সড়কজুড়ে বড় বড় গর্ত। বিছানো ইট উঠে গিয়ে ক্ষতবিক্ষত অবস্থা। সামান্য বৃষ্টি হলেই কাদাপানিতে একাকার হয়ে যায়। সড়কের বেহাল দশার কারণে পাঁচ বছর ধরে বন্ধ গাড়ি চলাচল। ফলে চলাচল করতে হয় হেঁটে। প্রতিদিন ভোগান্তি সয়ে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের হাইস্কুল সড়কটিতে চলাচল করছেন ১০ গ্রামের মানুষ।স্থানীয় লোকজন জানান, ১৯৯৪ সালে সড়কটিতে ইট বিছানো হয়। কিন্তু এরপর আর সংস্কার করা হয়নি। ফলে দিন দিন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। ইউনিয়নের মুহুরীপাড়ার বাসিন্দা সুলতান রিপন বলেন, কাঁচা সড়কে ইট বিছানোর পর মুহুরীপাড়া, মগঘোনা, দর্দরীঘোনাসহ ১০ গ্রামের হাজার হাজার মানুষ ভোগান্তি থেকে মুক্তি পান। এলাকায় উৎপাদিত লবণ, মাছ ও তরিতরকারি গাড়িতে করে দ্রুত বিভিন্ন এলাকায় সরবরাহ নিশ্চিত হয়। কিন্তু ইটের রাস্তাটি ভেঙে যাওয়ায় গত পাঁচ বছর ধরে জিপ, মাইক্রোবাস, টেম্পোসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। স্কুল-কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া হাজারো শিক্ষার্থী প্রতিদিন কয়েক কিলোমিটার ভাঙা রাস্তায় হেঁটে আসা-যাওয়া করছে। স্থানীয় লবণ ব্যবসায়ী রবিউল আলম, মোশাররফ হোসেন, জয়নাল আবেদীন ও দেলোয়ার হোসেন বলেন, এই সড়কটি এখন মানুষের আয়-রোজগারের পথ বন্ধ করে দিচ্ছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় সড়কের দুই পাশে গত তিন বছর ধরে বিপুল পরিমাণ জমিতে লবণ উৎপাদনও বন্ধ রয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল মোস্তফা চৌধুরী বলেন, সড়কটি পাকা করার জন্য নানাভাবে চেষ্টা তদবির চলছে। কিন্তু বরাদ্দ পাওয়া যাচ্ছে না। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পেকুয়ার উপজেলা সহকারী প্রকৌশলী হারু কুমার পাল বলেন, হাইস্কুল সড়কের পূর্ব দিকে দেড় কিলোমিটার ভাঙা রাস্তায় ইট বিছানোর জন্য প্রায় ৫০ লাখ টাকার একটি প্রকল্প তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তার সাড়া মেলেনি। উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ বলেন, সমুদ্র উপকূলীয় এই উপজেলার মগনামা, টৈটং, রাজাখালীসহ বিভিন্ন ইউনিয়নে কয়েকটি সড়ক ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে মানুষের দুর্ভোগও বাড়ছে। এখন হাইস্কুলসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কের সংস্কারকাজ শুরু করার চেষ্টা চলছে। আশা করছি, শিগগির সড়কগুলোর সংস্কারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া যাবে।