
উপজেলা পরিষদের দ্বিতীয় দফার নির্বাচনে আজ বৃহস্পতিবার বৃহত্তর চট্টগ্রামের লোহাগাড়া, পটিয়া, ফেনী সদর, পরশুরাম, চকরিয়া, পেকুয়া, কাপ্তাই, নানিয়ারচর, থানচি, রোয়াংছড়ি, রুমা, লামা ও লক্ষ্মীছড়ি উপজেলায় ভোটগ্রহণ চলবে। এসব উপজেলায় বেশির ভাগ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। ভোটারদের মনেও রয়েছে সহিংসতার আশঙ্কা। এ ছাড়া রয়েছে টাকা ছড়ানোর অভিযোগও। অবশ্য প্রশাসন যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
লোহাগাড়া: লোহাগাড়া উপজেলায় নির্বাচনকে ঘিরে প্রার্থী ও সাধারণ ভোটারদের মধ্যে বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা। ভোটের দিন এখানকার ভোটাররা সহিংসতার আশঙ্কা করছেন।
জানা যায়, চরম্বা, বড়হাতিয়া ও আমিরাবাদ ইউনিয়নের ভোটাররা আতঙ্কে রয়েছেন বেশি। এখানে ভোটারদের মধ্যে নগদ টাকা ও নারীদের বোরকা দিয়ে জামায়াত-শিবিরের পক্ষে ভোট কেনার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া পাশের উপজেলা সাতকানিয়ায় একই দিনে নির্বাচন না হওয়ায় ওই এলাকার জামায়াত-শিবিরের ক্যাডারদের আনাগোনা বেড়েছে বলেও নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ভোটার অভিযোগ করেছেন।
এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আল মামুন প্রথম আলোকে বলেন, লোহাগাড়া উপজেলার ৫৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৪২টিই ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে। এ বিষয়ে ভোটার ও কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেছি।
নাগরিক কমিটির প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বলেন, ‘জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা প্রচারণা চালাচ্ছেন যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত নেতাদের বাঁচাতে হলে জামায়াত-সমর্থিত প্রার্থীকে ভোট দিতে হবে। তাঁরা ভোটারদের টাকা ও মহিলাদের বোরকা দিয়ে কাছে টানার চেষ্টা করছেন। এ ছাড়া রাজনৈতিক সহিংসতার অভিযোগে অভিযুক্ত দলীয় ক্যাডাররা দীর্ঘদিন এলাকায় না থাকলেও উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে তাঁরা আবার এলাকায় ফিরে এসেছে।’
জামায়াত-সমর্থিত প্রার্থী ফরিদ উদ্দিন খান তাঁর দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ, বিএনপি ও এলডিপির নেতাদের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। আর ভোটের সময় আমাদের দলের কারাবন্দী নেতা-কর্মীকে নিয়ে কে কী বলল সেটা আমার বিষয় নয়। আমি সহিংসতার রাজনীতি করি না।’
অপরদিকে বিএনপি-সমর্থিত প্রার্থী মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমাকে দল থেকে বহিষ্কার করেছে বলে কেউ কেউ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’ ভোটের দিন তিনিও সংসদ নির্বাচনের মতো লোহাগাড়ায় সহিংসতার আশঙ্কা করছেন।
লোহাগাড়া হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বড়ুয়া জানান, গত সংসদ নির্বাচনে ভোট দিতে যাওয়ায় লোহাগাড়ার কিছু এলাকায় সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হয়েছিল। এবার যেন তার পুনরাবৃত্তি না হয় এবং সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তা প্রশাসনকে নিশ্চিত করতে হবে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান জানান, ইতিমধ্যে বেশ কিছু দলীয় ক্যাডার গ্রেপ্তার হয়েছে। ভোট চলাকালে কেউ যাতে সহিংসতা করতে না পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
চকরিয়া: চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৯৬টি কেন্দ্রের মধ্যে ৪৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রের জন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ উপজেলায় ভোটার রয়েছেন দুই লাখ ৫১ হাজার ১৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন এক লাখ ২৮ হাজার ৫৩৯ জন ও নারী এক লাখ ২২ হাজার ৫৯৪ জন।
পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটার আনোয়ারুল হাকিম (২৯) বলেন, সংসদ নির্বাচনে এখানে ভোট হয়নি। এবার সব দল আছে। সবাই চাইছে বিজয় ছিনিয়ে নিতে। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। ফলে যেকোনো মুহূর্তে ঘটতে পারে সহিংসতা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, প্রতি কেন্দ্রে একজন উপপরিদর্শকের নেতৃত্বে চারজন পুলিশ সদস্য দায়িত্বে থাকবেন। এ ছাড়া অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত ফোর্স নিয়োজিত থাকবে। ফলে ভোটারদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পুরো উপজেলায় ৩০টি ভ্রাম্যমাণ দল ও এক হাজার ১৫২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা রয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন বলেন, এ উপজেলায় দায়িত্ব পালন করবেন চারজন ম্যাজিস্ট্রেট। তাঁরা অবস্থা বুঝে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করবেন।
প্রসঙ্গত, চকরিয়া উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন, ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন ।
পেকুয়া: পেকুয়ায় উপজেলায় ৩৮টি কেন্দ্রের মধ্যে ১৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় চারজন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এ ছাড়া পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আনসার সদস্যরা দায়িত্বে থাকবেন। এ উপজেলায় মোট ভোটার ৯৩ হাজার ৭১১ জন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীলু কান্তি বড়ুয়া বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।
উল্লেখ্য, এখানে চেয়ারম্যান পদে দুজন, ভাইস চেয়ারম্যান চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ফেনী সদর ও পরশুরাম: ফেনী সদর উপজেলার ১১৯টি ভোটকেন্দ্রের মধ্যে সবগুলোই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। তবে নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তার পরও ভোটারদের মনের শঙ্কা দূর হচ্ছে না। একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত ফেনী সদর উপজেলায় ভোটার সংখ্যা দুই লাখ ৯৯ হাজার ৬৮২ জন।
উপজেলা সদরের ফাজিলপুর গ্রামের ভোটার আবুল কাশেম (৪৫) বলেন, কয়েক দিন ধরে সরকারদলীয় সমর্থকেরা প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। হুমকি-ধমকি দিচ্ছেন ভোটারদের।
জানা যায়, প্রতিটি কেন্দ্রের জন্য একজন উপপরিদর্শক ও তিনজন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২০ জনের একটি স্ট্রাইকিং ফোর্স থাকবে। এ ছাড়া র্যাব, বিজিবি ও সেনা সদস্যরা সার্বক্ষণিকভাবে টহলে থাকবেন।
একই দিন পরশুরাম উপজেলা পরিষদ নির্বাচনও অনুষ্ঠিত হবে। সেখানে একটি পৌরসভা ও তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলায় মোট ভোটার ৬৩ হাজার ৩৬৪ জন। ভোটকেন্দ্র ২৬টি। এর মধ্যে ২০টি অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এই উপজেলার বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবু তালেব বলেন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য বলা হচ্ছে। কর্মীরা ভোটের দিন কেন্দ্রে যেতে পারবে কিনা সেই চিন্তাই করছি।
ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্যই সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
পটিয়া: এ উপজেলায় ২২ ইউনিয়নের ১৩০টি ভোট কেন্দ্রের মধ্যে ৭১টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।
তবে ভোটারদের মধ্যে রয়েছে উৎসবের আমেজ। সব দল নির্বাচনে অংশ নেওয়ায় প্রকৃত ভোট উৎসবের আমেজ পাচ্ছেন ভোটাররা। এখানে চেয়ারম্যান পদে সাত, ভাইস চেয়ারম্যান পদে সাত ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটাররা জানান, পশ্চিম পটিয়ার পাঁচ ইউনিয়নের ৯৬ হাজার ও সংখ্যালঘুদের প্রায় ৭৮ হাজার ভোটার প্রার্থীদের জয়-পরাজয়ে ভূমিকা রাখতে পারে। প্রার্থীদের নজরও সেদিকে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হন ১৭ ইউনিয়নের ভোটারদের ভোটে। আর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন ২২ ইউনিয়নের ভোটারের ভোটে। এতে ২২ ইউনিয়নের মোট ভোটার তিন লক্ষ ৪৬ হাজার ৪৪৮ জন। মোট ভোট কেন্দ্র ১৩০টি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন জানান, ১৩০টি ভোট কেন্দ্রের মধ্যে ৬০টি ঝুঁকিপূর্ণ ও ১১টি অধিক ঝুঁকিপূর্ণ। গত জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা পরিষদে আরও বেশি কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ ছাড়াও র্যার, বিজিবি ও সেনাবাহিনীর টহল থাকবে।
লক্ষ্মীছড়ি: উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। এখানে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে দুজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ উপজেলায় মোট ১৫ হাজার ৯০৫ জন ভোটার রয়েছেন। ভোট কেন্দ্র ১১টি।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত ওসমান জানান, দুর্গম এলাকায় ও সরাসরি যোগাযোগ ব্যবস্থা নেই এ রকম দুইটি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য হেলিকপ্টার ব্যবহার করা হবে।