এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে ফেনী জেলায় জিপিএ-৫ পেয়েছে ১৯০ জন। কুমিল্লা বোর্ডে ফেনী গার্লস ক্যাডেট কলেজ প্রথম স্থান এবং ফেনী সরকারি কলেজ একাদশ স্থান অর্জন করেছে।কিন্তু জেলার সরকারি-বেসরকারি ২৩টি কলেজের মধ্যে বেশির ভাগ কলেজের ফলাফল বিপর্যয় শিক্ষার্থী ও অভিভাবকদের হতাশ করেছে।ফেনী জেলার কলেজগুলো থেকে এ বছর মোট সাত হাজার ৫০৪ জন শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে পাঁচ হাজার ২৮০ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯০ জন।কুমিল্লা শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৭৪ দশমিক ৬০ শতাংশ। ফেনী জেলায় পাসের হার ৭০ দশমিক ৩৬ শতাংশ। অর্থাৎ ৪ দশমিক ২৪ শতাংশ কম।সূত্র জানায়, ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে ৪৮ জন পরীক্ষায় অংশ নিয়ে ৪৭ জন জিপিএ-৫ পেয়েছে। জেলায় শুধু ফেনী গার্লস ক্যাডেট কলেজের পাসের হার শতভাগ। ফেনী সরকারি কলেজ থেকে এক হাজার ১৮৫ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ১০৭ জন, মোট পাস করেছে ৯৯৩ জন। পাসের হার ৮৩ দশমিক ৮০ শতাংশ।জেলার অপর পাঁচটি সরকারি কলেজের মধ্যে সরকারি জিয়া মহিলা কলেজ থেকে ৯২৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৪২০ জন। তার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ছয়জন, পাসের হার ৬৬ দশমিক ৮১ শতাংশ। ফুলগাজী সরকারি কলেজ থেকে ২০৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১১৫ জন, পাসের হার ৫৫ দশমিক ৫৬ শতাংশ। পরশুরাম সরকারি কলেজ থেকে ৩৮৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৭০ জন, জিপিএ-৫ পেয়েছে দুজন। পাসের হার ৭০ দশমিক ৫০ শতাংশ। ছাগলনাইয়া সরকারি কলেজ থেকে ৬৩৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩৭৪ জন, পাসের হার ৫৮ দশমিক ৬২ শতাংশ। সোনাগাজী সরকারি কলেজ থেকে ১৮৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৯০ জন, পাসের হার ৪৭ দশমিক ৬২ শতাংশ।বেসরকারি কলেজগুলোর মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে ছাগলনাইয়া মৌলভি সামছুল করিম কলেজ। ওই কলেজ থেকে ৩২১ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩০৪ জন, জিপিএ-৫ পেয়েছে ১৪ জন, পাসের হার ৯৪ দশমিক ৭০ শতাংশ। বোর্ডের পাসের হারের তুলনায় খারাপ ফলাফল করেছে ফুলগাজীর শাহ আলম চৌধুরী কলেজ। এ কলেজ থেকে ৮৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩১ জন, পাসের হার ৩৭ দশমিক ৩৫ শতাংশ। ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান ভালো ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, ভালো ফলাফল কারও একক কৃতিত্বে হয়নি। এ জন্য কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সবার সম্মিলিত প্রয়াস ছিল। এদিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের এবারের ফলাফলে পাসের হার ৭৪ দশমিক ৬০ শতাংশ হলেও ফেনী জেলায় পাসের হার ৭০ দশমিক ৩৬ শতাংশ। এ ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। সোনাগাজী সরকারি কলেজের এক শিক্ষার্থী ফলাফল বিপর্যয়ের কারণ হিসেবে কলেজে শিক্ষকস্বল্পতা এবং শিক্ষকদের নিয়মিত শ্রেণীকক্ষে পাঠদান না করাকে দায়ী করেন।ফেনীর ফুলগাজী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইব্রাহিম তাঁর কলেজের খারাপ ফলাফলের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে প্রথম আলোকে বলেন, প্রথমত, ভালো ছাত্ররা শহরের নামীদামি কলেজে ভর্তি হয়। ওই সব কলেজে ভর্তি হতে না পেরে অপেক্ষাকৃত দুর্বল ও গরিব শিক্ষার্থীরা তাদের কলেজে ভর্তি হয়। তা ছাড়া কলেজে তীব্র শিক্ষকসংকট ছিল। এ কারণে ফলাফল খারাপ হয়েছে। বিজ্ঞান বিভাগে নিয়মিত-অনিয়মিত মিলিয়ে ১৫ জন পরীক্ষায় অংশ নেয়। কিন্তু একজনও পাস করেনি।