বেহেড মুখপোড়া
মায়ের কথা পায়ে রাখার নয়, কাঁধেও নয়। তাঁর অবস্থান একেবারে মাথায়, অর্থাৎ শিরোধার্য। আর তাইতো তাঁর আশীর্বাদে আমি নিজেকে ভাগ্যবান মনে করি।আমার মায়ের কাছে আমি ‘বেহেড মুখপোড়া’ নামক একটা সুন্দর সম্ভাষণে সম্ভাষিত। আদরে-অনাদরে তিনি আমাকে ওই নামেই ডাকেন। তাঁর ওই ডাকটুকু আমাকে কখনো পুলকিত করে, আবার কখনো কষ্ট দেয়। নিরপেক্ষ বিচারে তখন এই মধুর নামটার সার্থকতা খুঁজে পেতে চেষ্টা করি।‘বেহেড মুখপোড়া’ সত্যি কি মধুর নাম! শুনলে জন্ম সার্থক হয়। শোনা যায়, আমি জন্মানোর সময় আমার মাথা আগে না বেরিয়ে পা আগে বেরিয়েছিল। তাই ভাবি, সে জন্যই বোধ হয় আমি বেহেড। ব্যাকরণের নিয়ম অনুযায়ী, ‘নাই হেড যার’ বেহেড হতে পারে। কিন্তু কুমড়োর মতো একটা আস্ত মাথা থাকতেও কেন আমাকে বেহেড সম্ভাষণ করা হলো, আজও জানা হয়নি।বন্ধুরা বলে, আস্ত মাথা থাকলেও কোনো কিছুতেই নাকি আমার তেমন চোস্ত মাথা নেই। চৌরাস্তায় এলেই কোন দিক আমার গন্তব্য, তা আমি বেমালুম ভুলে যাই। মাতৃভাষা হিসেবে বাংলাটাকে নির্ভুলভাবে লিখতে, পড়তে ও বলতে জানতে হবে, কিন্তু আজ অবধি তা আমার জানা হয়ে উঠল না ওই বেহেডের জন্য। অনেকে বলেন, আমার মাথাটায় নাকি গুবরেপোকায় ভরা। এর প্রমাণ নাকি পাওয়া গেছে আমার অঙ্ক পরীক্ষার প্রতিটি খাতায়।একবারের অঙ্ক পরীক্ষার কথা বলি। ভিসিআর তখন প্রথম এসেছে আমাদের গ্রামে। আগ্রহ প্রচণ্ড তা দেখার। অঞ্জু-কাঞ্চনের ছবি বেদের মেয়ে জোছনা। পরের দিন সকালে অঙ্ক পরীক্ষা, তাই বলে ভিসিআর তো বাদ দেওয়া যায় না। মাকে ফাঁকি দিয়ে সারা রাত চিত্ত অভিভূত করে ভোর হতে না হতেই ঘুম এবং পড়াশোনার বারোটা বাজিয়ে লাল চোখ নিয়ে মায়ের কাছে হাজির হয়েছি। মা তো গলে একেবারে বরফ গলা জল—আহা, বাছা আমার সারা রাত জেগে অঙ্ক করে করে চোখ লাল করে ফেলেছে! ইশ্, তা বাবা এখন স্নান করে আয়, তারপর আজ কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে একটু আদা থেঁতলানো খেয়ে যাস। তাহলে দেখবি ঠিক ঠিক অঙ্ক মিলবে। মনে মনে ভাবলাম, পরীক্ষার দিন, তাতে আবার থেঁতলানো খেয়ে যেতে হবে, দরকার নেই আমার ওতে। তাই একেবারে অভুক্ত অবস্থায় সকাল সকাল স্কুলে গিয়ে সেদিন মাস্টার সাহেব আর অন্য সব ছাত্রছাত্রীর সন্দেহভাজন হয়েছি শুধু। পরিণামে অঙ্ক হয়নি একটাও। তাই বাড়ি এসে আদাথেঁতলানো খাওয়ার পরিবর্তে মায়ের হাতে ভাতের কাঠি দিয়ে অরিজিনাল থেঁতলানি খেতে হয়েছিল।পাঠক আমায় ক্ষমা করবেন। আমি নিতান্তই বেহেড। তাই মায়ের বচন চিরস্থায়ী হোক। তবু বেহেড শব্দটা যেন কেমন! ইংরেজি-বাংলায় মিলে জগাখিচুড়িমূলক। অন্তত বেমস্তক বা বেমাথা হলেও অভিধানে একটু স্থান পেত। আর এ জন্যই আমার চিন্তার শেষ নেই, একটা আলপিনের হেড আছে, আমার নেই।সীতার কথা অনুযায়ী, বানরের মুখপোড়া, আর আমার মায়ের কাছে আমার মুখপোড়া। অর্থাৎ কিনা আমি বানরের সমগোত্রীয়। পাঠক, এতক্ষণে আপনারা আমার একটা লেজ কল্পনা করে নিয়েছেন। কিন্তু আমার দুর্ভাগ্য, তন্ন তন্ন করে খুঁজেও আমার পশ্চাদ্দেশে একটুকুও লেজ টের পেলাম না। তাহলে আমি মনে হয় লেজহীন বানর। আমার স্যারদের ধন্যবাদ, তাঁরা আমার লেজের সন্ধান বোধ হয় পেয়েছেন। তাই আমায় তাঁরা মূর্খবানর বলেন। সুতরাং দাঁড়াচ্ছে যে, আমি একটা কমন বানর অর্থাৎ সর্বসম্মতিক্রমে আমি একটা আস্ত বানর। অতএব, কলাচাষিরা সাবধান। কলা চুরির দায়ে আমাকে জেলে পাঠাবেন না। তাহলে ওখান থেকে বেরিয়ে এসে আপনাদের নিধনের জন্য আমার হাতে রামদা দেখতে পাবেন।আপাতত আপনাদের সবাইকে ছুটি দিয়ে আমি কিছুদিনের জন্য তপস্যায় যাচ্ছি। একটা লেজ আমার ভীষণ দরকার। তাহলে আমাকে আর বাড়িতে বেকার হয়ে বসে থাকতে হবে না। এই দুর্দিনে আমার বুড়ো বাপটা অন্তত আমাকে দিয়ে খেলা দেখিয়ে দুপয়সা কামাতে পারবেন। আর সঙ্গে সঙ্গে আমার বেকারত্ব সমস্যাও ঘুচবে। সেটাই ভালো, কী বলেন? উজ্জ্বল কুমার সরদারসরকারি বিএল কলেজ, খুলনা।