বেহাল কর্ণফুলীর ঘাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রঙিলা মাঝি রে, এই ঘাডতদ্দি সাম্পান ভিড়াইও...।’ শেফালী ঘোষের গাওয়া বহুল শ্রুত এই গানের সেই ঘাট এখনো আছে কর্ণফুলীর পাড়ে। কিন্তু সেই ঘাটে সুজন মাঝির অপেক্ষায় থাকে না কোনো নারী, ভেড়ে না সাম্পানও। কারণ কর্ণফুলীর সাম্পান যেমন শুধু গানেই আছে, তেমনি পারাপারের ঘাটও অস্তিত্ব হারাচ্ছে। তার কিছু চিহ্ন পাওয়া গেল বিখ্যাত অভয়মিত্রঘাটে। নৌকায় ওঠার জন্য নদীর দিকে ৩০০ ফুট লম্বা পাকা সেতু রয়েছে, কিন্তু ভাটার সময় পানির সঙ্গে সংযোগ থাকে না ঘাটের। নদীর নাব্যতা কমে যাওয়ায় পাকা সেতুর সঙ্গে যুক্ত করা হয়েছে ৪০০ ফুট লম্বা বাঁশের সাঁকো। ওই সাঁকো দিয়ে দক্ষিণ পারের চরলক্ষ্যা, চরপাথরঘাটা, ডাঙ্গার চরের শত শত মানুষ পারাপার হচ্ছে প্রতিদিন। বাঁশের সাঁকো দিয়ে চলতে গিয়ে বিড়ম্বনায় পড়ে যাত্রীরা। অনেক সময় কাদা মাড়িয়ে নৌকায় উঠতে হয়। এ ঘাটে যাত্রীছাউনি থাকলেও শৌচাগার নেই।সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে থাকা কর্ণফুলী নদীর ১৮ নৌঘাটের বেশির ভাগই নানা সমস্যায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। এর মধ্যে পতেঙ্গা ৯, ১২, ১৪, বিওসি স্পট ঘাটের অবস্থা খারাপ। সিটি করপোরেশন বছর বছর এসব ঘাট ইজারা দিয়ে রাজস্ব আদায় করছে। কিন্তু রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ইজারাদার ও যাত্রীরা।গতকাল সকাল সাতটায় পতেঙ্গা ১৫ নম্বর ঘাটে দেখা যায়, নৌকায় ওঠার যে ছোট পাকা সেতু আছে, তাতে গর্তের সৃষ্টি হয়েছে। ঘাটের ইজারাদার পরিচয় দিয়ে সফি আহমদ নামের এক ব্যক্তি বলেন, ‘ঘাট সংস্কারের জন্য সিটি করপোরেশনের ভূসম্পত্তি বিভাগে আবেদন করেছি। কিন্তু কর্তৃপক্ষের কোনো নড়াচড়া নেই।’ ১১ নম্বর ওমর আলী মাতব্বরঘাটে ইস্টার্ন রিফাইনারির কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, ‘বিদ্যুৎ না থাকায় সন্ধ্যায় চলাচল করা কঠিন, বিশেষ করে নারীদের সমস্যায় পড়তে হয় বেশি।’ সল্টগোলা ঘাটে শৌচাগার নেই। তবে যাত্রীছাউনি আছে, তাতে আছে বিদ্যুৎসংযোগও। কিন্তু বাতি জ্বলে না।গত রোববার সকালে অভয়মিত্রঘাটে কথা হয় চরলক্ষ্যার বাসিন্দা ইমতিয়াজ হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘আমি মাঝিরঘাটের একটি কারখানায় চাকরি করি। প্রতিদিন এ ঘাট দিয়ে যাতায়াত করতে হয়। জোয়ারের সময় সমস্যা না হলেও ভাটায় নদীর দেখা পায় না ঘাট। তখন যাত্রীদের দুর্ভোগের অন্ত থাকে না।’ মাছ ব্যবসায়ী মোহাম্মদ হাশেম বলেন, ‘যাত্রীছাউনিতে বৈদ্যুতিক বাতি থাকলেও সেতু ও বাঁশের সাঁকোতে নেই। সন্ধ্যার পর ঘাটে মাঝিও থাকে না।’অভয়মিত্রঘাটের ইজারাদার আনোয়ারুল হকের কর্মচারী আবদুল কুদ্দুস বলেন, ‘তিন লাখ টাকার বেশি খরচ করে ঘাট ইজারা নিলেও বছর শেষে লোকসান হয়। ঘাটের অবস্থা ভালো না হওয়ায় লোক পারাপার কমে গেছে।’সিটি করপোরেশন সূত্রে জানা যায়, বাংলা ১৪১৭ সালে (এক বছর) ১৬টি ঘাট ইজারা দেওয়া হয়েছে এক কোটি ১৪ লাখ ৬৭ হাজার ৪০২ টাকায়। এর মধ্যে ফিশারিঘাট, বাংলাবাজার ও পতেঙ্গা ১৫ নম্বর ঘাটের ইজারামূল্য সবচেয়ে বেশি। বেশিসংখ্যক মানুষ পারাপার হওয়ায় তিন ঘাটের ইজারামূল্য বেশি। দরপত্র আহ্বান করে সাড়া না পাওয়ায় ফিশারিঘাটের পশ্চিমের ঘাটটি বন্ধ করে দিয়েছে সিটি করপোরেশন। চাক্তাইঘাটসংলগ্ন পাঁচটি লবণঘাটেরও একই অবস্থা হয়েছে।দেখা যায়, ফিশারিঘাটে যাত্রীছাউনি নেই। নদীর দিকে পাকা সেতুও নেই। ভাটার সময় কাদা মাড়ানো ছাড়া উপায় থাকে না যাত্রীদের। ঘাটের ইজারাদার মেসার্স ভান্ডার করপোরেশনের কর্মচারী তাপস দাশ বলেন, ‘সিটি করপোরেশন প্রতিবছর ইজারা দিয়ে টাকা আয় করলেও উন্নয়নে কোনো কাজ করছে না। নিজেদের টাকায় ফিশিং বোট থেকে মাছ আনা-নেওয়ার জন্য রাস্তা বানিয়েছি।’ ফিসারিঘাট ব্যবহারকারী কুদ্দুস মিয়া জানান, ‘প্রতিদিন কয়েক হাজার মানুষ এ ঘাট ব্যবহার করেন। অথচ ঘাটে একটি শৌচাগারও নেই।’ একই চিত্র চাক্তাই খালের পাশে পানঘাট (গাইজ্জেরঘাট) এবং চাক্তাইঘাটেরও। বাংলাবাজারঘাটে যাতায়াতের জন্য প্রশস্ত রাস্তা নেই। মসজিদ লেনে বিকল্প একটি রাস্তা থাকলেও সেখানে দোকানপাটের কারণে সংকুচিত হয়ে পড়েছে। প্রায় ২০ লাখ টাকা দিয়ে ঘাট ইজারা নিয়েছে কাদেরিয়া এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। তবে মাঝি-মাল্লারা এটির তত্ত্বাবধান করেন বলে জানা যায়। বৃহত্তর চট্টগ্রাম সাম্পান ছোট ট্রলার এবং জলযান সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, ‘প্রায় আড়াই শ নৌকা বাংলাবাজারঘাট ব্যবহার করে। প্রতিদিন কম হলেও দেড় হাজার মানুষ পারাপার করেন। আমরা ঘাটের তত্ত্বাবধান করি, বিনিময়ে দৈনিক সাড়ে আট হাজার টাকা ইজারাদারকে দিতে হয়। অথচ পাশের সদরঘাটের ইজারামূল্য দুলাখ ৩০ হাজার টাকা।’ নাম প্রকাশ না করে এক মাঝি বলেন, ‘এ ঘাট ইজারা পাওয়ার ন্যায্য অধিকার মাঝিদের। কিন্তু প্রভাবশালী লোকজন চড়া দামে ঘাট ইজারা নিয়ে বোঝা চাপিয়ে দেন আমাদের ওপর।’ জানা যায়, সিটি করপোরেশনের ১৮ ঘাটের পাশাপাশি ১২-১৩টি অবৈধ ঘাটও রয়েছে। কিছু লোক গুদামের জন্য বন্দরের জায়গা ইজারা নিয়ে ঘাট বানিয়ে ব্যবহার করছেন। এতে বন্দরের কিছু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশ রয়েছে। স্থানীয় লোকজন অভিযোগ করেন, ফিশারিঘাটের পশ্চিমে হায়দারঘাট, জোবায়েরঘাট, তানভীরঘাট নামে তিনটি অবৈধ ঘাটের অস্তিত্ব রয়েছে। হায়দারঘাটে প্রায় অর্ধশত মাছ ধরার নৌকা নোঙর করা থাকে। এফবি আসাদের মাঝি মোহাম্মদ মুনীর বলেন, ‘মাসে দুবার এ ঘাটে নোঙর করি। প্রতিবার ৫০০ টাকা দিতে হয়।’ ঘাটের তত্ত্বাবধানকারী পরিচয় দিয়ে মো. সেলিম নামে একজন বলেন, ‘বন্দর থেকে এ জায়গা ইজারা নেওয়া হয়েছে।’ এই ঘাটের বাণিজ্যিক ব্যবহারের অনুমতি আছে কি না জানতে চাইলে তিনি নিরুত্তর থাকেন।’ সিটি করপোরেশনের ভূসম্পত্তি কর্মকর্তা আহসানুল হক এ ব্যাপারে বলেন, ‘ঘাট ব্যবহারকারীদের কাছ থেকে কোনো অভিযোগ পাইনি। সব ঠিক আছে।’