বোরোর ফলনে আমনের ক্ষতি পোষানোর আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়ার তেমুহনির বিলে বোরো ধান কাটছেন কৃষকেরা l প্রথম আলো
সাতকানিয়ার তেমুহনির বিলে বোরো ধান কাটছেন কৃষকেরা l প্রথম আলো

সাতকানিয়ায় গত আমন মৌসুমে (গত বছরের জুন থেকে আগস্ট) তিন দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন চাষিরা। মাঠে মারা গেছে ধান। এবার বোরোর ফলনে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন চাষিরা। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হওয়ায় ফলন হয়েছে ভালো। এখন চলছে ধান কাটা।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সাতকানিয়া উপজেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ৬ হাজার ২০০ হেক্টর জমিতে বিভিন্ন হাইব্রিড, উফশী ও স্থানীয় জাতের বোরো ধানের চাষ করা হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল ৬ হাজার ২৫ হেক্টর। গত বছর চাষ হয় ৫ হাজার ৫৫০ হেক্টর জমিতে। বন্যার পর এসব জমিতে বোরোর চারা লাগানো শুরু হয় নভেম্বর মাসে, যা চলে ডিসেম্বর পর্যন্ত।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে কাঞ্চনা, চরতি, নলুয়া, সোনাকানিয়া, কালিয়াইশ, ধর্মপুর, ঢেমশা, কেঁওচিয়া, মাদার্শা ও পুরানগড়ে বোরো ধানের চাষ হয়েছে বেশি। চাষিদের এখন ব্যস্ত সময় কাটছে ধান কাটায়।
উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মধ্যম কাঞ্চনা গ্রামের কৃষক আমিনুল ইসলাম (৫৫) বলেন, এ বছর পাঁচ কানি জমিতে হাইব্রিড সুপার ও হীরা জাতের বোরো ধানের চারা লাগিয়েছিলাম। ফলন প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে। ইতিমধ্যে দেড় কানি খেতের বোরো ধান কাটা শেষ করে ঘরে তুলেছি। বাকি ধানও অল্প কয়েক দিনের মধ্যে কাটা শেষ হবে।
মাদার্শা ইউনিয়নের বাবুনগর এলাকার কৃষক আবদুস শুক্কুর (৪৮) বলেন, গত আমন মৌসুমে বন্যার কারণে ফসল মারা যায়। তা ছাড়া ওই সময় ধানের ধানও কম ছিল। তাই লোকসান গুনতে হয়। এ বছর বোরো মৌসুমে প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হতে হয়নি। ফলনও হয়েছে আশানুরূপ। এতে আমন মৌসুমের ÿক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হবে।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, উপজেলায় এবার বোরো ধানের চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। কৃষকেরা জমিতে বিভিন্ন হাইব্রিড, উফশী ও স্থানীয় জাতের চারা রোপণ করেছিলেন। কৃষকেরা প্রত্যেক জাতেই ভালো ফলন পেয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শোয়েব মাহমুদ বলেন, ভালো বীজ, সঠিক পরিচর্যা এবং প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি না হওয়ায় চলতি বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। আশা করছি এ বছর বোরো চাষে কৃষকেরা লাভবান হবেন।