বেহাল ছয় সড়কে কষ্টে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়া পৌর সদরের বাসস্টেশন সড়কের পিচঢালাই উঠে গিয়ে যান চলাচলের অযোগ্য হয়ে      পড়েছে l প্রথম আলো
সাতকানিয়া পৌর সদরের বাসস্টেশন সড়কের পিচঢালাই উঠে গিয়ে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে l প্রথম আলো

সাতকানিয়া পৌরসভার ওয়াপদা সড়ক। প্রায় এক কিলোমিটারের সড়কটির এখন ক্ষতবিক্ষত চেহারা। পিচঢালাই নেই। গর্তে ভরা সড়কে গাড়ি তো দূরে, হেঁটে চলতেও কষ্ট হচ্ছে পৌরবাসীর। সরেজমিনে এই চিত্র দেখা যায়।
সড়কটি সংস্কারের জন্য বারবার পৌরসভায় আবেদন-নিবেদন করেও কোনো কাজ হয়নি। ফলে সংস্কার না হওয়ায় দিন দিন বেহাল হয়ে পড়েছে সড়ক। এটির মতো পৌরসভা পৌর সদর বাসস্টেশন, মুচিপট্টি, আদালত মসজিদ, থানা ও আদালত সড়কের অবস্থাও নাজুক। সড়কগুলোয় যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছে পৌরবাসী।
সরেজমিনে দেখা গেছে, আদালত সড়কের প্রায় আধা কিলোমিটার এলাকায় পিচঢালাই নেই। সৃষ্টি হয়েছে বড় গর্ত। ওয়াপদা সড়কে ধুলাবালুর অত্যাচারে ত্রাহি অবস্থা। মুচিপট্টি সড়কে পানি নিষ্কাশনের পথ সংকীর্ণ হওয়ায় স্যাঁতসেঁতে হয়ে আছে। এ ছাড়া আদালত মসজিদ, থানা ও পৌর সদর সড়কও গর্তে ভরে গেছে।
থানা সড়কের পাশের ভোয়ালিয়াপাড়ার বাসিন্দা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, আট-নয় বছর আগে সড়কটি সংস্কার করা হয়েছিল। এর ভেতর আর কোনো সংস্কারকাজ করা হয়নি। ফলে সড়কজুড়েই খানাখন্দ। বছরের পর বছর এ অবস্থা চললেও বিষয়টি যেন দেখার কেউ নেই।
সাতকানিয়া সরকারি কলেজের স্নাতকের শিক্ষার্থী মো. কামাল উদ্দিন বলেন, ‘আনু ফকির দোকান থেকে কলেজ পর্যন্ত যানবাহনে যাওয়া দূরে হেঁটে যাওয়াও কষ্টকর। নিয়মিত কয়েক দিন কলেজে আসা-যাওয়া করলে অসুস্থ হয়ে পড়ি।’
মুচিপট্টি সড়কের ব্যবসায়ী জিয়াউর রহমান বলেন, সড়কজুড়ে গর্ত থাকায় মালামাল আনা-নেওয়ার ক্ষেত্রে খরচ পড়ছে বেশি। এতে পণ্যের দামেও তার প্রভাব পড়ছে। অনেক সময় সড়ক বেহালের অজুহাতে গাড়ির চালকেরা মালামাল পরিবহনে অনীহা দেখান।
সাতকানিয়া পৌরসভা সূত্র জানায়, পৌর সদরের আটটি সড়কের মধ্যে বাজার ও উপজেলা সড়কে সংস্কারকাজ করা হয়েছিল। এর মধ্যে গত আগস্ট মাসের বন্যার পানিতে ডুবে উপজেলা সড়কের পিচঢালাই উঠে গেছে। অন্য সড়কগুলো সংস্কারের ব্যাপারে প্রকল্প তৈরি করা আছে। অর্থের অভাবে সড়কগুলোয় সংস্কারকাজ শুরু করা যাচ্ছে না। এ ব্যাপারে পৌরসভার মেয়র মোহাম্মদুর রহমান বলেন, পৌর মেয়রের দায়িত্ব নেওয়ার আগে পৌর সদর ও অন্য ওয়ার্ডগুলোর অধিকাংশ সড়কের অবস্থা নাজুক ছিল। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অধিকাংশ সড়ক ইতিমধ্যে সংস্কার করা হয়েছে। পৌর মেয়র আরও বলেন, পৌর সদরের সড়কগুলো সংস্কারের জন্য প্রকল্প তৈরি করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে অর্থ না থাকায় এগুলো সংস্কার করা সম্ভব হয়নি। বিশ্বব্যাংকের অর্থায়নে সড়কগুলো সংস্কারের চেষ্টা চলছে। অর্থ পাওয়া গেলে সব সড়কই সংস্কার করা হবে।