প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রামে যেসব জায়গা পর্যটকদের বিশেষভাবে কাছে টানে, তার মধ্যে অন্যতম নগরের টাইগারপাস এলাকার সবুজে ঘেরা মনোরম পরিবেশে অবস্থিত বাটালি হিল।টাইগারপাস মোড় কিংবা লালখান বাজার ইস্পাহানি মোড় থেকে কয়েক মিনিট হেঁটেই পৌঁছানো যায় বাটালি হিলের পাদদেশে। নগরের সবচেয়ে উঁচু পাহাড় হিসেবে পরিচিত এই পাহাড়ের উচ্চতা ২৮০ ফুট। তবে খুব সহজেই ওঠা যায় এর চূড়ায়। এখান থেকেই উপভোগ করা যায় শহরের রূপ।ছোট-বড় বাড়িঘর, বিভিন্ন সড়ক, রেলপথ, কর্ণফুলী নদী, বঙ্গোপসাগরের মোহনা, সমুদ্রের জাহাজ আর আকাশের সঙ্গে সমুদ্রের অদৃশ্য রেখা যে কাউকেই কিছু সময়ের জন্য হলেও তন্ময় করে রাখে। শহরের কেন্দ্রবিন্দুতে থেকেও শহরের কলুষতামুক্ত, নিরিবিলি ও শান্তিপূর্ণ পরিবেশের এই বাটালি হিলে এলে মনে হয়, কোনো ঝঞ্ঝাটই নেই জনজীবনে। সুনির্মল হাওয়ায় এখানকার বুনো লতার গন্ধ আর নির্মল আকাশ যেন শুধু কাছে টানে।সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময় এই পাহাড়ের চূড়ায় বসে সৌন্দর্য দেখার। তাই সূর্যাস্তের দৃশ্য না দেখে কেউ নামতে চান না এখান থেকে। জানতে চাইলে বেড়াতে আসা বিনোদনপ্রিয় লোকজন জানান, কোনো রকম খরচ ছাড়া এত কাছে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর কোথাও পাওয়া যাবে না। এটা চট্টগ্রামের সবচেয়ে উঁচু পাহাড়। এখান থেকে পুরোটা শহরকে দেখা যায়। এখানে দাঁড়িয়ে এত বড় শহরটাকে মনে হয় পুতুলের দেশ। সব মিলিয়ে অনেক ভালো লাগে, তাই সুযোগ পেলেই এখানে আসা হয়।বাটালি হিলের ইতিহাস প্রাচীন। মাস্টারদা সূর্যসেনের সহযোদ্ধা থেকে শুরু করে একাত্তরের মুক্তিযোদ্ধাদের পদচিহ্ন আঁকা আছে এর বুকে। একসময় এর চূড়ায় একটি বাতিঘর ছিল, যেখান থেকে পুরো শহরের রাস্তাঘাট রাতের অন্ধকারে স্পষ্ট দেখা যেত। বর্তমানে সেই বাতিঘরটি আর নেই। এখন আছে শহরের সবচেয়ে উঁচু বিদ্যুৎ টাওয়ার।