বেড়াতে গিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তির কল্যাণে আমরা যেকোনো খবর মুহূর্তেই ঘরে বসে পেয়ে যাচ্ছি। ফেসবুক আর আলোকচিত্রের কল্যাণে বহু বছর ধরে লোকচক্ষুর আড়ালে লুকিয়ে থাকা কোনো পাহাড়ি ঝরনা থেকে শুরু করে দুর্ভেদ্য বনের গহিন পর্যন্ত, কিংবা সাগরের তল থেকে শুরু করে হিমালয়ের চূড়া পর্যন্ত কোনো কিছুই এখন আর দুর্গম নয়। এখন সবাই জানে, সেখানে কীভাবে যেতে হয়, কতক্ষণ লাগে। ফলাফল, বাস্তব জীবনের হাঁসফাঁস এড়াতে একটু সময় পেলে অনেকেই বন্ধুবান্ধব বা পরিবার-পরিজনকে নিয়ে ছুটছেন প্রকৃতির কাছাকাছি, থেকে যাচ্ছেন হয়তো কয়েকটা দিন। তাদের তোলা ছবি দেখে আরেকজন যাচ্ছেন শান্তি খুঁজতে, তাঁকে দেখে আরও ১০ জন। এভাবেই দিনে দিনে আমাদের দেশে পর্যটকের সংখ্যা বেড়ে যাচ্ছে, যাঁদের মধ্যে অনেকেই হয়তো জানেন, কীভাবে পরিবেশকে রক্ষা করতে হয়। আর আমরা অনেকে যাঁরা জানি না, তাঁরাই পরিবেশের জন্য সৃষ্টি করছি নিত্যনতুন হুমকির।এখন তরুণদের কাছে পাহাড়ে ট্রেকিং ও হাইকিং খুব জনপ্রিয়, কম খরচে শুধু হেঁটে হেঁটে পাথুরে পাহাড়ের রং-রূপ-ঝরনার সুধা আহরণ করার সুযোগ আমাদের দেশে বিস্তর। শহুরে ঝামেলা থেকে দূরে, মোবাইল নেটওয়ার্কের বাইরে এক শান্ত-নিরিবিলি পাহাড়ি পল্লিতে কিছু নতুন মুখের সঙ্গে সময় কাটানোর যে মজা, তা সারা দেশ ঘুরলেও আর কোথাও পাওয়া যাবে না। তাই দিনে দিনে বাড়ছে ট্রেকারের সংখ্যা, এক থেকে চার, চার থেকে আট, আট থেকে দল—সবারই উদ্দেশ্য প্রকৃতির খুব কাছ থেকে ঘুরে আসা, প্রকৃতিকে নিবিড় করে পাওয়া।আমরা সব সময়ই বলি, পরিবেশবান্ধব পর্যটনের কথা, অর্থাৎ যে জায়গায়ই ঘুরতে যাব না কেন, তার পরিবেশের যেন কোনো ক্ষতি না হয় সেটা দেখা, ভ্রমণের সময় ছোট কিছু বিষয়ের দিকে খেয়াল রাখলে আমাদের ভ্রমণের আনন্দ বহু গুণ বেড়ে যাবে। ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম নিয়ে কথা বলতে গিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক এম এ আজিজ বলেন, বেড়াতে গিয়ে পর্যটকেরা যেসব অপচনশীল ময়লা-আবর্জনা ফেলে আসেন বিশেষ করে পলিথিন, চিপসের প্যাকেট, বিস্কুটের প্যাকেট সেগুলো মাটির ওপরে জমে থেকে থেকে একটা স্তর তৈরি করে। ফলে সেটা ভেদ করে আর কোনো গাছের চারা বের হতে পারে না। এতে প্রকৃতির স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়। এ ছাড়া কোনো বনে পিকনিক করতে গিয়ে অনেকে যেমন বিকট শব্দে গান বাজায়, তাতে ওই বনের পশু-পাখির স্বাভাবিক বিকাশ ব্যাহত হয় এবং ধীরে ধীরে তারা ওই এলাকা থেকে বিলীন হয়ে যায়।কাজেই, এই প্রাকৃতিক পরিবেশকে বাঁচাতে আমাদের এখনই সচেতন হতে হবে, সব অজ্ঞানতা দূর করে সবাইকে নিয়েই এই সমস্যার সমাধান করতে হবে। বেড়ানোর সময় কী কী করতে হবে আর কী কী করতে হবে না, সেগুলো নিজেরা জেনে অন্যদেরও জানাতে হবে। আমরা যখনই কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করব, তখন অন্যদের পরিকল্পনা সম্পর্কেও সম্ভব হলে জেনে নেব। যদি দেখি যে অন্যরাও একই দিকে যাচ্ছে, তাহলে আমাদের বেড়ানোটা একটু পরিবর্তন করে নেব বা একটু পেছাব; এতে একটি নির্দিষ্ট জায়গায় বেশি মানুষ হবে না। মানুষ যত কম হবে, আবর্জনার চাপও তত কম হবে। দল যতটুকু পারব ছোট রাখব, এতে সবার প্রতিই লক্ষ্য রাখা যায়। দলের সদস্য বাড়লে মতের অমিলের কারণে ঝামেলাও বেড়ে যায়। চারজনের দল হতে পারে আদর্শ দল। বনের ভেতরে বা গহিন পাহাড়ে বার-বি-কিউ বা ক্যাম্প ফায়ার না করাই ভালো, যদি করতেই হয়, তাহলে নিশ্চিত হয়ে নেব যে পশু-পাখিদের যেন কোনো সমস্যা না হয়। গাছের ডাল ভেঙে ক্যাম্প ফায়ার করা শুধু তখনই যুক্তিসংগত, যখন ঠান্ডায় আপনি মৃত্যুর সম্মুখীন হবেন। বাড়তি খাবার বা যত রকম পচনশীল আবর্জনা থাকবে, সব যেখানে-সেখানে না ফেলে একটি নির্দিষ্ট স্থানে গর্ত করে পুঁতে ফেলব, যাতে দুর্গন্ধ না ছড়ায়। অপচনশীল সব আবর্জনা যেমন—বিস্কুটের প্যাকেট, নুডুলসের প্যাকেট, ব্যাটারি, পানির বোতল কোনো কিছুই ফেলে আসা যাবে না, সবকিছু সঙ্গে করে নিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে ঘোরাঘুরির সময় একটাই নীতি হওয়া উচিত, ‘ক্যারি আউট হোয়াট ইউ ক্যারি ইন।’ মানে, যতটুকু ফেরত নিয়ে আসা যাবে, ঠিক ততটুকুই সঙ্গে নিয়ে যাব। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার সময়ও সবাইকে সচেতন হতে হবে, মলমূত্র ত্যাগ করতে হবে পানির প্রবাহ আছে, এমন স্থান থেকে দূরে, যাতে এর মাধ্যমে অন্যের জন্য পানিবাহিত রোগ না ছড়ায়। টয়লেট টিস্যুও এদিক-সেদিক না ফেলে মাটিতে পুঁতে ফেলতে হবে। আমাদের একটা বদ অভ্যাস হচ্ছে, পাহাড়ে বা গাছের গায়ে নিজেদের নাম খোদাই করে লিখে আসা, এতে গাছের যেমন ক্ষতি আমরা করি, ঠিক তেমনি অন্যদেরও উৎসাহিত করি। এই বদ অভ্যাস ত্যাগ করতে হবে। যদি রাতে কোথাও ক্যাম্প করে থাকা হয়, তাহলে পশু-পাখির যাতে কোনো অসুবিধা না হয়, এমনভাবে কম শব্দ করে কথা বলতে হবে।একটা কথা সব সময় মনে রাখবেন, এই দেশটা আমাদের, তাই একে সব সময় যত্ন করে রাখার দায়িত্বও আমাদের। আমাদের কোনো ভুলের কারণে যেন আমাদের এই ছোট্ট স্বর্গটা ভেঙেচুরে না যায়। প্রকৃতি আমাদের যা দিয়েছে, তাকেই যত্ন করে রাখব, প্রকৃতিকে ভালোবাসব, কখনোই তার ক্ষতি করব না। প্রকৃতি অন্যায় সহ্য করে না।