বোয়ালখালীর ছয় বধ্যভূমি অরক্ষিত
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ছয়টি তালিকাভুক্ত বধ্যভূমি যথাযথভাবে সংরক্ষিত না হওয়ায় হারিয়ে যেতে বসেছে মুক্তিযুদ্ধের ইতিহাস। এই বধ্যভূমিগুলোর দুটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলেও সেগুলোর কাজ অসমাপ্ত পড়ে আছে। বাকিগুলো ঢেকে গেছে ঝোপঝাড়ে। অনেক বধ্যভূমিতে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনাও। সম্প্রতি উপজেলার বধ্যভূমিগুলোতে ঘুরে এমন চিত্র দেখা গেছে।
মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ড থেকে প্রকাশিত মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বইয়ে উল্লেখ করা হয়, ৭১ সালের ১ এপ্রিল থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি বাহিনী বোয়ালখালী উপজেলায় গণহত্যা চালায়। আট মাসে পাকিস্তানি বাহিনী উপজেলার কধুরখিল ইউনিয়নের দুর্গাবাড়ি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম গোমদণ্ডীর রইস্যার মার ঘাট, পশ্চিম শাকপুরা ইউনিয়নের দারোগা স্কুলের মাঠ, আমুচিয়া ইউনিয়নে কানুনগোপাড়া আশুতোষ কলেজের সম্মুখ প্রান্তর, করলডেঙ্গা ইউনিয়নের কাজির ভানজাইল ও কালুরঘাট সেতুর নিচে কর্ণফুলী নদীর পূর্বপাড়ে কধুরখিল অংশে গণহত্যা চালায়।
বোয়ালখালীর মুক্তিযোদ্ধা বন গোপাল দাশ বলেন, ১৯৭১ সালের এপ্রিল মাস থেকে পাকিস্তানি বাহিনী বোয়ালখালীতে হত্যাযজ্ঞ শুরু করে। এ বধ্যভূমিগুলোতে অসংখ্য নারী-পুরুষকে বিভিন্ন এলাকা থেকে ধরে এনে হত্যা করা হয়েছে। এসব বধ্যভূমি রক্ষণাবেক্ষণে উদ্যোগ না নেওয়ায় স্বাধীনতাযুদ্ধের নৃশংসতার ইতিহাস নতুন প্রজন্ম জানতে পারছে না।
>এই বধ্যভূমিগুলোর দুটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলেও সেগুলোর কাজ অসমাপ্ত পড়ে আছে। বাকিগুলো ঢেকে গেছে ঝোপঝাড়ে
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড হারুন মিয়া বলেন, এপ্রিল মাসে উপজেলায় গণহত্যা শুরু করে পাকিস্তানি বাহিনী। শাকপুরা এলাকায় কয়েক শ মানুষকে হত্যা করা হয়েছে। বর্তমানে এই বধ্যভূমিতে শহীদদের একটি নামফলক রয়েছে। এ ছাড়া ৩১ অক্টোবর পাকিস্তানি সেনা ও তাদের দোসর রাজাকার বাহিনী উপজেলার কধুরখিল গ্রামেও হত্যাযজ্ঞ চালায়। গ্রামের দুর্গাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি উঁচু টিলায় সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয় প্রবীণ শিক্ষক বঙ্কিমচন্দ্র আইচ, রতিরঞ্জন মজুমদার, নিরঞ্জন দাশ গুপ্ত, তিনকড়ি দাশগুপ্ত, সুধীর চৌধুরী, যতীন্দ্র দেওয়ানজী, রবীন্দ্র লাল দে, ভগবানচন্দ্র চৌধুরী, দীপক চৌধুরী, লেদু দাশগুপ্ত, চন্দন দাশগুপ্ত, সমীর চৌধুরীসহ বেশ কয়েকজনকে। দেশ স্বাধীন হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে সেই বধ্যভূমিতে কাঠ দিয়ে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছিল। পরবর্তী সময়ে সেটিও ভেঙে ফেলা হয়। বধ্যভূমিটি সংরক্ষণ ও শহীদের স্মৃতি রক্ষার্থে ২০১১ সালের ৮ ডিসেম্বর একটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সাংসদ। কিন্তু এরপর স্মৃতিস্তম্ভের নির্মাণকাজ আর এগোয়নি।
উপজেলা সদরের গোমদণ্ডীর রইস্যার মার ঘাটে পাকিস্তানি বাহিনী ব্যাপক গণহত্যা চালায়। বিভিন্ন এলাকা থেকে লোকজন ধরে এনে এ স্থানে গুলি করে হত্যা করা হতো। রাইখালী খালের পাশঘেঁষা এ গণহত্যার স্থানটি এখন আর চেনার উপায় নেই। ঝোপঝাড়ে ঢেকে গেছে স্থানটি। আশপাশে ময়লা-আবর্জনার স্তূপ। পৌরসভার নালার পানিও উপচে পড়ছে এখানে।
এ ছাড়া ১৯৭১ সালে বোয়ালখালীতে সবচেয়ে বড় গণহত্যা সংগঠিত হয় কালুরঘাট সেতুর নিচে কর্ণফুলী নদীর পূর্বপাড়ে কধুরখিল অংশে। কিন্তু এই স্থানের কোনো চিহ্ন এখন খুঁজে পাওয়া মুশকিল। চারদিকে ঝোপঝাড় আর অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনার নিচে চাপা পড়েছে গণহত্যার এই স্থানটি।
এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড হারুন মিয়া আরও বলেন, ‘বোয়ালখালীতে সরকারিভাবে নথিভুক্ত ছয়টি বধ্যভূমির এমন করুণ দশা মেনে নেওয়া যায় না। এটা শুধু আমাদের জন্য নয়, পুরো জাতির জন্য দুর্ভাগ্যের। উপজেলায় শুধু শাকপুরা ও কধুরখিল বধ্যভূমি সংরক্ষণে কিছু কাজ হয়েছে। তবে সেগুলোও অসমাপ্ত পড়ে আছে। বধ্যভূমিগুলো সংরক্ষণে সহযোগিতা চেয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। তহবিলের অভাবে এসব বধ্যভূমি সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুল আলম বলেন, অরক্ষিত বধ্যভূমির বিষয়টি সম্পর্কে তিনি অবহিত নন। এ বিষয়ে সমাজসেবা কর্মকর্তা মো. আশরাফ উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বধ্যভূমিগুলো সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।