বেসরকারি ডিপোতে দুই পণ্য খালাস স্থগিত করল রাজস্ব বোর্ড
চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া পোশাকশিল্পের দুই ধরনের কাঁচামাল বেসরকারি কনটেইনার ডিপোতে খালাস সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। বেসরকারি কনটেইনার ডিপোতে অতিরিক্ত মাশুল নেওয়ার বিষয়ে বিজিএমইএর অভিযোগের পর গত রোববার এই নির্দেশ দেয় জাতীয় রাজস্ব বোর্ড।বন্দর সূত্রে জানা গেছে, গত ৮ জানুয়ারি থেকে এই দুটি আমদানিপণ্য বন্দর থেকে নিয়ে বেসরকারি কনটেইনার ডিপোতে খালাসের বাধ্যবাধকতার নোটিশ জারি করেছিল বন্দর কর্তৃপক্ষ। এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর রাজস্ব বোর্ড এক আদেশে এই দুটি পণ্য বন্দর থেকে বেসরকারি ডিপোতে নিয়ে খালাসের অনুমতি দিয়েছিল। স্থগিত করা পোশাকশিল্পের এই দুটি আমদানি কাঁচামাল হলো ফেব্রিকস (নিট ও ওভেন) এবং অ্যাক্রেলিক ইয়ার্ন। এ প্রসঙ্গে বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘বন্দর থেকে আরও বেশি আমদানিপণ্য বেসরকারি ডিপোগুলোতে খালাস হোক, সেটা আমরাও চাই। কিন্তু এই দুই পণ্যের ব্যবহারকারী আমরা। তাই পণ্য খালাসের আগে মাশুল ও ডিপোর অবকাঠামোগত সুযোগ-সুবিধার বিষয়ে ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।’ তিনি বলেন, এখন বন্দরের একটি কমিটি এই বিষয়গুলো তদন্ত করে প্রতিবেদন দেওয়ার পর নতুন করে সিদ্ধান্ত হবে। তবে বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো মালিক সমিতি—বিকডার সভাপতি নুরুল কাইয়ুম খান একাধিকবার প্রথম আলোকে বলেছেন, বিজিএমইএর খরচ বাড়ার কোনো কারণ নেই। কারণ, বন্দরের চেয়ে বেসরকারি ডিপোতে কনটেইনার রাখা এবং খালাসের ভাড়া অনেক কম।বন্দর ও কাস্টম হাউস সূত্র জানায়, এর আগে দুই দফায় মোট ১৭টি কনটেইনার ভর্তি পণ্য বেসরকারি ডিপো থেকে খালাসের বাধ্যবাধকতা জারি করা হয়। এই ১৭টি পণ্যের মধ্যে রয়েছে চাল, ডাল, গম, সরিষা, ছোলা, পশুখাদ্য, লোহার স্ক্র্যাপ, তুলা এবং পুরোনো সংবাদপত্র (ওয়েস্ট পেপার), হার্ডকোক, কার্বনব্যাক, মার্বেল চিপস, বলক্লে, পেঁয়াজ, আদা, রসুন ও সার। বেসরকারি ডিপো মালিক সমিতি সূত্র জানায়, ২০১১ সালে বন্দর দিয়ে এই ১৭টি পণ্যের কনটেইনার আমদানি হয় ৭৯ হাজার ৬৫৭টি (প্রতিটি ২০ ফুট দীর্ঘ)। এগুলো সবই বন্দর থেকে বেসরকারি আইসিডিতে স্থানান্তর করে খালাস করা হয়। বিকডার সচিব রুহুল আমিন সিকদার গতকাল প্রথম আলোকে বলেন, গত ৮ জানুয়ারি থেকে এ পর্যন্ত স্থগিত হওয়া দুই পণ্যের প্রায় ৫০০টি কনটেইনার বন্দর থেকে বেসরকারি ডিপোতে নিয়ে খালাস করা হয়। কাস্টম হাউসের তথ্য অনুযায়ী, বর্তমানে চট্টগ্রামে অনুমোদনপ্রাপ্ত ১৯টি বেসরকারি কনটেইনার ডিপো রয়েছে। এসব ডিপোতে আমদানিপণ্য খালাস, রপ্তানি পণ্য কনটেইনারে বোঝাই এবং খালি কনটেইনার সংরক্ষণ করা হয়।