বেড়িবাঁধে ব্লক বসানো নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুরে বঙ্গোপসাগরের ভাঙনের কবলে পড়েছে বেড়িবাঁধ। গত বর্ষায় সাগরের ভাঙনে প্রায় ৫০০ মিটার বেড়িবাঁধ বিলীন হয়ে যায়। এর ফলে বেড়িবাঁধে চলতে থাকা কংক্রিট ব্লক বসানোর কাজ শেষ হবে কি না তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় সূত্রে জানা গেছে, জলবায়ু পরিবর্তন ট্রাস্টের টাকায় বেড়িবাঁধের রায়পুর অংশের ১২৮ মিটার এলাকায় ব্লক বসানোর কাজ শুরু হয় গত বছরের ৩০ মার্চ। প্রকল্পের ব্যয় ধরা হয় এক কোটি ৭০ লাখ টাকা।

গত বছর বর্ষায় ভাঙনে বিলীন হওয়া বেড়িবাঁধের অংশটি ছিল কার্পেটিং করা। সড়কটি দিয়ে যানবাহনও চলাচল করত। এখন সড়কটি বিলীন হওয়ায় ওই স্থানে নতুন করে মাটি ফেলছে ঠিকাদার। ফলে বেড়ে গেছে প্রকল্পের ব্যয়।

স্থানীয় লোকজনের অভিযোগ, গত বছর বর্ষা শুরুর আগে বাঁধে ব্লক ফেলা হলে ভাঙন দেখা দিত না। সংশ্লিষ্ট ঠিকাদার ধীরগতিতে কাজ করায় বাঁধটি ভাঙনের কবলে পড়েছে। মাটি ফেলার পর বাঁধের সব স্থানে ব্লক বসানো হবে কি না তা নিয়ে সংশয় আছে।

পরুয়াপাড়া এলাকার বাসিন্দা আবদুস সালাম ক্ষোভ প্রকাশ করে বলেন, কাজটি ঠিক সময়ে শেষ করা হলে ভাঙনের কবলে পড়ত না। এখন হয়তো মাটি ফেলেই কাজ শেষ করা হবে। এতে আবারও ভাঙন দেখা দেবে। রায়পুরের ওই কাজটি করছে ঠিকাদার প্রতিষ্ঠান এইচ ট্রেডিং করপোরেশন। প্রতিষ্ঠানের কাজের তদারকি করছেন কর্মকর্তা আবদুর রহিম। প্রথম আলোকে তিনি বলেন, ‘আশা করছি আগামী মার্চের দিকে কাজ শেষ হবে। আমরা মাটি ফেলার পাশাপাশি ব্লক বসানোর কাজও করছি।’

এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মুজিবুর রহমান কোনো মন্তব্য করেননি। তবে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরো উপজেলার ভাঙনকবলিত এলাকায় মেরামতকাজের জন্য ২৫০ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে। এগুলো অনুমোদিত হলেই আশা করছি রায়পুরের সমস্যাও কেটে যাবে।