৌসুমে ৪০ শতক পাহাড়ি ঢালু জমিতে মাত্র ১০ হাজার টাকা খরচ করে করলা চাষ করেছি। খেতের করলা বেচে এখন পর্যন্ত আড়াই লাখ টাকার বেশি পেয়েছি। রোগবালাই আক্রমণ না করলে আরও দুই থেকে আড়াই লাখ টাকা পাওয়ার আশা করছি।’