বেহাল চট্টগ্রাম-কাপ্তাই বিকল্প সড়ক
চট্টগ্রাম-কাপ্তাই পথে (রুটে) কালভার্ট নির্মাণকাজের জন্য তৈরি দুটি বিকল্প সড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কে হাঁটুসমান কাদা। ধসে গেছে এর কিনারা। বিভিন্ন জায়গায় মাটি দেবে উঁচু-নিচু হয়ে গেছে সড়ক। ভারী যানবাহনসহ সিএনজি অটোরিকশা প্রায় সময় আটকা পড়ছে। প্রায়দিন ঘটছে দুর্ঘটনা। এতে চালকসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।সরেজমিনে দেখা যায়, সড়ক দুটির দুপাশে শত শত সিএনজি অটোরিকশার দীর্ঘ জট। ৩ এপ্রিল গোডাউন এলাকায় অটোরিকশাযাত্রী মনির হোসেন (৪১) জানান, এক ঘণ্টা ১৩ মিনিট অপেক্ষা করেও সড়কটি পার হতে পারেননি। এ সময় স্থানীয় লোকজন জানান, বিকল্প সড়ক দুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সিএনজি অটোরিকশাগুলো খুব সাবধানে যাতায়াত করতে হয়। একটি পেরোতে ১৫-২০ মিনিট সময় লাগে। ইতিমধ্যে অনেক অটেরিকশা, একটি লরি এবং ট্রাক উল্টে খাদে পড়েছে বলে তাঁরা জানান। জানা যায়, সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার গোডাউন ও ইছাখালি এলাকায় ঝুঁকিপূর্ণ দুটি কালভার্ট নির্মাণের উদ্যোগ নেয় চলতি অর্থবছরে। প্রায় এক কোটি ২০ লাখ টাকা ব্যয়ে কালভার্ট দুটির নির্মাণকাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান শাহাজালাল ম্যানুফ্যাকচারার্স। গত মার্চের মাঝামাঝি কালভার্ট দুটির নির্মাণকাজ শুরু হয়। শুরুতেই কালভার্টের পাশে একটি করে বিকল্প সড়ক নির্মাণ করা হয় মাটি ও ভেঙে ফেলা কালভার্টের কংক্রিট দিয়ে। কাপ্তাই বাসচালক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম অভিযোগ করেন, নরম মাটির ওপর ভাঙা কালভার্টের কংক্রিট দিয়ে তৈরি হওয়ায় সড়কটি মজবুত হয়নি। তাই বিকল্প সড়ক দিয়ে বাস, ট্রাক ও মালবাহী লরির মতো ভারী যানবাহন চলাচল করায় সড়ক দুটি নিচের দিকে দেবে যায়। এ অবস্থায় গত ২৬ মার্চ রাতে হালকা বৃষ্টিপাতের পর ২৭ মার্চ সকাল নয়টায় ১৪ চাকার একটি লরি গোডাউন এলাকার বিকল্প সড়কে ধসে পড়ে। এটি কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্রের জন্য বৈদ্যুতিক ট্রান্সফরমার বহন করছিল। ওই দিন কাপ্তাই সড়কে বাস, ট্রাক, মাইক্রো, জিপসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। ২৮ মার্চ বেলা দুইটায় লরিটি সরিয়ে নিলেও ধসে যাওয়া বিকল্প সড়ক মেরামত না করায় বাস, ট্রাক চলাচল বন্ধ থাকে। গত ৩১ মার্চ ভোরে পুনরায় ভারী বৃষ্টিপাত হলে ইছাখালি এলাকার বিকল্প সড়কটিও ধসে পড়ে। ফলে কাপ্তাই সড়কের এক কিলোমিটার অংশে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে পড়ে চট্টগ্রাম শহরের সঙ্গে রাঙ্গুনিয়া ও কাপ্তাই ও রাজস্থলী উপজেলার সড়ক যোগাযোগ। সিএনজি অটোরিকশাচালক সমিতির সভাপতি নুরুল আমিন জানান, বিকল্প সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর ভোগান্তি বেড়ে গেছে। রাঙ্গুনিয়া ও কাপ্তাই ও রাজস্থলী উপজেলার যাত্রীরা প্রথমে সিএনজি অটোরিকশায় করে এসে ইছাখালি নামেন। তারপর ধসে যাওয়া সড়কের প্রায় এক কিলোমিটার পথ হেঁটে গোডাউন এলাকায় গিয়ে পুনরায় সিএনজি অটোরিকশায় চড়ে শহরে যাতায়াত করেন। অপরদিকে চট্টগ্রাম শহর থেকে আসা যাত্রীরা গোডাউন থেকে ইছাখালি এসে কাপ্তাই ও রাজস্থলী উপজেলায় যাতায়াত করেন। সড়ক ও জনপথ বিভাগ যানবাহন চলাচলের জন্য ২ এপ্রিল ধসে যাওয়া সড়কে বাঁশের বেড়া দিয়ে পুনরায় মাটি ভরাট করে লোহার পাত স্থাপন করে। কিন্তু ওই লোহার পাতও সিএনজি অটোরিকশার চাপে মাটির ভেতর দেবে যায়। সড়কের পাশ ধসে মাটির নিচে চাপা পড়েছে বাঁশের বেড়া। এ অবস্থায় বিকল্প সড়ক থেকে ছিটকে সিএনজি অটোরিকশা প্রায় সময় খাদে গিয়ে পড়ছে। ৩ এপ্রিল ধসে পড়েছে একটি খালি ট্রাক। বিকল্প সড়ক দুটি এখন চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মরণফাঁদে পরিণত হয়েছে ।ঠিকাদার মোহাম্মদ মুছা বলেন, ‘নতুন মাটি ভরাট করায় সড়ক দুটি বৃষ্টির পানিতে ধসে গেছে। এগুলো বর্তমানে যানবাহন চলাচলের উপযোগী করে তোলা হয়েছে। তা ছাড়া এটি তো আর স্থায়ী সড়ক নয়। তাই কালভার্ট নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত একটু কষ্ট তো হবেই।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘কালভার্ট নির্মাণকাজের শর্তানুয়ায়ী বিকল্প সড়কগুলোও যানবাহন চলাচলের উপযোগী করে তৈরি করার কথা। ধসে পড়ার মতো করে তৈরির করার কথা নয়। এ ক্ষেত্রে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের গাফিলতি রয়েছে।’সড়ক ও জনপথ বিভাগের রাঙ্গুনিয়া আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী আবুল কাসেম এ প্রসঙ্গে বলেন, বিকল্প সড়ক দুটিতে ধারক দেয়াল ও ইট বসানোর আগে বৃষ্টি শুরু হয়। তাই সড়কের অবস্থা নাজুক হয়ে পড়ে। সড়ক দুটিতে সব ধরনের যানবাহন চলাচলের উপযোগী করে তোলার চেষ্টা চলছে বলে তিনি জানান।