বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ সারাবে কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক স্বল্পতা, অপরিচ্ছন্ন পরিবেশ ও প্রয়োজনীয় ওষুধ–সংকটের কারণে ব্যাহত হচ্ছে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা। অর্ধশত বছরের পুরোনো এই হাসপাতালকে গত আট বছর আগে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও বাড়েনি সেবার মান।
সম্প্রতি উপজেলা সদরের গোমদন্ডীতে অবস্থিত এই হাসপাতালে গিয়ে দেখা গেছে, হাসপাতালের সামনে ও আশপাশে ময়লা–আবর্জনার স্তূপ। হাসপাতালের নারী, শিশু ও পুরুষ ওয়ার্ড ঘুরে দেখা গেছে অপরিচ্ছন্নতার ছাপ। শৌচাগার থেকে আসা দুর্গন্ধে নাকে রুমাল চাপা দিতে হয়। রয়েছে বিশুদ্ধ পানির অভাব।
হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা বলেন, ১৯ বছর ধরে হাসপাতালের এক্স-রে যন্ত্র বিকল। অপারেশন থিয়েটার থাকলেও চিকিৎসকের অভাবে শল্যচিকিৎসা হয় না। বখাটে ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের উৎপাতের কারণে বিড়ম্বনার শিকার হন রোগী ও তাঁদের স্বজনেরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০৯ সালে হাসপাতালটিকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও কাঙ্ক্ষিত সেবা মিলছে না। স্বাস্থ্য কমপ্লেক্স ও এর অধীনে পরিচালিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের ৩১টি চিকিৎসকের পদের মধ্যে ১৯টি পদই শূন্য। আর স্বাস্থ্য কমপ্লেক্সে ২১টি পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ১২ জন চিকিৎসক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদটিও শূন্য। অবেদনবিদ, জুনিয়র কনসালট্যান্ট—গাইনি, জুনিয়র কনসালট্যান্ট—চর্ম ও যৌন রোগ এবং অর্থোপেডিক সার্জনের পদ শূন্য রয়েছে। স্বাস্থ্য সহকারীর ৪৫টি পদের মধ্যে বর্তমানে কর্মরত ২৮ জন।
হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসপাতালে প্রতিদিন তিন থেকে চার শ রোগী আসে বহির্বিভাগে। এ ছাড়া প্রতিদিন দুই হাজার টাকার মতো ওষুধ রোগীদের মধ্যে বিতরণ করা হয়। এর মধ্যে প্যারাসিটামল ও ভিটামিনই বেশি। আর জরুরি বিভাগের সেবা নেন তিন শর মতো রোগী।
উপজেলার দুর্গম রায়খালী এলাকা থেকে আসা ৭৫ বছরের বৃদ্ধা নুর নাহার বেগম জানান, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি আটবারের মতো হাসপাতালে এসেছেন। প্রতিবার চিকিৎসক ওষুধ লিখে দিলেও হাসপাতালে সেসব পাওয়া যায়নি। বাইরের ওষুধের দোকান থেকে কিনতে হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা না থাকায় ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে চলছে হাসপাতালের কার্যক্রম। এ ব্যাপারে ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা জহুর দত্ত বলেন, হাসপাতালে জনবলসংকট আছে। এই সংকট দূর করে সেবার মান বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।