বেড়িবাঁধজুড়ে ঔষধি আকন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারার উপকূলীয় জুঁইদণ্ডী গ্রামের প্রায় আধা কিলোমিটার বেড়িবাঁধজুড়ে শোভা পাচ্ছে ঔষধি গাছ আকন্দ। একসময় উপজেলার প্রায় সব গ্রামে আকন্দ থাকলেও এখন তেমন দেখা যায় না।জুঁইদণ্ডী গ্রামে গিয়ে দেখা গেছে, শঙ্খ নদের বেড়িবাঁধে সারি সারি আকন্দগাছ। বাঁধে অন্যান্য গাছের চেয়ে আকন্দ গাছেরর পরিমাণই বেশি। বেড়িবাঁধের আশপাশের এলাকার বাসিন্দারা নানা রোগব্যাধির চিকিৎসায় আকন্দের পাতা ও ছাল ব্যবহার করেন। জুুঁইদণ্ডী গ্রামের বাসিন্দা বৃদ্ধ নুরুছ ছফা বলেন, ‘আকন্দ অসুখ-বিসুখে খুব উপকারে আসে। গলাব্যথা হলে এ গাছের পাতা এনে গরম করে গলায় লাগাই, সঙ্গে সঙ্গে ব্যথা কমে যায়।’উদ্ভিদবিদেরা জানান, ঔষধি গাছ আকন্দের পাতা ও কষে বিষ রয়েছে। তবে নানা রোগেরও উপশম করে এই গাছের কষ। গাছটি তিন থেকে চার মিটার উঁচু হয়। পাতা দেখতে অনেকটা বটের পাতার মতো। ডাল ও পাতা ছিঁড়লে সাদা কষ বের হয়। একসময় গ্রামের পথের ধারে, পুকুর ও জলাশয়ের পাড়ে এই গাছ প্রচুর দেখা যেত। ঔষধি এই গুল্মের দুটি জাত আছে। একটি শ্বেত আকন্দ ও অন্যটি লাল আকন্দ। শ্বেত আকন্দের ফুলের রং সাদা ও লাল আকন্দের ফুলের রং বেগুনি।আকন্দ শ্বাসকষ্ট, বায়ুনাশক, গর্ভপাতে সহায়ক, ব্যথানাশক ও ফোলা নিবারক হিসেবে ব্যবহূত হয়। চর্মরোগ ও টাকপড়া বন্ধেও এটি কার্যকর। আকন্দের কষ তুলায় ভিজিয়ে লাগালে দাঁতের ব্যথা দূর হয়। এ ছাড়া এ গাছের রস কৃমিনাশক।আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরাম উদ্দিন জানান, জুঁইদণ্ডীর বেড়িবাঁধে আকন্দগাছগুলো প্রাকৃতিকভাবেই জন্মেছে। এগুলো টিকে থাকলে স্থানীয় বাসিন্দাদের উপকার হবে।