বেড়িবাঁধ সড়কে ভাঙন, যানবাহন চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় বন্ধ যানবাহন চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন আনোয়ারার উপকূলের বাসিন্দারা। ছবিটি উপজেলার গলাকাটা ঘাট এলাকা থেকে তোলা l প্রথম আলো
বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় বন্ধ যানবাহন চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন আনোয়ারার উপকূলের বাসিন্দারা। ছবিটি উপজেলার গলাকাটা ঘাট এলাকা থেকে তোলা l প্রথম আলো

আনোয়ারা উপকূলে বেড়িবাঁধ ব্যবহৃত হয় সড়ক হিসেবে। আশপাশের বাসিন্দাদের যাতায়াত ও সমুদ্রের মাছ পরিবহনে এই সড়কই অন্যতম মাধ্যম। চলাচল করে অটোরিকশা, ভ্যান ও রিকশা। কিন্তু বেড়িবাঁধে ভাঙন দেখা দেওয়ায় বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল।

 সরেজমিনে দেখা গেছে, জোয়ারের সময় সমুদ্রের ঢেউয়ের আঘাতে ভাঙছে বেড়িবাঁধ। বারো আউলিয়া, মালিয়াপাড়া ও গলাকাটা ঘাট এলাকা বাঁধ ভেঙে সংকুচিত হয়ে গেছে। এসব স্থান পার হতে হচ্ছে হেঁটে। গলাকাটা ঘাট এলাকার দক্ষিণে কোনো গাড়ি চলাচল করছে না।

স্থানীয় লোকজন জানান, পারকি সমুদ্রসৈকত এলাকা থেকে দক্ষিণে বারো আউলিয়া পর্যন্ত সাত কিলোমিটার বেড়িবাঁধ দিয়ে চলাচল করে উপকূলের বাসিন্দারা। অভ্যন্তরীণ ভালো সড়ক না থাকায় এ বাঁধ দিয়ে সামুদ্রিক মাছ পরিবহন ছাড়াও আনোয়ারা সদর এবং চট্টগ্রাম শহরে যাতায়াত করা হয়। ২১ মে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার পর যানবাহন চলাচল কমে যায়। এ বর্ষায় বাঁধ আরও ভেঙে যাওয়ায় এক মাস ধরে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।

এ ব্যাপারে স্থানীয় বারো আউলিয়া এলাকার কলেজছাত্র মাহবুবুর রহমান বলেন, ‘বেড়িবাঁধ আমাদের যাতায়াতের একমাত্র মাধ্যম। এতে যানবাহন চলাচল বন্ধ থাকায় পাঁচ কিলোমিটার এলাকা হাঁটতে হচ্ছে।’

রায়পুরের দোভাষীবাজারের ব্যবসায়ী খাজা আহমদ বলেন, ‘বেড়িবাঁধ দিয়ে আমরা চট্টগ্রাম শহর থেকে দোকানের জন্য মালামাল আনতাম। কিন্তু বাঁধ ভেঙে যাওয়ায় আমরা ভোগান্তিতে পড়েছি।’

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পরে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল) থেকে সাপমারা খাল পর্যন্ত এলাকায় বেড়িবাঁধ নির্মিত হয় বিশ্বব্যাংকের সহায়তায়। পরবর্তী সময়ে ওই বাঁধ হয়ে ওঠে সমুদ্র উপকূলবর্তী মানুষের চলাচলের পথ হিসেবে। রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম বলেন, বাঁধ সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। বাঁধ সংস্কার করা হলে স্থানীয় লোকজনের ভোগান্তি কমবে।

পাউবোর উপসহকারী প্রকৌশলী কাইছার উদ্দিন বলেন, আনোয়ারা উপকূলের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেকে) বড় প্রকল্প অনুমোদন হয়েছে। এখন দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। এরপর বাঁধ সংস্কার হবে।