কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাত হাজার নৌযানের বেশির ভাগই সাগরে চলাচলের অনুপযুক্ত। এসব নৌযানে নেই জীবন রক্ষাকারী সরঞ্জাম। অধিকাংশ নৌযান নিবন্ধন ছাড়াই চলছে। এতে বাড়ছে নৌ-দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি। গত কয়েক বছরে এ অঞ্চলে নৌডুবিতে মারা গেছেন শতাধিক জেলে। সমানসংখ্যক জেলে নিখোঁজ হয়েছেন দুর্ঘটনায়।খোঁজ নিয়ে জানা গেছে, নাফ নদী ও বঙ্গোপসাগরে চলাচলকারী বেশির ভাগ নৌযানে লাইফ জ্যাকেট, রেডিও, বয়াসহ জীবন রক্ষাকারী সরঞ্জাম নেই। নিবন্ধনবিহীন পুরোনো এসব নৌযান গভীর সাগরেও চলাচল করছে। জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিচ্ছেন জেলেরা। ট্রলার (মাছ ধরার যন্ত্রচালিত নৌযান) নিয়ে গভীর সাগরে মাছ শিকারে যাচ্ছেন তাঁরা। এতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বাড়ছে। কয়েক বছর ধরে প্রতি বর্ষা মৌসুমেই নৌ-দুর্ঘটনা ঘটছে। গত ১৫ জুন টেকনাফ উপকূলে ঝড়ের কবলে পড়ে ১০টি নৌযানসহ ১৫ জন জেলে নিখোঁজ হন। এ ঘটনার পর উপকূল থেকে শফিক আহমদ (৪২) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর ২৮ জুলাই বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ছয়জন মাঝিমাল্লাসহ একটি মাছ ধরার নৌকা ডুবে যায়। পাঁচজন জেলে সাঁতরে কূলে উঠে এলেও মো. রফিক (৩৮) নামের এক জেলে পানিতে ডুবে মারা যান।স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানান, টেকনাফ উপকূলের বিভিন্ন এলাকায় প্রায় ২৫ হাজার জেলে সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। মাছ ধরার নৌযান রয়েছে ছোট-বড় মিলিয়ে প্রায় সাত হাজার। সরকারি নিয়মানুযায়ী, সমুদ্রগামী নৌযান নির্মাণের আগে সরকারের মার্কেন্টাইল মেরিন বিভাগ থেকে নকশা অনুমোদন এবং পরবর্তী সময়ে নিবন্ধন করাতে হয়। বিধি অনুযায়ী সমুদ্রগামী নৌযানে জীবন রক্ষাকারী বয়া, লাইফ জ্যাকেট, রেডিও, অগ্নিনির্বাপনব্যবস্থা, পর্যাপ্ত শুকনো খাবার, দেশলাই, দিকনির্ণায়ক যন্ত্র ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম থাকতে হবে। কিন্তু বেশির ভাগ নৌযানেই জীবন রক্ষাকারী এসব অপরিহার্য সরঞ্জাম থাকে না। অভিযোগ আছে, চট্টগ্রামে অবস্থিত মার্কেন্টাইল বিভাগের সদর দপ্তরে গিয়ে নৌযানের নিবন্ধন, নকশা অনুমোদন, নিবন্ধন হালনাগাদ করতে হয়। কিন্তু বেশির ভাগ ট্রলারের মালিক প্রয়োজনীয় ছাড়পত্র নেন না।কয়েকজন মাঝি জানান, অধিকাংশ সময় সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ইঞ্জিন বিকল হয়ে যায়। অথচ এমন নৌযান নিয়েই তাঁদের সাগরে যেতে হয় ।জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আহমদ বলেন, ‘এখানে সাত হাজারের বেশি মাছ ধরার যান রয়েছে। স্থানীয় জেলে সমিতি ও নৌযানের মালিক সমিতিকে উপজেলা প্রশাসনের মাধ্যমে জেলেদের তালিকা ও জীবন রক্ষাকারী সরঞ্জাম রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। অন্যথায় অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ চট্টগ্রাম মার্কেন্টাইল মেরিন বিভাগের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ হাবিবুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সারা দেশে সাড়ে তিন হাজারের মতো নৌযানের নিবন্ধন রয়েছে। সাগরে কোনো নৌযান দুর্ঘটনার শিকার হলে মার্কেন্টাইল মেরিন বিভাগকে জানানোর নিয়ম আছে। কিন্তু নৌযানের মালিকেরা কখনোই তা জানান না।’ তিনি আরও বলেন, ‘আগামী কিছুদিনের মধ্যে স্থানীয় মৎস্য বিভাগকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট এলাকার নৌযানের মালিকদের নিবন্ধন করার জন্য অনুপ্রাণিত করা হবে। পাশাপাশি বাংলাদেশ কোস্টগার্ডকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠানো হচ্ছে।’