বেড়িবাঁধ নির্মাণ ও স্লুইসগেট চালুর দাবিতে আনোয়ারায় সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারায় বেড়িবাঁধ নির্মাণ ও স্লুইসগেট চালুর দাবিতে মিছিল সমাবেশ করেছেন নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। সম্প্রতি তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দিয়েছেন। উপজেলার পরৈকোড়া, চাতরী, আনোয়ারাসহ বেশ কয়েকটি ইউনিয়নের মানুষ এ সময় উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া স্মারকলিপিতে পরৈকোড়া, চাতরী ও আনোয়ারা ইউনিয়নের অধিবাসীরা জানান, কৈখাইন-কোদালা খালের মুখে নির্মিত স্লুইসগেটটি বেড়িবাঁধের কারণে দীর্ঘ দিন চালু করা যাচ্ছে না। ফলে এলাকার কৃষিকাজ বিঘ্নিত হচ্ছে। প্রতিনিয়ত জোয়ারের পানিতে নতুন নতুন এলাকায় ভাঙনের সৃষ্টি হচ্ছে। এমনকি জোয়ারের পানিতে রাস্তা-ঘাট, বসতভিটাও তলিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিকে, স্মারকলিপি পাওয়ার পরই উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ ভুঞা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন। জানা গেছে, বেড়িবাঁধ নির্মাণ সংগ্রাম কমিটির আহ্বানে উপজেলার কৈখাইন, পরৈকোড়া, ভিংরোল, সাইট পেঠুয়া, রুদুরা, ডুরুরিয়া ও খাসখামা গ্রামসহ কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন। পরে সমাবেশে বক্তব্য দেন নাজিম উদ্দিন, কাশেম উল্লাহ, কবি নুরুল হক, নুরুল হুদা প্রমুখ। পরৈকোড়া, চাতরী ও আনোয়ারাসহ বেশ কয়েকটি ইউনিয়ন দীর্ঘদিন ধরে নদীভাঙনের শিকার হলেও তা রোধে কার্যকর ভূমিকা নিতে দেখা যায়নি কাউকে। ২০০৪ সালে বেড়িবাঁধ নির্মাণের জন্য ৮৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও অজ্ঞাত কারণে তা বাতিল হয়ে যায়। ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ‘আমি ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। ভাঙন রোধে স্থানীয় সাংসদের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’