বোতলবার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্টিক সাগরে এই বোতল খুঁজে পান কনর‌্যাড ফিসচার নামের এক জেলে
বাল্টিক সাগরে এই বোতল খুঁজে পান কনর‌্যাড ফিসচার নামের এক জেলে

বলছি আজ থেকে ১০০ বছর আগের কথা। ১৯১৩ সালের ১৭ মে। কী ভেবে কে জানে, এক জার্মান তরুণ একটা কাণ্ড করেছিলেন। পোস্ট কার্ডে ছোট্ট একটা চিঠি লিখে বোতলে ভরে ছুড়ে মেরেছিলেন বাল্টিক সাগরে। তার আগে অবশ্য পোস্ট কার্ডের গায়ে দুটি জার্মান স্ট্যাম্প লাগাতে ভুল করেননি। হয়তো উদ্দেশ্য ছিল, যিনি কার্ডটি পাবেন, তাঁর যেন বার্তাটি পৌঁছে দিতে অতিরিক্ত খরচ না হয়। রিচার্ড প্লাট নামের কুড়ি বছর বয়সী সেই তরুণ তখন হয়তো ভাবেননি, এক শতাব্দী পর পৌঁছাবে তাঁর চিঠি!
সত্যিই অবিশ্বাস্য! বোতল আর পোস্ট কার্ড এখন রিচার্ড প্লাটের নাতনি অ্যাঙ্গেলা আর্ডম্যানের হাতে। ৬২ বছর বয়সী আর্ডম্যান বলেন, ‘এটা ছিল খুবই বিস্ময়কর একটা ঘটনা। একজন মানুষ আমার দরজার সামনে এসে দাঁড়ালেন এবং বললেন, তিনি আমার দাদার কাছ থেকে একটা পোস্ট কার্ড পেয়েছেন। তিনি আরও বলেন, একটা বোতলের ভেতর এই চিঠিটা পাওয়া গেছে, যেখানে কার্ডের ওপর আমার দাদার নাম লেখা আছে। আরও লেখা আছে: এটি যিনি খুঁজে পাবেন, তিনি যেন ঠিকানা অনুযায়ী চিঠিটি পৌঁছে দেন।’
অ্যাঙ্গেলা আর্ডম্যান কখনো তাঁর দাদাকে দেখেননি। দাদা মারা যান সেই ১৯৪৬ সালে, তাঁর জন্মেরও ছয় বছর আগে। কিন্তু এই অবিস্মরণীয় ঘটনা তাঁকে শিকড়ে ফিরিয়ে নিয়ে গেছে।
‘আমি আমার দাদার ব্যাপারে খুব সামান্যই জানলাম। তিনি একজন লেখক ছিলেন। আর ছিলেন মুক্তমনা ও স্বাধীনতায় বিশ্বাসী একজন মানুষ। তিনি বিশ্বাস করতেন, একে অন্যকে শ্রদ্ধা করা উচিত। তরুণদের জন্য অনেক কিছু করেছিলেন। তিনি স্ত্রী আর দুই মেয়ের সঙ্গে ভ্রমণে বেরিয়েছিলেন।’ উচ্ছ্বসিত অ্যাঙ্গেলার মন্তব্য।
বোতলটি ছিল বাদামি রঙের। গত মাসে বাল্টিক সাগরে এই বোতল খুঁজে পান কনর্যাড ফিসচার নামের এক জেলে। তবে বোতল আর পোস্ট কার্ড নিয়ে অ্যাঙ্গেলার দরজায় কড়া নেড়েছিলেন যে ভদ্রলোক, তিনি ছিলেন একজন গবেষক।
চিঠিটা হ্যামবার্গ উত্তর পোর্ট শহরে ইন্টারন্যাশনাল মেরিটাইম মিউজিয়ামকে দেওয়া হয়। পরে বার্লিনে এটির একটি প্রদর্শনীর ব্যবস্থাও করেন তিনি।
পোস্ট কার্ডের অনেক লেখাই দুর্বোধ্য। কার্ডের ওপরে বার্লিনের ঠিকানা সহজেই বোঝা যায়।
মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত পোস্ট কার্ড ও বোতল হ্যামবার্গের সামুদ্রিক জাদুঘরে প্রদর্শন করা হবে। তার আগে চিঠির বাকি অংশের পাঠোদ্ধার করার চেষ্টা করবেন বিশেষজ্ঞরা। তারপর বোতলটার ভাগ্যে কী ঘটবে, তা এখনই বলা যাচ্ছে না। তবে অ্যাঙ্গেলা আশা করছেন, বোতলটা জাদুঘরেই থাকবে।
দাদার লেখা পোস্ট কার্ড পেয়ে অ্যাঙ্গেলা যারপরনাই আনন্দিত, সন্দেহ নেই। সেই আনন্দের লাগাম টেনে তিনি বলেন, ‘আশা করছি, আমার দাদার মতো চিঠিভর্তি বোতল আর কেউ সাগরে ছুড়ে ফেলবেন না। এমনিতেই ইদানীং অনেক বোতল আর জঞ্জালে আমাদের সমুদ্র ভরে গেছে!’
মারুফ ইসলাম, সূত্র: গার্ডিয়ান