বোল্টকে ঠেকানোর উপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আমরা সবাই কোনো না কোনোভাবে দৌড়ের ওপর আছি। তালিকা থেকে বাদ নেই উসাইন বোল্টও। তবে দৌড়ের ময়দানে বোল্টই সবার সামনে এগিয়ে। একের পর এক রেকর্ড গড়ে পেছনে ফেলছেন দুনিয়ার সবাইকে। তবে বাংলাদেশে এলে কিছু বেকায়দায় ফেলে তাঁকেও ঠেকানো যেত। উপায়গুলো দেখুন।
* দৌড় প্রতিযোগিতার শুরুতেই কয়েকটা ককটেল ফোটানো যেতে পারে। ককটেলের শব্দ শুনে উসাইন বোল্ট ভয় পেয়ে দৌড় দিতেই ভুলে যাবেন। তবে আমরা ককটেল আর পেট্রলবোমায় অভ্যস্ত হয়ে গেছি। ফলে বোল্টকে কাটানো কোনো ব্যাপারই হবে না।
* উসাইন বোল্টকে সেই বাংলা প্রবাদটি শোনানো যেতে পারে, ‘আগে গেলে বাঘে খায়, পিছে গেলে সোনা পায়।’ হাজার হোক উসাইন বোল্ট গোল্ড মেডেল পাওয়ার জন্যই প্রতিযোগিতায় নামেন। অতএব প্রবাদটি শুনে বোল্ট হয়তো দৌড় শুরু করবেন সবার পরে।
* বাঙালি অতিথিপরায়ণ জাতি। একই সঙ্গে অবৈজ্ঞানিক খাদ্যাভ্যাসের দিক থেকেও আমরা এগিয়ে। বোল্টকে রাস্তার ধারের লেবুপানি কিংবা আখের শরবত গেলাতে পারলেই বাজিমাত। পরদিন আর ট্র্যাকে দৌড়ানোর সময় পাবেন না!
* দৌড় প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে ঢাকার ফার্মগেট, শাহবাগ কিংবা যাত্রাবাড়ী এলাকায়। যানজটে দৌড় তো দূরের কথা, ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার মুরোদও থাকবে না বোল্টের।
* আগেই ঘোষণা দেওয়া হবে, বোল্টকে পেছনে ফেলতে পারলে বড় ধরনের লাভজনক পদ দেওয়া হবে। ফলে এটা নিশ্চিত প্রতিযোগিতায় অনেক ‘বিখ্যাত’ ব্যক্তি নাম লেখাবেন। দৌড় প্রতিযোগিতাও জমে উঠবে। আর এ ক্ষেত্রে বোল্টকে পেছনে ফেলার দায়িত্ব বাকি প্রতিযোগীরাই নিয়ে নেবেন। দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়ে কতজন কত কী হয়ে গেলেন এ দেশে!
* ফার্মগেট থেকে দৌড় শুরু হবে। তবে তখন রাস্তা দিয়ে যাবেন কোনো ভিআইপি। ফলে বোল্ট তা না বুঝেই দৌড়াবেন। এই ফাঁকে নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে সোজা শ্রীঘরে নিয়ে যাবেন,বিজয়ী হবেন অন্য কেউ।