বেহালায় মুগ্ধ করলেন শান্তির দূত মিদোরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ও মর সোনার দেচ্ছান/ বিন্যে রাঙা বেলান/ উদিলে মুই দেগঙ তরে নানা ঢগে/ নানা রঙে।’ (ও মোর সোনার দেশটি/ ভোরের রাঙা সূর্য/ উঠলে তোমাকে দেখি নানা রূপে/নানা রঙে) বেহালায় এ চাকমা দেশাত্মবোধক গানটির সুর বাজিয়ে দর্শকদের মুগ্ধ করলেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন মনোনীত শান্তির দূত মিজ মিদোরি ও তাঁর বন্ধুরা। গত মঙ্গলবার বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত রাঙামাটির শহরতলী রাঙাপানি গ্রামের মোনঘর শিশুসদনে মিদোরি অ্যান্ড ফ্রেন্ডসের সদস্যরা বেহালায় সুর তুলে দুই ঘণ্টারও বেশি সময় দর্শকদের বিমোহিত করে রাখেন। এ সময় তাঁরা নানা গানের সুর বাজিয়ে শোনান। মিদোরি বর্তমানে বাংলাদেশ সফরের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে রয়েছেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইন্টারন্যাশনাল কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রামের (আইসিইপি) অংশ হিসেবে বাংলাদেশ সফরকালে মিদোরি ও তাঁর বন্ধুরা জাতিসংঘের দূত হিসেবে সারা বাংলাদেশের বিভিন্ন বিদ্যালয়ের শিশু-কিশোর, এতিমখানা ও হাসপাতালে বিশেষ পরিবেশনা করবেন। যে শিশুরা কঠিন বাস্তবতায় গড়ে উঠছে তাদের সঙ্গে সংগীতের সৌন্দর্য এবং আনন্দ বিনিময় এবং একই সঙ্গে তরুণ সংগীতশিল্পীদের উদ্বুদ্ধ করে বৃহত্তর পরিসরে সমাজকে জানার সুযোগ সৃষ্টি করে দেওয়াই এই সফরের উদ্দেশ্য। শান্তিপূর্ণ বিশ্ব গড়ার লক্ষ্য নিয়ে সংস্কৃতিকে বোঝার এবং বন্ধুত্ব গড়ে তোলার লক্ষ্যে আইসিইপি উৎসাহ জোগায়। খ্যাতিমান বেহালা বাদক মিজ মিদোরি গোটোকে জাতিসংঘ মহাসচিব বান কি মুন ২০০৭ সালের ২১ সেপ্টেম্বর জাতিসংঘ শান্তির দূত মনোনীত করেন। জাপানি বংশোদ্ভূত আমেরিকান মিদোরি গোটো নিউইয়র্কে ১৯৯২ সালে ‘মিদোরি অ্যান্ড ফ্রেন্ডস’ নামে একটি অলাভজনক সংস্থা প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে অবহেলিত শিশুদের জন্য সংগীত প্রশিক্ষণের কর্মসূচি হাতে নেন। মিদোরি ও তাঁর বন্ধুরা অনুষ্ঠান শুরুর আগে মিলনায়তনের অভ্যন্তরে ঘুরে ঘুরে শিশুসদনের শিশুদের বেহালা বাজিয়ে শোনান, বেহালা কীভাবে ধরতে হয়, কীভাবে বাজাতে হয় তা দেখান। এরপর তিনি শিশুদের নিজেদের গড়ে তুলতে উদ্যোগী হতে ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে আহ্বান জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন অধ্যাপক মানিক লাল দেওয়ান, ইউএনডিপির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের প্রধান বাস্তবায়ন কর্মকর্তা রবার্ট স্টলমেন্ট প্রমুখ।