বেহাল ফটিকছড়ির কাঞ্চননগর সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের বেশির ভাগ অংশ বিধ্বস্ত হয়ে গেছে। কিছু কিছু স্থান যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উঠে গেছে সড়কের পিচঢালাই। কোথাও কোথাও ইট-সুরকিও নেই। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ব্যস্ত কাঞ্চননগর সড়কের এমন বেহাল দশা।
উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, ১৩ দশমিক ৪৬ কিলোমিটার দীর্ঘ কাঞ্চননগর সড়ক সংস্কার হয়েছিল ২০০৯ সালের জানুয়ারিতে। এরপর আর সড়কটি সংস্কার হয়নি। তার ওপর গত বর্ষায় বন্যা ও ভারী বৃষ্টিতে সড়কের অধিকাংশ স্থান ভেঙে গেছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, উপজেলা সদর এলাকা থেকে চৌমুহনী পর্যন্ত সড়কের কোনো চিহ্ন নেই। সড়কের ইট-সুরকি পর্যন্ত উধাও হয়ে গেছে। যানবাহন চলাচল করছে হেলেদুলে। ধুলাবালুতে একাকার হয়ে গেছে পুরো এলাকা।
কাঞ্চননগর গ্রামের বাসিন্দা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ আজিম উদ্দিন বলেন, গত বছরের বন্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কটির বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে কারও মাথাব্যথা নেই। যত ভোগান্তি যাতায়াতকারীদের।
ওই গ্রামের বিভিন্ন বাসিন্দা বলেন, এত দিন হেঁটে হলেও চলাচল করা যেত। কিন্তু বর্তমান শুষ্ক মৌসুমে চলাচল করতে গিয়ে ধুলাবালুতে একাকার হতে হচ্ছে।
জানা যায়, সড়কটি দিয়ে প্রতিদিন উপজেলার কাঞ্চুরহাট, পাইন্দং, চৌমুহনী, কাঞ্চননগর, লক্ষ্মীছড়ি, কর্ণফুলী চা-বাগানসহ বিভিন্ন এলাকার লক্ষাধিক লোকজন চলাচল করে। ভাঙা সড়কে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের। বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি হচ্ছে সবচেয়ে বেশি।
ফটিকছড়ি ডিগ্রি কলেজের শিক্ষার্থী পারভিন আকতার বলেন, ‘এই রাস্তা দিয়েই কলেজে যেতে হয় আমাদের। সড়কের অবস্থার খারাপ হওয়ার কারণে সপ্তাহে তিন দিন কলেজে যাতায়াত করি।’
ফটিকছড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুর রহিম বলেন, সড়কের বেহাল দশার কারণে কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি কমেছে। যাতায়াত ভাড়াও বেড়ে গেছে অনেক। ফলে স্বল্প আয়ের পরিবারের শিক্ষার্থীদের ভোগান্তি বেড়েছে।
সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশাচালক মুহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, সড়কে একবার চলাচল করলে গাড়ির অনেক ক্ষতি হয়। এ ছাড়া ধুলাবালুতে যাতায়াতকারীদের জামাকাপড় নষ্ট হয়ে যায়।
উপজেলা প্রকৌশলী মুহাম্মদ বিল্লাল হোসেন প্রথম আলোকে বলেন, সড়কটি এলাকাবাসীকে ভোগাচ্ছে। সড়কের চার কিলোমিটার অংশ মেরামতের জন্য ৯১ লাখ টাকা চেয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। শিগগিরই সংস্কারকাজ শুরু হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, সড়কটির কিছু কিছু স্থানের অবস্থা খুবই করুণ। ভাঙা অংশ দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।