বেহাল বাঘাইছড়ির প্রাথমিক শিক্ষা কার্যক্রম
শিক্ষকেরা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হন না। অনেক বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতিতে পাঠদান করছেন তাঁদের মনোনীত ব্যক্তি। স্থানীয় লোকজন এদের বর্গা শিক্ষক বলে অভিহিত করেন। বেশ কয়েকজন শিক্ষক সরকারি নীতিমালা না মেনে প্রেষণে চলে গেছেন সদরের বিদ্যালয়গুলোতে। নির্ধারিত ছুটির বাইরেও বিদ্যালয়গুলোতে চলে অঘোষিত ছুটি। এ ছাড়া শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাসংকট তো রয়েছেই। এমন বেহাল দশায় পৌঁছেছে রাঙামাটির বাঘাইছড়ির প্রাথমিক শিক্ষা কার্যক্রম। দুর্গম এ অঞ্চলে অধিকাংশ অভিভাবকই দরিদ্র। শিক্ষার পর্যাপ্ত অবকাঠামোও নেই। তাই এ অঞ্চলের প্রাথমিক শিক্ষার সার্বিক হালচাল দেখে উদ্বিগ্ন অভিভাবকেরা।সাজেকের থলছড়া গ্রামের জ্ঞান প্রিয় চাকমা বলেন, ‘দুর্গম এ উপজেলায় সরকারি-বেসরকারি বেশির ভাগ বিদ্যালয়ের অবস্থা করুণ। সদরের কয়েকটি বিদ্যালয় ছাড়া বাকি সবকটি বিদ্যালয়ে অঘোষিত ছুটি দেওয়া হয়। শিক্ষকদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তার তদারকি না থাকায় শিক্ষকেরা নিজের ইচ্ছেমতো বিদ্যালয়ে আসছেন-যাচ্ছেন। কোনো জবাবদিহি ছাড়াই শিক্ষা কার্যক্রম চলছে।’ বাঘাইছড়ির অভিভাবক আলো প্রিয় চাকমা বলেন, ‘সরকারি ঘোষণা উপেক্ষা করে দুর্গম বিদ্যালয়গুলো থেকে প্রেষণের মাধ্যমে সদরের বিদ্যালয়গুলোতে বহু শিক্ষক চলে আসছেন। ফলে ওইসব বিদ্যালয়ে দেখা দিয়েছে চরম শিক্ষক সংকট।’ সাজেক ইউনিয়নের হগরা হেজিং গ্রামের চন্দ্র বিকাশ চাকমা বলেন, ‘সাজেক ইউনিয়নসহ প্রায় অর্ধশত গ্রামে এখনো কোনো বিদ্যালয় নেই। ফলে বঞ্চিত হচ্ছে দুর্গম এলাকার হাজারো শিক্ষার্থী।’উপজেলা শিক্ষা কার্যালয়ের অফিস সহকারী আবদুল লতিফ জানান, বাঘাইছড়ি উপজেলায় প্রাথমিক বিদ্যালয় আছে ৮৭টি। এর মধ্যে সরকারি ৫২টি, বেসরকারি ৩৫টি। মোট শিক্ষক-শিক্ষিকা আছেন ২৮৯ জন। সরকারি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ১৮৯ জন ও বেসরকারি শিক্ষক-শিক্ষিকা ১০০ জন। এসব বিদ্যালয়ে ১০ হাজার ৬৩২ জন শিক্ষার্থী লেখাপড়া করেন। সরকারি বিদ্যালয়গুলোতে ছাত্র-ছাত্রী আছে সাত হাজার ৯৭০ জন আর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন হাজার ৫৩৫ জন। উপজেলা শিক্ষা কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে মোট ৫৩ জন শিক্ষক অনুপস্থিত রয়েছেন। এ ছাড়া অন্যের হয়ে পড়াচ্ছেন এমন (বর্গা) শিক্ষকের সংখ্যা ৩৫ জন। এ ছাড়া প্রেষণে আছেন দুই জন।রুপালি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রহ্ম কুমার চাকমা প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক স্তরে ঠিকমতো পড়াশোনা না হওয়ায় মাধ্যমিক বিদ্যালয়ে মারাত্মক প্রভাব পড়ছে। ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া অধিকাংশ শিক্ষার্থী বাংলা পর্যন্ত পড়তে পারে না।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুজিত মিত্র চাকমা বলেন, ‘চারজনের জায়গায় কর্মরত আছি আমি একাই। প্রতিমাসে ১০টি বিদ্যালয় পরিদর্শন করার কথা। সে জায়গায় ৮৭টি বিদ্যালয় দেখতে হয়। অনেক শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগ রয়েছে। কিন্তু আমি সব বিদ্যালয়ে যেতে পারি না।’ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা বলেন, ‘আমার কাছে বেশ কিছু শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযুক্ত শিক্ষকদের শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। আমি প্রাথমিক শিক্ষা নীতিমালা পেয়েছি। উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তার দুটি পদ দীর্ঘদিন ধরে খালি। মাত্র একজন শিক্ষা কর্মকর্তা রয়েছেন।’ বাঘাইছড়ি উপজেলার প্রাথমিক শিক্ষার মান দিন দিন নিম্নমুখী হচ্ছে বলে তিনি জানান।