বেহালার শিউলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিউলী ভট্টাচার্যী। ছবি: খালেদ সরকার
শিউলী ভট্টাচার্যী। ছবি: খালেদ সরকার

শিউলী ভট্টাচার্যীর স্বপ্নের মূল কাঁচামাল জুগিয়েছেন তাঁর বাবা। পরিবারেই ছিল সংগীতের চর্চা। বাবা বাবুল ভট্টাচার্য চাইতেন, তাঁর দুই মেয়েই সংগীতের মানুষ হবেন। তিনি নিজে বাঁশি বাজাতেন। আর ছোট মেয়ে শিউলীর জন্য বেহালা বাদনের অডিও রেকর্ড, ম্যাগাজিন, পত্রিকার লেখা এবং শিক্ষামূলক নানা ধরনের সহায়ক উপকরণ জোগাড় করতেন। শিউলী তখন অষ্টম শ্রেণির ছাত্রী। হাতে পেলেন বেহালা, সঙ্গে বাবার অনুপ্রেরণা। ধীরে ধীরে দীর্ঘদিনের অনুশীলনে হয়ে উঠলেন বেহালার মাস্টার।
শিউলী বলেন, ‘বাবা বলতেন, ওনার সন্তানেরা বাঁশি, সেতার, এসরাজ, বেহালা বাজানো শিখবে। আমি অবশ্য বেহালা ধরেই স্বচ্ছন্দ পেলাম। বেহালার হাতেখড়িটা বাবার কাছেই।’
শিউলী ভট্টাচার্যী সিলেটের সৈয়দ হাতিম আলী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং সিলেট সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। তারপর বাবার তদারকিতেই ভারত সরকারের একটি বৃত্তি পেয়ে পড়তে গেলেন ভারতের গুজরাটে। সেখানকার এমএস ইউনিভার্সিটি অব বরোদায় ভর্তি হলেন যন্ত্রসংগীতে। স্নাতক শেষে স্নাতকোত্তর করলেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। তখনই বেহালার মূল শিক্ষাটা পেলেন পণ্ডিত ভি জি যোগের মাধ্যমে। আবার ফিরলেন গুজরাটের পুরোনো প্রতিষ্ঠানে, উদ্দেশ্য বেহালার ওপর পিএইচডি করা। শিক্ষাকালে তিনি ভারতের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক উৎসবে বেহালাবাদন পরিবেশন করতেন। অবশেষে ২০০৮ সালে শিক্ষাজীবন শেষে দেশে এলেন। নিয়মিত হলেন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের যন্ত্রসংগীত (বেহালা) পরিবেশনায়। ২০০৯ সালে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘সাতরঙ’-এ শিক্ষকতার মাধ্যমে শুরু করলেন প্রাতিষ্ঠানিক কর্মজীবন, এখনো রয়েছেন সেখানে। ২০১১ সাল থেকে আছেন ছায়ানটের সঙ্গে, শুদ্ধ সংগীত বিভাগে শাস্ত্রীয় সংগীত ‘গুরু-শিষ্যপরম্পরা’য় বেহালার শিক্ষক তিনি।
সপ্তাহে এক দিন ছাত্রছাত্রীরা বাসায় আসেন, তাঁদেরও নিয়ম করে তালিম দেন। বর্তমানে যন্ত্রসংগীত বিভাগের সহকারী অধ্যাপক পদে কর্মরত আছেন ঢাকার সরকারি সংগীত কলেজে। সব মিলে তাঁর তুমুল ব্যস্ততা। বললেন, ‘খুব ভালো আছি। কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই, আছিও। সবকিছুই ছক আকারে সাজিয়ে নিয়েছি।’
তার ওপর মঞ্চ পরিবেশনা তো চলছেই। আছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের ওপর গড়ে তোলা নিজের অর্কেস্ট্রার (শাস্ত্রীয় বৃন্দ বাদন) দল ‘স্পর্শ ক্লাসিক্যাল অর্কেস্ট্রা’। এ ছাড়া গানের দল ‘জলের গান’ এবং ব্যান্ড দল ‘গান পাগল’-এর সঙ্গে নিয়মিত বেহালা বাজাচ্ছেন। আর সংসারও সামলাচ্ছেন, স্বামী এবং ছেলে সায়াহ্নের যত্ন আর দেখাশোনা করছেন গাঢ় মমতায়।