মডেল ও অভিনয়শিল্পী হিসেবে কাজ করছেন রাখি। আর তাঁর মা শাহনাজ ইসলাম পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন। দুই প্রজন্মের পছন্দ-অপছন্দ নিয়েই এই কথোপকথন।বেড়াতে পছন্দ করেন?রাখি: বেড়ানোটা দারুণ পছন্দের। কিছুদিন আগে থাইল্যান্ডের পাতায়ায় গিয়েছিলাম। সামনে আবার যাচ্ছি। বেড়াতে গিয়ে কেনাকাটা করতেও খুব ভালো লাগে।মা: বেড়াতে ভালো লাগে, তবে সেটা পরিবারের সবাইকে নিয়ে হলে বেশি উপভোগ করি। পরিবারের সবাই মিলে একবার ভারতে বেড়াতে গিয়ে খুব মজা করেছি। সময় পেলেই এখন বন্ধুবান্ধব-আত্মীয়স্বজনদের বাসায় যাই। রাখির সঙ্গে নানা জায়গায় ঘুরে বেড়াতেও ভালো লাগে।অবসরে কী করেন?রাখি: কাজের পর অবসর যা পাই তা তো পড়াশোনা করতেই চলে যায়। এ ছাড়া বই পড়ি, গান শুনি। অ্যাভরিল ল্যাভিন, রিহানা, ব্ল্যাক আইপ পিসের গান ভালো লাগে।মা: অবসরে গান শুনি, টেলিভিশন দেখি। বাংলা, হিন্দি সব ধরনেরই গানই শোনা হয়। এখন অবসর সময়টা রাখির সঙ্গে গল্প করে কাটাতে ভালো লাগে।সিনেমা দেখেন?রাখি: খুব একটা দেখা হয় না। মা: একসময় সিনেমার পোকা ছিলাম। বান্ধবীদের নিয়ে হলে গিয়ে প্রচুর সিনেমা দেখেছি। শাবানা, ববিতার ছবিগুলোই বেশি দেখতাম। এখনো ভালো লাগে সিনেমা দেখতে। মনপুরা, মনের মানুষ এসব ছবি ভালো লেগেছে। শখের কাজ কী?রাখি: গাড়ি আমার দারুণ প্রিয়। গাড়ি চালানো, গাড়ি সাজানো খুব ভালো লাগে। এখন ব্যবহার করি মিতসুবিশি ল্যানসার গাড়ি। মা: রান্না করি। একসময় বাড়িতে প্রতিদিন ২০-২৫ জন লোকের খাবারের আয়োজন একাই করতাম। এখন তো শুধু আমি আর রাখি আছি। অন্য ছেলেমেয়েরা বিদেশে। ইলিশ মাছের অনেক পদ রাঁধতে পারি। চীনা খাবারও ভালো পারি। নতুন নতুন রান্না করে খাওয়াতে ভালো লাগে।ইন্টারনেট ব্যবহার করেন?রাখি: সব সময়, তবে ফেসবুকে তেমন সক্রিয় না আমি। দু-এক দিন পর পর ফেসবুকে ঢুকি। আমার ভাইবোনেরা বিদেশে থাকে। তাদের সঙ্গে যোগাযোগ করি ইন্টারনেটে। ই-মেইল করি, ভাইবার সফটওয়্যারটি ব্যবহার করি নিয়মিত।মা: ইন্টারনেট ব্যবহার করি। তবে আমি নিজে পারি না। ছেলেমেয়েদের সঙ্গে কথা বলি, রাখি সব ঠিকঠাক করে দেয়।প্রিয় মানুষ কে?রাখি: আমার বড় বোন। ও আমার রোল মডেল। অনেক ধৈর্য ওর, আমাকে সবকিছু বুঝিয়ে বলে। আমার সব কথাই ওকে বলতে পারি। আমার মনে হয় ও একজন পরিপূর্ণ মানুষ। তার পরেই আসবে মা-বাবার কথা।মা: রাখির বাবা আমার প্রিয় মানুষ। তিনি মারা গেছেন সম্প্রতি। দারুণ ধৈর্যশীল মানুষ ছিলেন। কখনোই রাগারাগি করতেন না। আমার কোনো কাজে বাধা দিতেন না। সব সময় সহযোগিতা করতেন। কিসে বিরক্ত হন?রাখি: বেশি কথার মানুষ একদম পছন্দ করি না। অলস মানুষও আমার খুব অপছন্দের।মা: রাখির সঙ্গে কথা-কাটাকাটি হলে খুব বিরক্ত লাগে। রুহিনা তাসকিন