বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ও প্রকৌশল কলেজের ওপর আরোপিত সাড়ে সাত শতাংশ কর প্রত্যাহারের দাবি জানিয়েছে শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন। সম্প্রতি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ অধিভুক্ত শিক্ষার্থীরা কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে। মানববন্ধনে সংহতি জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অর্পণ পালের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন জুয়েল বড়ুয়া, ইমন ফারাবি, নোমান বিন খুরশীদ, মো. সিরাজুল ইসলাম প্রমুখ। বক্তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেতন ও ভর্তি ফি সরকারিভাবে নির্ধারণের দাবি জানান। এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সহসভাপতি মুক্ত ভট্টাচার্য, সিটি কলেজের ছাত্র মো. সায়েম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজেশ্বর দাশগুপ্ত প্রমুখ। বক্তারা বলেন, দেশে এখন ৮৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায় চার লাখ শিক্ষার্থী এবং ৬৬ বেসরকারি মেডিকেলে প্রায় ২০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। দেশে পর্যাপ্ত সরকারি বিশ্ববিদ্যালয় নির্মাণ না করায় উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত শ্রেণির পাশাপাশি নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরাও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে পড়ছে। সরকার তাঁদের পড়ালেখার দায়িত্ব না নিয়ে উল্টো কর বসিয়ে শিক্ষার পথে বাধা সৃষ্টি করছে। বিজ্ঞপ্তি।