স্বাধীনতার ৪০ বছরেও পটিয়া উপজেলা সদরের বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মিত হয়নি। বিদ্যালয়গুলোতে অস্থায়ী শহীদ মিনার তৈরি করেই শহীদ দিবস পলন করা হয়। জানা গেছে, পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়, এ এস রাহাত আলী উচ্চবিদ্যালয়, আবদুর রহমান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মোহছেনা মডেল সরকারি প্রাথমিক ও শশাংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার অধিকাংশ বিদ্যালয়ে শহীদ মিনার নির্মিত হয়নি। শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১৭৯টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২০টিতে শহীদ মিনার আছে। তবে মাধ্যামিক পর্যায়ে কয়টি বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে, মাধ্যমিক শিক্ষা কমকর্তা সে হিসাব দিতে পারেননি। পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুষার কান্তি দাশ প্রথম আলোকে বলেন, ‘পুরোনো বিদ্যালয় হিসেবে আমাদের বিদ্যালয়ে শহীদ মিনার থাকা উচিত ছিল। জাতীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় শিক্ষার্থীরা শহীদদের স্মরণ করতে পারছে না। বিদ্যালয়ে কমিটি না থাকায় এ ব্যাপারে সিদ্ধান্তও হয়নি।’ এ এস রাহাত আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ দাশ বলেন, ‘আমাদের বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় জাতীয় দিবসে শহীদদের উদ্দেশে শ্রদ্ধা জানানো হয় না।’ পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আবু তারেক হাছান ও অমিত দাশ বলে, ‘বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় আমরা একুশে ফেব্রুয়ারিসহ জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারি না। আমাদের মতো নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম সৃষ্টি করতে শহীদ মিনারের বিকল্প নেই।’উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লা প্রথম আলোকে বলেন, ‘উপজেলার ১৭৯টি বিদ্যালয়ের মধ্যে ২০টি বিদ্যালয়ে শহীদ মিনার তৈরি করা হয়েছে। যেসব বিদ্যালয়ে শহীদ মিনার নেই, সেসব বিদ্যালয়ে ইট দিয়ে অস্থায়ী শহীদ মিনার করে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।’ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার বলেন, ‘উপজেলায় কয়টি বিদ্যালয়ে শহীদ মিনার নেই তার কোনো পরিসংখ্যান আমার কার্যালয়ে নেই। জাতীয় দিবস পালনের জন্য সরকারিভাবে প্রত্যেক বিদ্যালয়ে চিঠি দেওয়া হয়। সরকারিভাবে শহীদ মিনার তৈরির বিষয়ে মন্ত্রণালয় থেকে এই ধরনের কোনো চিঠি আমরা পাইনি।’