
কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ও পূর্ব বড়ভেওলা ইউনিয়নের বাসিন্দাদের চলাচলের একমাত্র মাধ্যম হচ্ছে আট কিলোমিটার দৈর্ঘ্যের সাহারবিল-বেতুয়া বাজার সড়ক। বন্যা ও ভারী বৃষ্টিতে সড়কটির তিন কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। ২০১০ সাল থেকে বিভিন্ন সময়ে বন্যা ও ভারী বৃষ্টিপাতে সড়কটির তিন কিলোমিটার অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এতে সড়কটি যান ও জন চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও সংস্কার হচ্ছে না।
স্থানীয় জনপ্রিতিনিধিরা অভিযোগ করেন, সড়কটির বেহাল অবস্থা সম্পর্কে জেলা ও উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলেও তাঁরা সংস্কারের উদ্যোগ নিচ্ছেন না।
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের চকরিয়া উপজেলা কার্যালয় থেকে জানা যায়, গত ২০০৭-০৮ অর্থবছরে ৫৭ লাখ টাকা ব্যয়ে সাহাবরবিল ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে উবিনিগ কার্যালয় পর্যন্ত তিন কিলোমিটার এলাকার সড়কে পিচ ঢালাই দেওয়া হয়। এরপর ২০১০ ও ২০১১ সালের বন্যায় সড়কটি তলিয়ে গেলে ওই অংশের সড়কের পিচঢালাই উঠে যায়। এখন সড়কটি ওই অংশ খানাখন্দে ভরা।
এ প্রসঙ্গে পূর্ব বড়ভেওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহিম খলিল বলেন, কয়েক দফা বন্যায় সাহারবিল বেতুয়া বাজার সড়কটির তিন কিলোমিটার অংশ ভেঙে গেছে। সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছে সাহারবিল ও পূর্ব বড়ভেওলা ইউনিয়নের মানুষজন। সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিম বলেন, বন্যা পরবর্তী সময়ে সড়কটি সংস্কারের জন্য স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন জানানো হয়েছে। কিন্তু এরপরও সংস্কারকাজ শুরু হয়নি। উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন বলেন, ‘সাহারবিল-বেতুয়া বাজার সড়কের ২ দশমিক ৩৮২ কিলোমিটার অংশ সংস্কারের জন্য ৬২ লাখ ৪৪ হাজার ৯৬৭ টাকা ব্যয় ধরে নির্বাহী প্রকৌশলী বরাবর চাহিদাপত্র পাঠানো হয়েছে। আশা করছি শিগগরই বরাদ্দ মিলবে।’