
‘একটা খাব না, দুইটা খাব/ সাতটারে চিবিয়ে খাব’—কচিকণ্ঠে ‘ভূতের যাদু’ শিরোনামের বৃন্দ পরিবেশনা। ছন্দে ছন্দে যেন ভূত নামিয়েই ছেড়েছে।। তাঁদের পরিবেশনায় শিশুরা তো বটেই, বড়রাও হেসে কুটিকুটি।
৯ জানুয়ারি সন্ধ্যায় শিশু শিল্পীরা এমন হাস্যরসে মাতিয়ে তোলে চট্টগ্রাম শিল্পকলা একাডেিম মিলনায়তন। বোধন আবৃত্তি পরিষদের ৩০ বছরে পদার্পণ উপলক্ষে বছরব্যাপী উৎসবের সূচনাপর্বের দ্বিতীয় দিনে এই বৃন্দ পরিবেশনা মঞ্চস্থ হয়।
দুই দিনব্যাপী এই উৎসব শুরু হয় ৮ জানুয়ারি। ‘স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি’ শিরোনামে আয়োজিত এ উৎসবে ছিল একক, দ্বৈত, দলীয় আবৃত্তি ও কথামালা। প্রথম দিন চট্টগ্রাম শিল্পকলা একাডেিম মিলনায়তনে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে উৎসব উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। এ সময় আবৃত্তিশিল্পী সঞ্জয় পালের নির্দেশনায় বোধনের শতাধিক আবৃত্তিশিল্পী সমবেত কণ্ঠে পরিবেশন করেন ‘স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি’ কবিতাটি। এর মধ্যে দিয়েই যেন আবৃত্তি উৎসবে প্রাণের সঞ্চার ঘটে। এরপর কথামালা। বোধন আবৃত্তি পরিষদের সভাপতি রণজিৎ রক্ষিতের সভাপতিত্বে কথামালায় অংশ নেন ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, জনতা ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক আবু নাসের চৌধুরী, বোধনের স্থায়ী পরিষদের সদস্য প্রশান্ত চক্রবর্তী ও সহসভাপতি সুজিত রায়।
প্রথম দিন ইসমাইল চৌধুরী ও মৃণালিনী দেবীর সঞ্চালনায় একক আবৃত্তি পরিবেশন করেন পশ্চিমবঙ্গের আবৃত্তিশিল্পী শোভন সুন্দর বসু। তিনি আবৃত্তি করেন সুমন চট্টোপাধ্যায়ের ‘জাতিস্মর’ কবিতাটি। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘পূর্ব-পশ্চিম’ কবিতাটি আবৃত্তি করেন পশ্চিমবঙ্গের আরেক শিল্পী বৃষ্টি প্রামাণিক। ‘প্যারিসের চিঠি’ আবৃত্তি করেন বাংলাদেশের মাসুম আজিজুল বাশার। এরপরেই বোধনের সদস্যরা একে একে পরিবেশন করেন একক আবৃত্তি। এতে অংশ নেন সঞ্জয় পাল, শারমিন মৃত্তিকা, তৈয়বা জহির, অসীম দাশ, প্রশান্ত চক্রবর্তী, পারভেজ চৌধুরী ও হোসনে আরা। দ্বৈত পিরবেশনায় ‘অধরা’ ও ‘আমার ভালোবাসা’ কবিতা দুটি আবৃত্তি করেন হোসনে আরা ও সঞ্জয় পাল।
উৎসবের দ্বিতীয় দিন ছিল কথামালা ও শিশু উৎসব। সন্ধ্যা সাড়ে পাঁচটায় বোধনের প্রতিষ্ঠাতা সদস্য পারভেজ চৌধুরীর সভাপতিত্বে কথামালায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল জলিল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তী ও বোধনের স্থায়ী পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা পঞ্চানন চৌধুরী। কথামালার পরই অনুপম শীল ও অনিন্দিতা দত্তের সঞ্চালনায় একক আবৃত্তি করেন শোভন সুন্দর বসু, বৃষ্টি প্রামাণিক ও হাসান আরিফ। এরপর শুরু হয় বোধনের শিশু বিভাগের একক পরিবেশনা। এতে অংশ নেয় স্বন্দীপ সেন, শ্রেয়সী স্রোতস্বিনী, আবু সাইদ, দূরদানা, মীম ও অথৈ। ছিল দুটি বৃন্দ পরিবেশনা ‘আজকে ছুটির দিন’ ও ‘ভূতের যাদু’। এতে অংশ নেয় অর্ধশতাধিক শিশু শিল্পী।