বেহাল ফিলিস্তিনি গণতন্ত্র
সবকিছু স্বাভাবিকভাবে মেনে নেওয়ার মানুষ হানা নাসির। কিন্তু পশ্চিম তীরের প্রধানমন্ত্রী সালাম ফায়াদের মন্ত্রিপরিষদ পৌরসভা নির্বাচন বাতিলের যে ঘোষণা দিয়েছে, তা হজম করতে পারেননি ফিলিস্তিনের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার হানা। বিষয়টি গলায় কাঁটার মতো বিঁধে আছে তাঁর।গাজা কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী হামাস নেতা ইসমাইল হানিয়াও অবশ্য চান না, এই মুহূর্তে পৌরসভা নির্বাচন হোক। স্থানীয় এ নির্বাচনের মাধ্যমে তিনি হামাসের জনপ্রিয়তাকে এখন পরীক্ষার মুখে ফেলতে চান না।গত এক বছরেরও কম সময়ের মধ্যে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ নিয়ে তিনটি নির্বাচন বাতিল করল। প্রেসিডেন্ট, পার্লামেন্ট ও পৌরসভা—এ তিনটি নির্বাচনেরই নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। ২০০৫-০৬ সালে হানা নাসিরই মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম সফল এক নির্বাচন উপহার দেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা পর্যন্ত ওই নির্বাচনের প্রশংসা করেছিলেন। কিন্তু আজকের ফিলিস্তিন সেই পথ থেকে অনেকটাই দূরে সরে গেছে। অনেক পর্যবেক্ষকেরই মতে, একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পরিবর্তে আরব বিশ্বে আরেকটি স্বৈরতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পথেই এগিয়ে যাচ্ছে ফিলিস্তিন।২০০৬ সালের নির্বাচনে হামাস ক্ষমতায় আসায় পশ্চিমারা তাদের নীতিতে বড় ধরনের পরিবর্তন আনে। ফিলিস্তিনের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তারা তহবিল সরবরাহ বন্ধ করে দেয়। এর পরিবর্তে মাহমুদ আব্বাসের নিয়ন্ত্রণাধীন ফাতাহ দলকে তহবিল সরবরাহ শুরু করে।নির্বাচনে বিজয়ের পরপরই গাজা ভূখণ্ড থেকে ফাতাহকে উৎখাত করে হামাস। এর পরিপ্রেক্ষিতে পশ্চিমারা পশ্চিম তীরে সালাম ফায়াদের নেতৃত্বাধীন একটি অনির্বাচিত সরকারের পেছনে বিনিয়োগ শুরু করে। প্রধানমন্ত্রী ফায়াদ সেখানে মাহমুদ আব্বাসের প্রতিনিধি হিসেবে কাজ করছেন।সালাম ফায়াদ এরই মধ্যে তাঁর দক্ষতা দিয়ে পশ্চিমাদের প্রশংসা কুড়িয়েছেন। পশ্চিম তীরের শাসনব্যবস্থায় একটা শৃঙ্খলা দাঁড় করিয়েছেন তিনি। তবে সমালোচকদের অনেকে বলছেন, ফায়াদ যেসব অঙ্গীকার করেছিলেন, সেসবের বাস্তবায়ন এখনো তাঁরা দেখছেন না।বস্তুত ফিলিস্তিনের উভয় অংশের চেহারাই এক। পশ্চিম তীর ও গাজা দুটি স্থানেই সরকারব্যবস্থা অভিন্ন। দুটিই কর্তৃত্বপরায়ণ। ক্ষমতায় যেতে দুই পক্ষই নির্বাচন চাইছে। একই সঙ্গে তারা ভিন্নমতাবলম্বী ও স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধও অব্যাহত রেখেছে। নির্বাচনের বদলে জনগণের আবেগ-অনুভূতিকে কাজে লাগিয়ে ক্ষমতায় থাকাতেই হয়তো তাদের আগ্রহ বেশি। ফায়াদ প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন, ইহুদিদের তৈরি কোনো পণ্য কেনা যাবে না। পক্ষান্তরে তাঁর প্রতিদ্বন্দ্বী ইসমাইল হানিয়া মসজিদে মসজিদে গিয়ে তাঁর মতাদর্শের কথা তুলে ধরছেন এবং অনুসারীদের মধ্যে টাকা ছড়াচ্ছেন।ফিলিস্তিনের উভয় অঞ্চলের বাসিন্দারাই টুঁ শব্দটি না করে তাঁদের শাসকদের মেনে চলছেন। বিরুদ্ধাচরণ করলে পাছে শাসকদের রোষানলে পড়তে হয় এ আতঙ্ক সারাক্ষণ তাঁদের তাড়া করে ফিরছে। জনমত জরিপে দেখা গেছে, অভ্যন্তরীণ বিদ্রোহ, ইসরায়েলের দমনপীড়ন আর নিরন্তর সহিংসতায় ফিলিস্তিনিরা অভ্যস্ত হয়ে গেছেন। পশ্চিম তীর ও গাজা ভূখণ্ডকে একত্র করে একটি পূর্ণাঙ্গ ফিলিস্তিন রাষ্ট্র গঠনের স্বপ্ন বাস্তবায়ন এখনো অনেক দূরের ব্যাপার বলেই মনে করেন সবাই। ফাতাহ ও হামাসের মধ্যকার অভ্যন্তরীণ দ্বন্দ্ব তো আছেই, তার ওপর পশ্চিমাদের পক্ষপাতদুষ্টতা—তা যে উদ্দেশ্যেই হোক—এ নিয়ে আশাবাদী হতে দেয় না। ২০০৬ সালের নির্বাচনে হামাস বিপুল ব্যবধানে বিজয়ী হলেও সেই ফলাফল প্রত্যাখ্যান করার চেষ্টা চালানো হয়েছে। আর তাতে বড় ইন্ধন জুগিয়েছে পশ্চিমারা। ওই নির্বাচনে ফায়াদের দল পার্লামেন্টের ১৩২টি আসনের মধ্যে মাত্র দুটিতে জিতলেও হামাসের হাতে ফিলিস্তিনের ক্ষমতা তুলে দেওয়া হয়নি। তাই মাহমুদ জাহারের মতো বেশির ভাগ ফিলিস্তিনের মনে এই বিশ্বাস গেঁথে গেছে যে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতার পালাবদল সম্ভব নয়। বয়োবৃদ্ধ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সরে দাঁড়ালে কে তাঁর স্থলাভিষিক্ত হবেন? স্বাভাবিকভাবে পাশ্চাত্যের প্রথম পছন্দ প্রধানমন্ত্রী ফায়াদেরই প্রেসিডেন্ট হওয়ার কথা। কিন্তু তাঁর প্রতিদ্বন্দ্বীদের তালিকাও কম ছোট নয়। এসব প্রতিদ্বন্দ্বীর কেউ কেউ আবার সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যুক্ত। ফিলিস্তিনের ভবিষ্যৎ নেতা কোন পথে ক্ষমতায় আসবেন তা নিয়ে এ মুহূর্তে জোর দিয়ে কিছু বলা তাই প্রায় অসম্ভবই বলা চলে।