গান আছে তবে কথা নেই, সুরেই হলো গানের প্রকাশ। ২৯ জানুয়ারি সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে দর্শক-শ্রোতা মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করছেন বেহালায় রাগ-রাগিণীর বাদন। এমন সুরের ঝংকার তুলেছেন বেহালা বাদকদের সংগঠন ভায়োলিনিস্ট চট্টগ্রামের শিল্পীরা।
সংগঠনটির পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্পীরা বেহালায় পরিবেশন করেন একক ও সমবেত রাগ সংগীত। ছিল রবীন্দ্রসংগীত ও বাংলা আধুনিক গান নিয়ে উপস্থাপনও।
অনুষ্ঠানের শুরুতে ছিল বৃন্দ বাদন। আড়ানা মল্লার ও দুর্গা খাম্বাজ রাগ পরিবেশনের মাধ্যমে পর্দা উন্মোচিত হয়। এর পর সমর কান্তি বড়ুয়া সভাপতিত্বে শুরু হয় আলোচনা পর্ব। এতে অংশ নেন লেখিকা ফেরদৌস আরা আলীম, সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদের সম্পাদক স্বর্ণময় চক্রবর্তী, চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের পরিচালক শৈবাল চৌধুরী ও সংগঠনের সাধারণ সম্পাদক প্রিয়তোষ বড়ুয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রবীর পাল ও সঞ্চিতা বড়ুয়া।
আলোচনা সভার পর যন্ত্রসংগীতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ বেতার চট্টগ্রামের গিটার শিল্পী বাবুল কান্তি দেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে। এর পর শয়ন চন্দ্র দাস রাগ শিবরঞ্জনী, হোময়রা আফরাঈম রাগ মালকোষ ও সন্দীপন দাস রাগ পাহাড়ি বাজিয়ে শোনান। তিনটি একক রাগ পরিবেশনের পর ছিল রবীন্দ্রসংগীত ‘আকাশ ভরা সূর্য তারা’-এর সমবেত বাদন। এই পরিবেশনার পর নাবিলা নুসরাত ‘জাগরণে যায় বিভাবরী’, পর্ণা বড়ুয়া ‘আমার প্রাণের মানুষ’, তন্ময় সরকার ‘এই করেছ ভালো নিঠুর হে’, স্বরবীথি বড়ুয়া ‘কতবার ভেবেছিনু’, শুভ্রা বর্মন ‘দাঁড়িয়ে আছ তুমি আমার’ ও পরাগ মুৎসুদ্দী ‘বিরহ মধুর হলো আজি’ বাজিয়ে শোনান।
অনুষ্ঠানের এক ফাঁকে লোক সংগীতের সুরে নাচ পরিবেশন করেন ফাল্গুনী বর্মন।
অনুষ্ঠানের শেষ পর্বে ছিল বাংলা আধুনিক গানের পরিবেশনা। এই পর্বে অংশ নেন রওনাক ইবতিসামা চৌধুরী, আনিলা নওশীন, শাকিলা পারভীন ও রাহেলা রিজওয়ানা চৌধুরী। সমবেতভাবে রাগ হাম্বির পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।