বেড়িবাঁধ ভাঙা, জোয়ারে প্লাবিত ১৩ গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে নাফ নদীর জোয়ারের পানি ঢুকে পড়ায় কক্সবাজারের টেকনাফের ১৩ গ্রাম প্লাবিত হচ্ছে। দীর্ঘ পাঁচ বছর ধরে প্রতি পূর্ণিমা ও অমাবস্যায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। জোয়ারের পানির কারণে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। পানিতে তলিয়ে যায় বসতবাড়ি, চিংড়ির ঘের, রাস্তাঘাট ও ফসলি জমি।৫ জুন সরেজমিনে গিয়ে দেখা যায়, টেকনাফ পৌরসভা ও নাফ নদীসংলগ্ন বেড়িবাঁধের ৭০০ গজ দূরে অবস্থিত জালিয়াপাড়ার রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়টি কোমরসমান পানিতে ডুবে আছে। এ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৩৭৮ জন। কোমরসমান পানি ডিঙিয়ে বিদ্যালয়ে আসা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা হয়। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রবিউল হাসান ও ফেরদৌস আকতার বলে, ‘প্রতি মাসে পূর্ণিমা ও অমাবস্যায় এবং নিম্নচাপ থাকলে জোয়ারের পানি ঢোকে বিদ্যালয়ে। তখন পাঠদান বন্ধ থাকে। তবু হাজিরা দেওয়ার জন্য বিদ্যালয়ে আসি।’ এলাকা ঘুরে দেখা গেছে, টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া, দক্ষিণ জালিয়াপাড়া, খানকার ডেইল, টেকনাফ সদর ইউনিয়নের সুদারপাড়া, নাজিরপাড়া, মৌলভীপাড়া ও সাবরাং ইউনিয়নের মণ্ডলপাড়া, মগপাড়া, পানছড়িপাড়া, মাঝরপাড়া, দক্ষিণপাড়া, পশ্চিমপাড়াসহ ১৩টি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়। কক্সবাজারের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক প্রথম আলোকে বলেন, সমুদ্রে নিম্নচাপ ও পূর্ণিমার প্রভাবে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় বলে বেড়িবাঁধের পাশের এলাকাগুলো প্লাবিত হয়।পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ২০০৭ সালে সিডরের আঘাতে টেকনাফ সদরের বেড়িবাঁধ ভেঙে যায়। এরপর সব মিলিয়ে দেড় কোটি টাকা ব্যয় হলেও বেড়িবাঁধের ভাঙা অংশ সংস্কার করা সম্ভব হয়নি। জালিয়াপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পিয়ারা বেগম বলেন, ‘শুষ্ক মৌসুমেও কোমরসমান পানিতে বিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলো ডুবে যায়। প্রতি মাসে ১৫ থেকে ১৭ দিন অনির্ধারিত পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে।’পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) টেকনাফ অঞ্চলের উপপ্রকৌশলী গিয়াস উদ্দিন বলেন, ‘সিডরের কারণে ভেঙে যাওয়া বাঁধ সংস্কারের জন্য প্রায় ৭৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল; কিন্তু নির্মাণকাজ শেষ হতে না হতেই বেড়িবাঁধ আবারও ভেঙে গেছে। এ নিয়ে বিপাকে রয়েছে পাউবো কর্তৃপক্ষ।’ এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় প্রতি মাসে পূর্ণিমা-অমাবস্যায় জোয়ারের পানিতে বিদ্যালয়সহ আশপাশের এলাকা প্লাবিত হচ্ছে।