বেড়িবাঁধ নিয়ে উদ্বিগ্ন ২৫ লাখ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে উপকূল লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। প্রাণ হারান ৯০ হাজারের বেশি মানুষ। এখানকার লাখ লাখ মানুষের জীবন রক্ষার প্রতিরক্ষা বেড়িবাঁধ ভেঙে খান খান হয়।সেই ভয়াল ঘূর্ণিঝড়ের পর ২০ বছর অতিক্রান্ত হয়েছে। উপকূলের মানুষের ভাগ্য পরিবর্তনে ও জানমাল রক্ষার স্বার্থে কিছুই হয়নি। ২৯ এপ্রিলের মতো আরেকটি শক্তিশালী ঘূর্ণিঝড় যদি এ মুহূর্তে উপকূলে আঘাত হানে তবে আবারও ভয়াবহ ট্র্যাজেডি প্রত্যক্ষ করা ছাড়া কোনো উপায় থাকবে না। সেকেলে বাঁধ নিয়ে উদ্বিগ্ন ২৫ লাখ মানুষ উপকূলীয় আট উপজেলার ২৫ লাখ মানুষের জানমাল রক্ষার নির্ভরতা এখন ষাটের দশকে নির্মিত নড়বড়ে এবং ভাঙাচোরা বেড়িবাঁধ। বিভিন্ন সময় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) শত কোটি টাকা খরচ করে ভাঙা বেড়িবাঁধ পুনর্নির্মাণ ও মেরামত করলেও জোয়ারের পানিতে এসব আবারও তলিয়ে যায়। ষাটের দশকের প্রথম দিকে তৈরি করা বেড়িবাঁধগুলোর উচ্চতা তিন-ছয় ফুট। কিন্তু নানা প্রাকৃতিক দুর্যোগে সামুদ্রিক জলোচ্ছ্বাস বা জোয়ারের পানির উচ্চতা যখন ছয়-সাত ফুট বেড়ে যায়, তখন এ বাঁধ উপচে পানি ঢুকে পড়ে। এ সময়ই বাঁধ বেশি ভাঙে। প্রতিবছর বাঁধ নির্মাণ ও সংস্কারের জন্য সরকার কোটি কোটি টাকা খরচ করে। কিন্তু নড়বড়ে বাঁধ নড়বড়েই থেকে যায়। কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, ‘বাঁধের টাকা নিয়ে লুটপাট হয়। বালু দিয়ে কাজ সারা হয়। তাই সামান্য প্লাবনে তাসের ঘরের মতো বাঁধগুলো তলিয়ে যায়।’ তিনি বলেন, বাঁধের উচ্চতা কমপক্ষে আরও এক মিটার বাড়ানো দরকার। এলাকাবাসীর অভিযোগ, রাজনীতিক ও দুর্নীতিবাজ কর্মকর্তারা বছর বছর লুটপাটের জন্য এ সমস্যা জিইয়ে রেখেছে। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, জেলায় বর্তমানে বেড়িবাঁধ রয়েছে ৫৯৫ কিলোমিটার। এর মধ্যে সম্পূর্ণ বিলীন অবস্থায় রয়েছে প্রায় ৪০ কিলোমিটার। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আরও অন্তত ৬০ কিলোমিটার বেড়িবাঁধ। ছোট হয়ে আসছে দ্বীপগুলোকুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী জানান, এখন যদি ঘূর্ণিঝড় আঘাত হানে, তাহলে দেড় লাখ মানুষকে খুঁজেও পাওয়া যাবে না। কারণ এখনো পুরো দ্বীপের চারদিকে প্রায় ১৭ কিলোমিটার বেড়িবাঁধ খোলা। ১৯৬০ সালে এ উপজেলার আয়তন ছিল ৫৪ বর্গকিলোমিটার। আর এখন মাত্র ২৭ বর্গকিলোমিটার। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ১৯৯০ সালে মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের আয়তন ছিল ৩৭ বর্গকিলোমিটার। সাগরে বিলীন হতে হতে এখন আয়তন এসে দাঁড়িয়েছে মাত্র ১২ বর্গকিলোমিটারে। ইউনিয়নের চারদিকে পাউবোর ৩২ কিলোমিটারের মতো বাঁধ রয়েছে। এর মধ্যে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে প্রায় ১০ কিলোমিটার বাঁধ। ফলে এ ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। মহেশখালী উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিকদার জানান, উপজেলার মাতারবাড়ি, হোয়ানক, শাপলাপুর ইউনিয়নেরও প্রায় ১০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বাঁধের উচ্চতা কম হওয়ায় ঝড়, জলোচ্ছ্বাস আর দুর্যোগের সময় জোয়ারের পানি বাঁধ উপচে লোকালয়ে ঢুকে শত শত চিংড়িঘের, ফসলি জমি ও বসতবাড়ি প্লাবিত হয়। টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুর রহমান জানান, গত বছর জানুয়ারি-মার্চে প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে শাহপরীর দ্বীপের পশ্চিম পাশে দেড় কিলোমিটারের বেড়িবাঁধ নির্মাণ করা হয়। কিন্তু অনিয়ম-দুর্নীতির কারণে সেই বাঁধ আবার তলিয়ে যায়। কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবলেরচর গ্রামের জেলে আমির হামজা বলেন, ‘জোয়ারের পানিতে বসতবাড়ি যখন ডুবে যায়, তখন পরিবারের সদস্যদের নিয়ে অন্য জায়গায় আশ্রয় নিই। আসন্ন বর্ষাকালে যখন জোয়ারের গতি বাড়বে তখন কী অবস্থা দাঁড়াবে ভাবলে চোখে ঘুম আসে না।’মরণফাঁদ ২২৩ আশ্রয়কেন্দ্র: ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর কক্সবাজার উপকূলে স্থাপিত ৫৩৪টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের (সাইক্লোন শেল্টার) মধ্যে বর্তমানে ২২৩টি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। আরও অন্তত ৫০টি কেন্দ্র অবৈধ দখলে চলে গেছে। প্রাকৃতিক দুর্যোগ কিংবা জলোচ্ছ্বাস হলে এসব কেন্দ্র বা শেল্টার জনগণের কোনো কাজে আসবে না। কেন্দ্রগুলো উল্টো মরণফাঁদে পরিণত হবে। অন্যদিকে ব্যবহারের অনুপযোগী কেন্দ্রগুলোর মেরামত ও জেলার আটটি উপজেলায় নতুন আরও ২৭৭টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে দুই বছর আগে (সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে) প্রস্তাব পাঠানো হলেও এ পর্যন্ত তার কোনো খবর নেই। জানা যায়, ইতিমধ্যে জোয়ারের পানি ঢুকে কুতুবদিয়ার তিনটি আশ্রয়কেন্দ্র সাগরে তলিয়ে গেছে। আর ২৮টির বেশি কেন্দ্র মারাত্মক ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে। ৫০টির বেশি কেন্দ্র স্থানীয় প্রভাবশালী লোকজন অবৈধভাবে দখল করে তাতে মাছ ধরার জাল তৈরি, মালামাল মজুদসহ ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। জেলা প্রশাসনের এক কর্মকর্তা এর সত্যতা নিশ্চিত করে জানান, রক্ষণাবেক্ষণ এবং তদারকির অভাবে কেন্দ্রগুলোর পরিস্থিতি নাজুক। এখন নতুন করে ২৭৭টি (কক্সবাজার সদরে ২৭, রামুতে ১৪, চকরিয়ায় ৩১, পেকুয়ায় ৪৬, মহেশখালীতে ৬৯, কুতুবদিয়ায় ৩২, উখিয়ায় ২৩ ও টেকনাফে ৩৫টি) ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের চেষ্টা চলছে। ব্যবহারের অনুপযোগী কেন্দ্রগুলোও মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে। কুতুবদিয়ার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ জানান, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর এ ইউনিয়নে ১৫টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়। কিন্তু সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ইতিমধ্যে আটটি কেন্দ্র ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। কুতুবদিয়া বাঁচাও আন্দোলনের সভাপতি শাহরিয়া চৌধুরী জানান, প্রতিটি কেন্দ্রে গড়ে ৫০০ জন করে হিসাব করলে উপজেলার ৯০টিতে সর্বাধিক ৪৬ হাজার ৫০০ মানুষ আশ্রয় নিতে পারেন। কিন্তু আরও এক লাখ মানুষের প্রাণ রক্ষার কোনো উপায় এ দ্বীপে নেই। একই অবস্থা সাগরদ্বীপ মহেশখালী উপজেলাতেও। এখানে ১২৩টি কেন্দ্রের মধ্যে ৭০টির বেশি ইতিমধ্যে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলার দুর্যোগপ্রবণ এলাকা ধলঘাটা ইউনিয়নে ১৪টি আশ্রয়কেন্দ্রের মধ্যে আটটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এসব কেন্দ্রে ফাটল ধরেছে।