পেকুয়ার বলিরপাড়া খাল। গত বর্ষার পর বেড়িবাঁধ ভেঙে ভরাট হয়ে পানির প্রবাহ বন্ধ হয়ে যায় খালটিতে। ফলে বোরো চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান কৃষকেরা। অবশেষ তাঁদের সেই দুশ্চিন্তা দূর হয়েছে। খনন হয়েছে ভরাট খাল। ফলে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের কৃষকদের মুখে হাসি ফুটেছে। প্রায় এক হাজার একর জমিতে বোরো চাষ নিশ্চিত হয়েছে। এ ছাড়া বন্যার ভয়াবহতা থেকে রক্ষা পাবে অন্তত তিন শতাধিক পরিবার।
সরেজমিনে দেখা যায়, বলিরপাড়া থেকে মাতামুহুরী নদী পর্যন্ত এক কিলোমিটার দৈর্ঘ্যের খালটি ওই এলাকার চাষাবাদের পানির একমাত্র উৎস। খালে এখন পানির প্রবাহ থাকায় কৃষকেরা খুশি। আশপাশের বেশ কিছু জমিতে সবজির চাষ হচ্ছে। এতে কৃষকেরা লালশাক, মুলা, মরিচ, ঢ্যাঁড়স, বরবটি ও বেগুনের চারা লাগিয়েছেন।
স্থানীয় কৃষক আহমদ রেজা বলেন, ‘ভরাট খাল খননের ফলে দুই পাশের অন্তত এক হাজার একর জমিতে শুকনো মৌসুমে চাষাবাদ হবে। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।’
গৃহবধূ মোহছেনা বেগম বলেন, বলিরপাড়ার ভরাট খাল খননের ফলে বর্ষার সময় বন্যার পানিতে আর ভাসতে হবে না। গত বর্ষায় অন্তত দেড় মাস এলাকার মানুষ পানিবন্দী ছিল।
কৃষকেরা জানান, জুন ও জুলাই মাসের তিন দফা বন্যায় বলিরপাড়া খালটি ভরাট হয়ে যায়। এতে বন্যার পানিনিষ্কাশন হতে না পেরে অন্তত তিন শতাধিক পরিবারের হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এ ছাড়া কিছু অংশে দীর্ঘদিন বন্যার পানি জমে থাকার ফলে অন্তত পাঁচ শ একর জমিতে চাষাবাদ হয়নি। পরে ১ নভেম্বর দুই শতাধিক মানুষ দুর্ভোগ ও ক্ষতির বিষয় তুলে ধরে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে খাল খননের আবেদন করেন। এরপর খালটি খননের উদ্যোগ নেন ইউএনও। ১০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ৬০ জন শ্রমিক দিয়ে খালটি ছয় ফুট গভীর ও ১৪ ফুট প্রস্থ করে খনন করা হয়।
ইউএনও মো. মারুফুর রশিদ খান বলেন, পাহাড়ি ঢলের তোড়ে মাতামুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে পলি জমে বলিরপাড়া খালটি ভরাট হয়ে যায়। বর্ষার সময় তিন শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়ে। কৃষকদের মধ্যে আশঙ্কা দেখা দেয়, শুকনো মৌসুমে তাঁরা চাষাবাদ করতে পারবেন কি না। জরুরি ভিত্তিতে স্থানীয় সাংসদের সঙ্গে কথা বলে এক ব্যক্তির অর্থায়নে খালটি খনন করানো হয়েছে। এতে খরচ হয়েছে অন্তত পাঁচ থেকে ছয় লাখ টাকা। বরাদ্দ পাওয়া গেলে ওই ব্যক্তিকে তাঁর টাকা পরিশোধ করা হবে।
পেকুয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা জহিরুল ইসলাম কুতুবী বলেন, ‘বলিরপাড়ার ভরাট খাল খনন হওয়ায় বোরো মৌসুমে ৯৭০ একর জমিতে চাষাবাদ নিশ্চিত হয়েছে। এসব জমির সঙ্গে অন্তত ১৩০০ কৃষক জড়িত।’