বেশিক্ষণ অফিসে থাকতে হলে যা করবেন

সেই সকাল নয়টায় এসে কাজে যোগ দিয়েছেন, বের হতে হতে আবার রাত নয়টা। এ রকম দীর্ঘ সময় কাজে লেগে থাকতে হয় অনেককেই। বিশেষজ্ঞরা বলেন, যাঁদের কাজে দীর্ঘ সময় ও পরিশ্রম যায়, তাঁদের শরীর ও মনের যত্ন নেওয়া জরুরি। শারীরিকভাবে সক্রিয়তার পাশাপাশি সুস্থ জীবনযাপনের অভ্যাস করতে হবে। যাঁদের বেশি সময় অফিসে কাটাতে হয়, তাঁরা যদি জীবনযাপনে কিছুটা পরিবর্তন আনতে পারেন, তবে দেহ ও মন ভালো থাকবে। জেনে নিন দেহ-মন ভালো রাখার কিছু বিশেষজ্ঞ পরামর্শ:
হাঁটতে হাঁটতে কথা: হাঁটার বিষয়টি আপনার রুটিনের অংশ বানিয়ে ফেলুন। যখনই সময় সুযোগ পাবেন একটু হাঁটবেন। ফোন ধরতেই হোক কিংবা গাড়ির কাছে যেতেই হোক একটু হাঁটুন। পারলে সিঁড়ি ব্যবহার করুন। ব্যায়াম করার সময় নেই, এ রকম অজুহাত দিয়ে ছোটখাটো এই পরিশ্রমগুলো এড়াবেন না।
রোদে যান: কিছুটা সময় রোদে থাকুন। আপনার উন্মুক্ত ত্বকে একটু রোদ পড়তে দিন। সূর্য থেকে আসা ভিটামিন ডি শরীরের দরকার। সূর্য থেকে আসা শক্তি শোষণ করে দেহ এ ভিটামিন তৈরি করে। এ ছাড়া কিছুটা সূর্যের আলো আপনাকে চাঙা রাখবে এবং সারা দিন ভালো রাখবে।
একটা ফল খান: প্রতিদিন একটা আপেল খেলে চিকিৎসকের কাছে যাওয়ার দরকার পড়ে না এ কথা সবারই জানা। জানা ওই কথাটাই বাস্তবে কাজে লাগান। ফলে ভিটামিন ও খনিজ থাকে। প্রতিদিন ফল খাওয়ার ক্ষেত্রে রঙের বৈচিত্র্য মাথার রাখুন। একেক দিন একেক রঙের ফল খান।
ধূমপান ছাড়ুন: যাঁরা দীর্ঘ সময় কাজ করেন, তাঁরা মনে রাখবেন ধূমপানে কোনো লাভ নেই। অনেকেই ধূমপানের অপকারিতার কথা জেনেও তা ছাড়তে পারেন না। যেভাবেই হোক ধূমপান ছাড়ার চেষ্টা করুন।
প্রচুর পানি খান: যথেষ্ট পরিমাণ পানি খান। স্বাস্থ্য, ত্বক ও চুলের কথা মাথায় রেখে নিয়মিত বিরতিতে পানি খান। পানি খেলে ওজন ঠিক থাকবে।
শিশুর মতো: দৈনিক অন্তত একটা শিশুর মতো কাজ করুন। কিছুটা লাফালাফি করুন, শখের কোনো জিনিস বানান, গোসল করতে গিয়ে গান গান, হামাগুড়ি দিন। এমন কিছু করুন যা সাধারণত প্রাপ্তবয়স্করা করে না। শিশুর কাছ থেকে শিখুন, চাপমুক্ত করুন নিজেকে।
ভালো ঘুমান: স্বাস্থ্য ভালো রাখতে ভালো ঘুমানো জরুরি। যতই ব্যস্ত থাকুন না কেন আট ঘণ্টা ঘুমানোর জন্য সময় বের করার চেষ্টা করুন। যত বেশি ঘুমাবেন তত সৃজনশীল হয়ে উঠবেন। তথ্যসূত্র: জিনিউজ।