বেড়িবাঁধ ভাঙা, উপকূলে বর্ষার আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষা শুরু হওয়ার আগেই সীতাকুণ্ডের উপকূলের মানুষের মধ্যে আতঙ্ক ভর করছে। বাঁশবাড়িয়া, কুমিরা ও সোনাইছড়ি ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে দুশ্চিন্তা বেশি। গত কয়েক বছরের বর্ষায় এই তিন ইউনিয়নের বেড়িবাঁধের বিভিন্ন স্থানে ভেঙে গেছে। এখনো ভাঙা বেড়িবাঁধ মেরামতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।এদিকে গত বছরের ৩১ জুলাই পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহাবুবুর রহমান তালুকদার সীতাকুণ্ডের ভেঙে যাওয়া বেড়িবাঁধ পরিদর্শন করেন। এ সময় তিনি অগ্রাধিকার ভিত্তিতে সীতাকুণ্ডের বেড়িবাঁধের কাজ করা হবে বলে বাসিন্দাদের আশস্ত করেন। কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন না দেখে ক্ষুব্ধ স্থানীয় লোকজন।সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, গত তিন বছর ধরে বেড়িবাঁধ ভেঙে বাঁশবাড়িয়ার বোয়ালিয়াকূল ও আকিলপুর এলাকার প্রায় দুই কিলোমিটার, সোনাইছড়ির ঘোড়ামরা এলাকায় দুই স্থানে আধা কিলোমিটার ও কুমিরার ঘাটঘর এলাকায় কিছু অংশের ফসলি জমি সাগরে বিলীন হয়ে গেছে। প্রতিবর্ষায় সাগরের পানি ঢুকে ফসলি জমিসহ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে অন্তত দুই হাজার পরিবার।বোয়ালিয়াকূল এলাকার বাসিন্দা ক্ষুদিরাম জলদাস বলেন, বর্ষায় সাগরের লবণাক্ত পানি এ এলাকার প্রত্যেকের ঘরে ঢুকে পড়ে। গত তিন বছর ধরে চলছে এ অবস্থা। ভোটের সময় সবাই আসে খোঁজখবর নিতে। পরে আর কেউ দেখতে আসে না। সরেজমিন দেখা যায়, বাঁশবাড়িয়া বোয়ালিয়াকূল এলাকার বেড়িবাঁধটি এক কিলোমিটারের মতো সাগরে বিলীন হয়ে গেছে। বাকি অংশও ক্ষতিগ্রস্ত। বেড়িবাঁধের ওপর লাগানো বিভিন্ন প্রজাতির গাছও উপড়ে আছে। এ বছর বর্ষা শুরু হলে বেড়িবাঁধ একেবারে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। ফলে কুমিরা, বাঁশবাড়িয়া জমাদারপাড়া, মাঝামাঝিপাড়া, বোয়ালিয়াকূল এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।স্থানীয় কৃষক মো. জয়নাল আবেদিন জানান, বেড়িবাঁধ ভাঙনের পর থেকে জমিতে বর্ষাকালে চাষাবাদ করা যায় না। শীত মৌসুমে চাষাবাদ করা গেলেও লবণাক্ততার কারণে ভালো ফসল পাওয়া যায় না।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, সাগরের লবণাক্ত পানির কারণে উপকূলের ৩০০ হেক্টর ফসলি জমিতে চাষাবাদ হচ্ছে না। ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এখানকার কৃষকেরা। এ ব্যাপারে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এমপি সাহেবের সঙ্গে অনেকবার কথা বলেছি। শুনেছি তিনি এ বিষয়টি সংসদে উত্থাপনও করেছেন। গত বছর পানিসম্পদ প্রতিমন্ত্রীও এসেছেন। কিন্তু কাজ শুরুর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কিছুদিন আগে যেসব অংশের ব্লক সরে গেছে শুধু তা ঠিক করে সংস্কার করেছে। ভাঙা অংশের কিছুই করেনি।’এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া বলেন, জলবায়ু ট্রাস্ট ফান্ডের বৈঠকে চলতি সপ্তাহে প্রকল্পটি পাস হওয়ার কথা রয়েছে। এটি পাস হওয়ার পর পরিবেশ মন্ত্রণালয় অর্থ ছাড় করলে দ্রুতই কাজ হবে।