বেড়িবাঁধ নির্মাণের নামে টাকা লোপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের আলেকদিয়া গ্রামের আবুল হোসেন। ১৯৯১ সালের ২৯ এপ্রিল রাতে জলোচ্ছ্বাসে পরিবারের নয় সদস্যকে হারান। স্রোতের টানে কয়েক মিনিটের মধ্যে ভেসে যায় আবুল হোসেনের স্ত্রী, বাবা, মা ও চার সন্তান। অলৌকিকভাবে বেঁচে যান তিনি। ভয়াবহ ওই দিনটির কথা স্মরণ করতে গিয়ে পঁচাত্তর বছরের আবুল হোসেন কান্নায় ভেঙে পড়েন। ১৯ বছর আগে ঘটে যাওয়া সেই ভয়াল স্মৃতির কথা মনে করে এলাকার ঘরে ঘরে এখনো কান্না আর শোকের রোল পড়ে।এর পর দিন মধ্যরাতে আঘাতহানা প্রচণ্ড ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে যায় সীতাকুণ্ডের সলিমপুর থেকে সৈয়দপুর পর্যন্ত নয়টি ইউনিয়ন। মারা যান এলাকার প্রায় সাত হাজার মানুষ। নিখোঁজ হয়েছিলেন প্রায় তিন হাজার শিশু-নারী-পুরুষ। ক্ষতি হয় প্রায় তিন শ কোটি টাকার সম্পদ। এত বছর পরও এলাকার প্রায় আড়াই লাখ মানুষ মৃত্যুর ঝুঁকি নিয়ে বাস করছেন। ২৪ এপ্রিল কুমিরা, বাঁশবাড়িয়া, সৈয়দপুর, বাড়বকুণ্ড, সোনাইছড়ি, ভাটিয়ারিসহ কয়েকটি উপকূলীয় এলাকা ঘুরে বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৯ বছরে উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ নির্মাণের নামে কয়েক শ কোটি টাকা লোপাট করা হয়েছে। কিছু কিছু স্থানে বেড়িবাঁধ নির্মিত হলেও তা স্থায়ী ছিল না। এক বছর না যেতেই বাঁধ ভাঙতে শুরু করে। কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান আ ফ ম মফিজুর রহমান বলেন, ‘অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ করা যায় না বলে এই দুরবস্থা। ১৯টি বছর তাই এর মাশুল দিচ্ছেন এলাকার আড়াই লাখ মানুষ।’ সূত্রে জানা যায়, চট্টগ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঝড় ও জলোচ্ছ্বাস এবং পরবর্তীকালে ১৯৯৪ ও ১৯৯৭ সালের ঘূর্ণিঝড়ে ব্যাপক প্রাণহানির পর আন্তর্জাতিক দাতা সংস্থার অর্থায়নে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়। সীতাকুণ্ডের পৌর এলাকাসহ নয়টি ইউনিয়নের উপকূলীয় এলাকায় শতাধিক আশ্রয়কেন্দ্র নির্মাণের কথা থাকলেও হয়েছে মাত্র ৫২টি। উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মোস্তফা কামাল জানান, উপকূলীয় এলাকায় মানুষের অনুপাতে আশ্রয়কেন্দ্র কম। যেগুলি তৈরি হয়েছে যথাযথ রক্ষণাবেক্ষণ এবং নির্মাণের সময় সঠিক পরিকল্পনার অভাবে সেগুলোতে বেশি লোক আশ্রয় নিতে পারেন না।সীতাকুণ্ড উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা জামাল খান প্রথম আলোকে জানান, উপকূলীয় এলাকার লোকজনকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য সোনাইছড়ি থেকে সৈয়দপুর পর্যন্ত বেড়িবাঁধে ১৯৯৩ সালে ব্যাপক বনায়ন করা হয়। কিন্তু একশ্রেণীর লোক রাতের আঁধারে গাছগুলো কেটে ফেলেছে। তিনি মনে করেন, এসব গাছ কেটে নেওয়ায় বেড়িবাঁধ যেমন বিপন্ন হবে তেমনি এলাকাবাসীও সামুদ্রিক জলোচ্ছ্বাসে মারাত্মক হুমকির মধ্যে পড়বেন।