বেসক্যাম্পে নববর্ষ উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এভারেস্ট-যাত্রা এবং এর প্রস্তুতির কাহিনি ধারাবাহিকভাবে ‘স্বপ্ন নিয়ে’ পাতায় লিখছেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমএসব ভাবছি আর সোম বাহাদুর গাড়ি থেকে ব্যাগ নামাচ্ছেন। এ সময় ঈশ্বরীর ছোট ভাই বেসক্যাম্প ম্যানেজার ভোলা পাড়ওয়াল এগিয়ে এসে পরিচয় দিয়ে বেসক্যাম্পের সব স্থাপনা বুঝিয়ে দিলেন। ডাইনিং টেন্ট, কিচেন টেন্ট, টয়লেট টেন্ট ইত্যাদি মৌলিক বিষয়ের পাশাপাশি নিজের তাঁবুও চিনে নিলাম। তাঁবুতে মোটা ফোমের ম্যাট্রেস বিছিয়ে সেখানে ব্যাগ ঢুকিয়ে রাখা হলো।ভোলা পাড়ওয়ালের সঙ্গে পরিচয়ের পর আমার এভারেস্ট অভিযানে আসার প্রেক্ষাপট ব্যাখ্যা করলাম। তাঁকে বললাম, এখান পর্যন্ত পৌঁছাতে যে পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছে শেরপা ও আমাকে, কাজেই এর যোগ্য প্রতিফল হতে পারে যে কাজে এসেছি, সে কাজে সাফল্য করায়ত্ত করা। এ জন্য তাঁর দলের সহায়তা খুব বেশি প্রয়োজন। ভোলা পাড়ওয়াল অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। এ সময় সোম বাহাদুরও দু-চারটা ঘটনার কথা ভোলাকে জানালেন। শুনে ভোলা বললেন, ‘এখানে যতজন মানুষ আছে, সবাই পর্বতারোহীদের সহায়তা করার জন্যই। সবাই নিঃস্বার্থভাবে পর্বতারোহীদের প্রতিটি কাজ করছে। সুতরাং তুমি কিছু ভেবো না। সবকিছু ঠিক থাকলে তুমি সফল হবেই।’ তাঁর আশ্বাসে বুক বাঁধলাম। আর দাঁতে দাঁত চেপে প্রতিজ্ঞা করলাম যে সব কষ্টের যোগ্য প্রতিফল হলো প্রতিযোগিতায় জয়ী হওয়া।গনগনে সূর্যের আলো তখন বেসক্যাম্পে। ফলে বেশ জোরে বয়ে চলা বাতাস তেমন ঠান্ডা মনে হচ্ছে না। রোদের ওম পেতে তাঁবুর বাইরে ম্যাট্রেসের ওপর কেউ কেউ শুয়ে থাকল। আন্তর্জাতিক দলে তাইওয়ানের দুজন, মন্টেনেগ্রোর তিন পর্বতারোহী জোকো, ব্লেকা ও স্ল্যাগি, সার্বিয়ার ডাক্তার ড্রাগুটিন, নেপালের লাল বাহাদুর ও বাংলাদেশ থেকে আমি—এই মোট আটজন পর্বতারোহী রয়েছি।আরও রয়েছে প্রায় ১৫ জন শেরপা গাইড, কিচেন কুক ও সাপোর্ট টিমের সদস্যরা। সব মিলিয়ে বেসক্যাম্প বেশ সরগরম। সবাই কর্মব্যস্ত। মূলত এ উচ্চতার ঠান্ডায় শরীরকে উষ্ণ রাখতেই সবার ব্যস্ততা। এ সময় জানা গেল, ব্রিটিশ পর্বতারোহীদের বিশাল এক দল রয়েছে একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায়। সেই দলের সদস্যসংখ্যা ২৩ জন। ফলে তাঁবু স্থাপন করতে হয়েছে গোটা পঞ্চাশেক। এই প্রতিষ্ঠানের পাশাপাশি আরও অনেক প্রতিষ্ঠানই আরও অনেক দেশের অভিযাত্রীদের এভারেস্ট অভিযানে যাওয়ার সুযোগ করে দিয়েছে। ফলে বেসক্যাম্প যেন তাঁবুর অরণ্য হয়ে গেছে।দুপুরে খেয়ে একটু বিশ্রাম নিতেই মাথাব্যথার ভূত যেন আবার চেপে বসল। এ সময় পাশের একটা পর্বত খাঁজে একাই চলে গেলাম ‘গো হাই, স্লিপ লো’ নিয়ম মেনে হাইকিং করতে। সেখান থেকে বেসক্যাম্প এলাকার বিশালত্ব চোখে পড়ল। মূলত রংবুক গ্লেসিয়ারের ওপর ডায়নামিক মোরেন যে জায়গাটিতে এসে শেষ হয়েছে, সেখান থেকেই পানির উৎসের আশপাশে গড়ে তোলা হয়েছে বেসক্যাম্প। চীনা সেনাবাহিনীর একটা ক্যাম্পও রয়েছে এখানে।পূর্ব থেকে পশ্চিমে বয়ে যাওয়া একটা বরফময় নদী গিয়ে মিশেছে উত্তরে বয়ে চলা আরেকটা বরফময় নদীর সঙ্গে। সকাল-সন্ধ্যা এখানে জোর বাতাস বয়ে চলে। বাতাসের ঝাপটা থেকে মুখ বাঁচাতে এ সময় কাপড় পেঁচিয়ে রাখলাম। এই হাইকিংয়ের পরও যখন মাথাব্যথা পুরো সারল না, এ সময় যত উচ্চতায় রয়েছি, ঠিক সেই পরিমাণ (পাঁচ হাজার মিটার উচ্চতায় পাঁচ লিটার, ছয় হাজার মিটারে ছয় লিটার) তরল পানের তত্ত্ব অনুসরণ করা শুরু হলো। ফলে বাকি সময়টা ডাইনিং টেন্টের ভেতরেই কেটে গেল। তাঁবুর মধ্যে ঢুকলে অবশ্য একটা সুবিধা রয়েছে, বাতাসের সঙ্গে হুল ফুটিয়ে চলা ঠান্ডা থেকে বাঁচা যায়। আর বাতাস যাতে ডাইনিং টেন্টের ভেতরে ঢুকতে না পারে, সে জন্য তাঁবুর কাপড় দুই স্তরবিশিষ্ট করে তাঁবু টানানো হয়েছে।এ সময় অন্যান্য পর্বতারোহীর সঙ্গে আলাপ হলো। সার্বিয়ার ডাক্তার ড্রাগুটিন এবং মন্টেনেগ্রোর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ব্লেকা ইংরেজিতে বেশ পারদর্শী। তবে মন্টেনেগ্রোর অন্য দুই পর্বতারোহী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের কর্মকর্তা জোকো এবং স্ল্যাগি ইংরেজি সামান্য বুঝলেও ইংরেজিতে কথা বলতে পারেন না। তাঁদের জন্য ড্রাগুটিন ও ব্লেকা দোভাষীর কাজ করছেন। আর তাইওয়ানের দুই পর্বতারোহী ইংরেজি বোঝেনও না, কথাও বলেন তাইওয়ানিজ ভাষায়। সবচেয়ে বড় সমস্যা ছিল যে তাঁদের হয়ে কেউ দোভাষীর কাজ না করায় তাঁদের সঙ্গে কথোপকথনও ছিল একেবারে সীমিত। ইশারা-ভাষায় টুকটাক কাজ চালানো গেলেও সেটা তো সাবলীল যোগাযোগের মাধ্যম নয়। কাজেই তাইওয়ানের দুই পর্বতারোহী নিজেদের মধ্যেই মশগুল থাকতেন সব সময়।এই রাতে স্ল্যাগির ইংরেজি শুনে হাসি ধরে রাখতে পারলাম না। ঘটনাটা হলো, ডাইনিং টেন্টের ভেতর একটা টেবিল পেতে তার চারদিকে চেয়ার রাখা হয়েছে পর্বতারোহীদের বসার সুবিধার জন্য। তবে জায়গার স্বল্পতার কারণে সেই চেয়ার তাঁবুর গায়ে লেগে যাওয়ায় যদি কেউ খাবার টেবিলের একেবারে শুরুর দিকে বসেন, তাহলে তাঁকে ভেতরের দিকে অন্য পর্বতারোহীদের যাওয়ার সুযোগ করে দিতে বারবারই উঠতে হয়। আর টেবিলে বাদাম, কিশমিশ, বিস্কুট, চকলেট, দুধ, চকলেট পাউডার, গরম পানি-চা-দুধের আলাদা ফ্লাস্ক ইত্যাদি জিনিসপত্র রাখায় টেবিল ভরে থাকে। এর ফলে টেবিলের শুরুর দিকে যাঁরা বসেন, তাঁদের বাধ্য হয়েই থালায় সাজানো খাবার-দাবার এগিয়ে দিতে হয় টেবিলের শেষ দিকে বসা পর্বতারোহীদের কাছে। এটা এক ধরনের ভদ্রতাও।রাতের খাবার ছিল বেশ ঝকমারি। ইউরোপীয় ধাঁচের খাবারে এদিন ছিল বাটার দিয়ে সবজি, নুড্ল্স, স্যুপ, বিফস্টেক ইত্যাদি। যদিও আমার ‘টেস্ট’ অনুসারে কোনোটাই ছিল না, কাজেই কোনোমতে সেই সব খাবার গিললাম। সব শেষে এই রাতে সবাইকে অবাক করে দিয়ে ‘কুক’ বানিয়ে আনল নতুন বছরের কেক। নতুন বছর? ভুলেই গিয়েছিলাম যে আজ পয়লা বৈশাখ (১৪ এপ্রিল) এবং এদিনটি বাংলা নববর্ষের মতো নেপালেরও নতুন বছরের প্রথম দিন। আমাদের বাংলা নতুন বছর ১৪১৭ হলেও নেপালিদের ২০৬৭। নতুন বছরকে বরণ করে নিতেই এই ‘আপেল কেক’ বানানো হয়েছে। শেরপা, সাপোর্ট টিম, পর্বতারোহীসহ আরও অনেকেই এই ক্ষণটুকু উদ্যাপন করলাম কেক কেটে।[email protected][বাকি অংশ আগামী পর্বে]