বেড়িবাঁধ ভেঙে সহস্রাধিক বসতবাড়ি প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ রক্ষার বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিশাল এলাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি বায়ুর প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় তলিয়ে গেছে সহস্রাধিক বাড়িঘর। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় লক্ষাধিক মানুষ।বন্যা উপদ্রুত এলাকায় খাদ্য ও পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। ঘরবাড়ি ফেলে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে এলাকার বাসিন্দারা। কক্সবাজারের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক প্রথম আলোকে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।গত শনিবার ও রবিবার সরেজমিনে শাহপরীর দ্বীপ এলাকা ঘুরে দেখা গেছে, পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া, উত্তরপাড়া, জালিয়াপাড়া, ক্যাম্পপাড়া, মাঝারপাড়া ও মিস্ত্রিপাড়া এলাকার চার শতাধিক বসতবাড়ি জোয়ারের পানিতে তলিয়ে গেছে।গত ২০১১ সালে ৪ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে নির্মিত বেড়িবাঁধের একটি অংশ ভেঙে গেছে। শাহপরীর দ্বীপের পাশাপশি প্লাবিত হয়েছে পৌরসভার বিশাল এলাকা। পানিতে তলিয়ে গেছে ছয় শতাধিক বসতবাড়ি, চিংড়িঘের, ফসলের খেত, পানের বরজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ। হুমকির মুখে পড়েছে সংশ্লিষ্ট এলাকার কাঁচা-পাকা রাস্তা।শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়ার বাসিন্দা ভেলুয়া বিবি (৫০) ও দক্ষিণ জালিয়াপাড়ার জমিল আহমদ (৪২) আক্ষেপ করে বলেন, ‘জোয়ারের পানিতে চাল, ডাল, আসবাবপত্র ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ভেসে গেছে। পরিবারের সদস্যরা না খেয়ে আছে।’ তাঁরা আরও জানান, জোয়ারের পানিতে বিভিন্ন এলাকায় নলকূপ ও পাতকুয়া ডুবে যাওয়ায় খাবার পানির তীব্রসংকট দেখা দিয়েছে।শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়ার বাসিন্দা দিল মোহাম্মদ (৪২) ও ফরিদ আলম (৪৮) বলেন, ‘বসতবাড়ি তলিয়ে যাওয়ায় আশ্রয়ের সন্ধানে বাড়িঘর ফেলে চলে যাচ্ছি।’ চিংড়িঘের মালিক আবদুল খালেক ও আবদুল নবী বলেন, ‘নতুন করে বেড়িবাঁধ ভাঙনের ফলে ২৫টির বেশি চিংড়িঘেরের মাছ ভেসে গেছে।’ এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) টেকনাফের উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন বলেন, শাহপরীর দ্বীপরক্ষা বাঁধের একাংশ জোয়ারের পানির আঘাতে ভেঙে যাওয়ায় বিশাল এলাকা প্লাবিত হয়েছে। যত দ্রুত সম্ভব ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামতের পদক্ষেপ নেওয়া হবে। এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আ ন ম নাজিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন ‘টেকনাফের বন্যা পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়া হবে।’